ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে সরকার


কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে সরকার

সরকার কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে যখন বাজেট অধিবেশন চলছে, অর্থমন্ত্রী এই প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, "দেশের লাখ লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কনটেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।" তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করতে স্টার্ট-আপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: কৃষিঋণে খেলাপি ১৯ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকে বাড়ছে

অর্থমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে মওকুফের প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, "মানুষের কাছে মোবাইল সেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।" ফলশ্রুতিতে আগামী অর্থবছরে মোট ১২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারাল আর্জেন্টিনা সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারাল আর্জেন্টিনা সমর্থকরা

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচটি ছিল উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে যান। প্রথমার্ধ থেকেই উভয় দল গোলের সুযোগ তৈরি করে চলছিল। আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে তপু ও জিতু এক একটি করে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে, ব্রাজিল সমর্থক দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম।

ম্যাচকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিল। দুই দলের সমর্থকরা মাঠে উপস্থিত ছিলেন এবং গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, জার্সি এবং সমর্থকদের উচ্ছ্বাসে পুরো মাঠ যেন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বিভিন্ন অস্থায়ী দোকানও বসেছিল, যেখানে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

এই খেলাটির আয়োজন করেন বিএনপি শিবচর উপজেলা শাখার সদস্যসচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হুদা খান সেলিম এবং শিবচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় হোসেন খান। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উভয় দলের সকল খেলোয়াড়দের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মন্তব্য করেছেন যে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল এসেছে অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই। মাঠে গড়ানোর পর স্টার্ক এবং কামিন্সদের অভাব অজি দলের কাছে প্রবলভাবে অনুভূত হচ্ছে। মিরপুরে টাইগারদের বিপক্ষে টানা দুই ম্যাচে বিধ্বস্ত হয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল দলটি। এই সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে টাইগাররা জিতে নিয়েছে ঘরের মাঠে। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৪ উইকেটে হারিয়ে টাইগাররা জয়সূচক ম্যাচটি নিজেদের করে নিয়েছে।

ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানসহ সেরা দশে থাকা প্রায় প্রতিটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। কিন্তু অস্ট্রেলিয়াকে নিয়ে অপেক্ষা ছিল। ২০০৫ সালে প্রথমবার তারা ত্রিদেশীয় সিরিজে অজি দলের বিরুদ্ধে ওয়ানডেতে জয় লাভ করেছিল। এরপর ২০১৭ সালে টেস্টে জয় এবং ২০২১ সালে টি-টোয়েন্টিতে সিরিজ জয় করেছিল বাংলাদেশ।

তবে, মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় পাওয়ার অপেক্ষায় ছিল সবাই। সেই অপেক্ষা এবার শেষ হলো, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে নিজেদের করে নিয়েছে মিরাজ বাহিনী।

১১ জুন, বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে অজিরা ৪২ ওভারে ১৮৭ রান সংগ্রহ করেছে। এরপর অঝোরে বৃষ্টি শুরু হলে ম্যাচের ৯ ওভার কাটা পড়ে। বৃষ্টি আইনের মাধ্যমে ৪১ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ জয় তুলে নিয়েছে বল ও উইকেট হাতে রেখে।

বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারিয়েছে। গুড লেন্থে পড়া বলে স্ট্রেইট ড্রাইভ খেলতে গিয়ে তানজিদ তামিম বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন। এরপর শান্তর সহযোগিতায় ওপেনার সৌম্য সরকার দলের হাল ধরে রেখেছিলেন। দুই ব্যাটার মিলে ৮৬ রানের একটি জুটি গড়েন। কিন্তু সৌম্য ৪২ রানে রিভার্স সুইপ খেলে আউট হয়ে যান।

৮৬ রানে দুই উইকেট হারানোর পর বিপদ আরও বাড়াতে থাকেন শান্ত। ৯৮ রানে পৌঁছানোর সময় তিনি ৪২ রানে আউট হয়ে ফিরে যান। তবে আউট হওয়ার আগে তিনি নতুন মাইলফলক ছুঁয়েছেন। দেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান করেন, যা বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

মিরপুরে লিটনের ওয়ানডে পরিসংখ্যান খারাপ। এক যুগের ক্যারিয়ারে কোনো ফিফটি করতে পারেননি। আজকের ম্যাচেও তার বিধ্বস্ত হওয়ার একই দশা দেখা গেছে। দারুণ খেলা লিটন ক্যামরুন গ্রিনের আচমকা বাউন্সারে বিদায় নেন ২১ রান করে।

ছয়ে নামা মোসাদ্দেক আত্মবিশ্বাসী শুরু করেছিলেন। প্রথম বলেই ডাউন দ্য ট্র্যাক থেকে ব্যাটিং করেছেন। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত খেলা করছিলেন। কিন্তু উচ্চবিলাসী শট খেলে বিদায় নেন মোসাদ্দেক।

বাংলাদেশ ১৪৪ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাকফুটে চলে যায়। তবে মিরাজ ও হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে ৩৬ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করে কোনো রান না করেই লজ্জার রেকর্ড গড়েছে। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তারা তিন উইকেট হারায়। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর নজির গড়ে জশ ইংলিসের দল।

ইনিংসের শুরুতে তাসকিন আহমেদ চাপ তৈরি করেন। তিনি টানা দুই ম্যাচে ম্যাথু শর্টকে আউট করেন। এরপর কুপার কনোলিকে দ্বিতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। একই ওভারে ম্যাট রেনশও আউট হয়ে যান। পরে অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

১৮তম ওভারে জশ ইংলিসকে আউট করেন তানভীর ইসলাম। ৮১ রানে ৬ উইকেট হারানোর পরে সফরকারীরা চাপে পড়ে। এর পর সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে উল্লম্বিত করেন জেভিয়ার বার্টলেট এবং মার্নাস লাবুশেন। কিন্তু ৪১তম ওভারে আবার ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তাসকিনের জোড়া আঘাতের পর তারা ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে।

পরবর্তীতে বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতির মাধ্যমে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয় এবং বাংলাদেশকে ১৯২ রান করতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলে বৈদ্যুতিক ও উচ্চগতির ট্রেন চালুর পরিকল্পনা, ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


রেলে বৈদ্যুতিক ও উচ্চগতির ট্রেন চালুর পরিকল্পনা, ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) এবং উচ্চগতির (হাই-স্পিড) রেল সংযোগ চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রকৃতপক্ষে প্রায় ৮০ কিলোমিটার কমিয়ে আনতে ঢাকা-কুমিল্লা অংশে একটি ‘কর্ডলাইন’ নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রেল খাতের এই আধুনিকায়নের রূপরেখা তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী জীবনের প্রথম এবং দেশের ৫৫তম এই জাতীয় বাজেট পেশ করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য বাড়াতে দেশের সকল সমুদ্র ও স্থলবন্দরের সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণ করা হবে। এর অংশ হিসেবে চট্টগ্রামকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা এবং ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।

রেলওয়ের সক্ষমতা বাড়াতে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং নতুন লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ সংগ্রহের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে সৈয়দপুর ও পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন করে স্থানীয়ভাবে কোচ ও লোকোমোটিভ সংযোজন (অ্যাসেম্বলিং) কার্যক্রমকে সম্প্রসারণ করা হবে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ঘোষিত এই বাজেটের মোট আকার রাখা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকাসহ অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। বাকি ১ লাখ ১৬ হাজার কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে।

নতুন অর্থবছরে মোট জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। সরকার আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামানো লক্ষ্য নির্ধারণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর প্রস্তাব ২৫৬ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর প্রস্তাব ২৫৬ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য মোট ৫ হাজার ৭৮ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২ হাজার ১২৬ কোটি ২৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ৯৫২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত মঞ্জুরি ও বরাদ্দের দাবি সম্পর্কিত সরকারি নথি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ের মোট বরাদ্দের পরিমাণ ছিল ৪ হাজার ৮২২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা। সেই তুলনায় আগামী নতুন অর্থবছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে প্রায় ২৫৬ কোটি টাকা।

বাজেট নথিতে আগামী অর্থবছরে ঢাকার আবাসন সমস্যা সমাধান, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশ রক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গুলশান-বারিধারা এবং গুলশান-বনানী লেকসমূহের সামগ্রিক উন্নয়ন প্রকল্প। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি), তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১২৩টি ফ্ল্যাট নির্মাণ, মালিবাগ এলাকায় রাজউক কোয়ার্টারের পশ্চিম কম্পাউন্ডে কর্মচারীদের জন্য বহুতল কোয়ার্টার নির্মাণ এবং শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল সরকারি অফিস ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।

ঢাকার বাইরেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নকে এই বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণের প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এছাড়াও চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহের সম্প্রসারণ ও উন্নয়ন এবং চট্টগ্রামের ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পিত গ্রামীণ ও নগর উন্নয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের ২৩টি উপজেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং মুন্সীগঞ্জ জেলা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুটি পৃথক সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সাথে শহরের বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ‘নগরাঞ্চলে ভবন সুরক্ষা প্রকল্প (২য় সংশোধিত)’ চালু রাখতে হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দের এই অর্থের মাধ্যমে দেশের আবাসন সমস্যা সমাধান, সরকারি স্থাপনার আধুনিক নকশা প্রণয়ন ও রক্ষণাবেক্ষণ, পরিকল্পিত ভূমির সুষ্ঠু ব্যবহার এবং আবাসন খাতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার প্রক্রিয়া আরও গতিশীল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%