ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিবাহবিচ্ছেদের পর ছেলেদের জন্য আবেগঘন বার্তা দিলেন সেলিনা জেটলি


বিবাহবিচ্ছেদের পর ছেলেদের জন্য আবেগঘন বার্তা দিলেন সেলিনা জেটলি

সাবেক সৌন্দর্যের রানি, ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব অর্জনকারী এবং বলিউডের মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের মধ্যে রয়েছেন এবং সন্তানদের থেকে দূরে অবস্থান করছেন। ১৫ বছরের দাম্পত্য জীবনের পর তার স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এর ফলে সন্তানরা হয়ে পড়েছে এক অদৃশ্য সাগরের মাঝখানে।

মুম্বাইয়ের আদালতে সেলিনা জেটলি স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনে মামলা দায়ের করেছেন। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। অভিনেত্রীর অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি।

সম্প্রতি, সামাজিক মাধ্যমে সেলিনা জেটলি তার তিন পুত্র উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। ওই লেখায়, তিনি নতুন ক্লাসের প্রথম দিনে ছেলেদের পাশে থাকতে না পারার বিষাদ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

অভিনেত্রী সেলিনা জেটলির দাম্পত্য জীবনে এখনো টানাপোড়েন অব্যাহত রয়েছে। তিনি স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং এর মধ্যে সন্তানদের থেকেও দূরে রয়েছেন। ছেলেদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, “এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে ‘স্কুলে যাচ্ছি মা’ শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।”

ছেলেদের শুভেচ্ছা জানিয়ে সেলিনা বলেন, “আমার প্রিয় উইনস্টন, বিরাজ ও আর্থার, স্কুলের প্রথম দিনের জন্য অনেক শুভেচ্ছা। মা এখনো মনে রেখেছে তোমাদের স্কুলের নানা কাজ। আমরা একসঙ্গে বইগুলোতে মলাট লাগাতাম, আরও কত কী।”

তিনি আরও বলেন, “অস্ট্রিয়ায় স্কুল খোলার এক সপ্তাহ আগে কীভাবে ভালোবেসে তোমাদের জন্য পাউরুটি আর নানা পদ বানিয়েছিলাম, সেটিও মনে আছে। কত সাধারণ ছিল সেই মুহূর্তগুলো। অথচ সেই মুহূর্তগুলোই কত দারুণ আনন্দে ভরা ছিল।”

সন্তানদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দূর থেকে দেখতে হচ্ছে বলেও আক্ষেপ প্রকাশ করেছেন সেলিনা জেটলি। তিনি বলেন, “এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোও থাকতে পারব না। আমার মন ভেঙে গেছে। বড়দের মধ্যে যা-ই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা– দুজনেরই ভালোবাসা পাও।”

আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’

সেলিনা জেটলি বলেন, “তোমাদের কখনো মা বা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দুজনকেই ভালোবাসতে পারো। মা সবসময় সেটাকে সমর্থন করবে। আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসার জন্য তোমাদের কখনো অপরাধবোধে ভুগতে হবে না। আমাকে সবসময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। কোনো দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


১৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে কয়েক দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সবশেষ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে হবে ইনক্রিমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


নবম পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে হবে ইনক্রিমেন্ট

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। নতুন কাঠামোর অধীনে গ্রেড অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টের হার ভিন্নভাবে নির্ধারণ করা হবে। নিম্ন ও মধ্যম গ্রেডের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকলেও উচ্চতর গ্রেডের ক্ষেত্রে তা কমে ২ দশমিক ৭৫ শতাংশে নেমে আসবে। একই সঙ্গে বাড়ি ভাড়া ভাতার হার কমানো, চিকিৎসা ও মোবাইল ভাতা বাড়ানোর মতো বেশ কিছু ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনা হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা গেছে, গ্রেড-২০ থেকে ৬ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন। গ্রেড-৫-এ এই হার ৪ শতাংশ হবে। গ্রেড-৪ ও ৩-এর জন্য ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এর ক্ষেত্রে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ উচ্চ বেতনভোগী কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বেশি হলেও প্রতিবছর বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম থাকবে। সশস্ত্র বাহিনীতেও একই নীতি অনুসরণ করা হচ্ছে। ক্যাপ্টেন ও সমতুল্য পদে ইনক্রিমেন্ট ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে।

এদিকে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। এ প্রণোদনা প্রথমে ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল।

প্রসঙ্গত, ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদন করা হয়েছে। এর আগে ওই সভার কার্যবিবরণী তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় বেতন-ভাতা আরও যৌক্তিক করা। তবে আর্থিক সক্ষমতা বিবেচনায় এটি একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেলের সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর মধ্যে একটি বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে বর্তমানে ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা হবে ৩০ থেকে ৫০ শতাংশ। আর সিটি করপোরেশন ও সাভারের বাইরে বর্তমানে ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে। তবে মূল বেতনের তুলনায় বাড়ি ভাড়া শতাংশ হারে কমলেও গ্রেডভেদে মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ায় ভাতার টাকার অঙ্কও বাড়বে। অর্থাৎ নতুন কাঠামোয় ভাতার হার কমিয়ে মূল বেতন বৃদ্ধির সঙ্গে মোট আর্থিক সুবিধার ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে পদোন্নতি না হলেও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোয় এ সময় কমিয়ে ৮ বছর করা হচ্ছে। তবে দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে ছয় বছর একই গ্রেডে চাকরির শর্ত থাকছে। পদোন্নতিযোগ্য পদে কর্মরতরা পদোন্নতি না পেলে চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এ সুবিধা পাবেন। অন্যদিকে যেসব পদে পদোন্নতির সুযোগ নেই এবং ‘ব্লকড পদ’ হিসাবে ঘোষিত, সেসব পদে কর্মরতরা চাকরিজীবনে তিনবার উচ্চতর গ্রেড সুবিধা পাবেন। প্রথমবার আট বছর, দ্বিতীয়বার আরও ছয় বছর এবং তৃতীয়বার পরবর্তী আট বছর চাকরির পর এ সুবিধা পাওয়ার বিধান রাখা হচ্ছে।

চিকিৎসা ভাতায়ও বড় পরিবর্তন আসছে। বর্তমানে সব কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় ৫০ বছর পর্যন্ত বয়সি চাকরিজীবীরা পাবেন ৩ হাজার টাকা। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত বয়সিদের জন্য তা হবে ৪ হাজার টাকা। পেনশনভোগীদের ক্ষেত্রেও চিকিৎসা ভাতা বাড়ছে। ৬০ থেকে ৭০ বছর বয়সিরা মাসে ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সিরা ৬ হাজার টাকা পাবেন। প্রথমবার সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও করা হচ্ছে। বর্তমানে শুধু প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা মোবাইল বিল পান। নতুন কাঠামোয় প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এছাড়া জীবনযাত্রার ব্যয় ও পরিবহণ খরচ বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি ছোট ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি করা হচ্ছে। যাতায়াত ভাতা ৩০০ থেকে বেড়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করা হচ্ছে। তবে বাংলা নববর্ষ ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশই থাকছে; তবে এসব ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হচ্ছে। নতুন কাঠামোয় ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ বিদ্যমান হারের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতার কাঠামোও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, কুক অ্যান্ড সিকিউরিটি অ্যালাউন্স, উৎসব ভাতা এবং শ্রান্তি-বিনোদন ভাতার বিদ্যমান হার বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোও পুনর্নির্ধারণ করা হচ্ছে। নন-কমব্যাট্যান্ট (এনরোল্ড) বা এনসি (ই) ও সমতুল্য পদে প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার টাকা এবং মেজর জেনারেল ও সমপদে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদকে গ্রেড-২ এবং কর্নেল ও সমপদকে গ্রেড-৩-এর সঙ্গে সামঞ্জস্য করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিমানবাহিনীর ফ্লাইং পে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। কমান্ড, স্টাফ, টিচিং, কোয়ালিফিকেশন, ডিস্টার্বেন্স ও বিশেষজ্ঞ বেতন ১০ শতাংশ করে এবং দক্ষতা, নিযুক্তি, প্যারাসুট, কমান্ডো/স্নাইপার, স্কুবা ডাইভিং ও সদাচরণ বেতন ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জরিপ ভাতা বাড়তে পারে ৩০ শতাংশ।

অপরদিকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিদ্যমান ৮১ ধরনের ভাতা পর্যালোচনা করেছে সচিব কমিটি। এর মধ্যে অফিসার ও সদস্যদের জন্য প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা, শিক্ষকতা ভাতাসহ-বেশিরভাগ ভাতা বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বাড়তে পারে। জরিপ ভাতার পরিমাণ বাড়তে পারে ৩০ শতাংশ। তবে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাড়া, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, পাহাড়ি ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, চিকিৎসা ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা নতুন জাতীয় বেতন স্কেলের অনুরূপ হবে। সরকারের হিসাবে নতুন কাঠামোয় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এছাড়া নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসপি কার্যালয়ে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


এসপি কার্যালয়ে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে এক অতিরিক্ত পুলিশ সুপারের হাতের আঙুল ভেঙে যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় জুয়াড়িরা উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। আসর থেকে নগদ টাকা, তাস এবং একাধিক স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত পুলিশ সদস্যরা হলেন—পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।" চার আসামিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক দুজনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনপন্থিদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, দাবি এফবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


ইউক্রেনপন্থিদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, দাবি এফবিআইয়ের

ইউক্রেনের সমর্থক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের হত্যা এবং হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের অর্থের বিনিময়ে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ওপর নজরদারির কাজে নিয়োগ করার চেষ্টা করেছে। অভিযোগ অনুযায়ী, নজরদারির পর এসব ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও ছিল।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের মিত্র হিসেবে বিবেচিত কয়েকটি ইউরোপীয় দেশে বেসামরিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে নাশকতামূলক হামলা চালানোর উদ্দেশ্যে লোক নিয়োগের চেষ্টাও করা হয়েছিল।

নিউইয়র্কে এফবিআইয়ের প্রধান জেমস বার্নাকল জুনিয়র বলেন, দীর্ঘ তদন্ত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসব পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তার দাবি, রুশ গোয়েন্দা সংস্থা এবং তাদের সহযোগীরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়ভীতি সৃষ্টি, হুমকি প্রদান এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।

ওয়াশিংটন ডিসির এফবিআই কার্যালয়ের প্রধান ড্যারেন কক্স জানান, বিভিন্ন এফবিআই ইউনিট ও অংশীদার সংস্থার সহযোগিতায় রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা প্রতিরোধ করা হয়েছে।

এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হুমকির বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তদন্তকারীরা দ্রুত পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে কাজ শুরু করেন।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এই নেটওয়ার্ক ২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে হামলা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত। কিছু ক্ষেত্রে এসব পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও তাদের তৎপরতা পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগপত্রে নেটওয়ার্কটিকে এমন একটি কাঠামোর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাশিয়ার হয়ে বিদেশে হত্যা ও অন্যান্য গোপন অভিযান পরিচালনার চেষ্টা করে।

এফবিআই বলেছে, অতীতে এই নেটওয়ার্কের প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার ভিন্নমতাবলম্বী ও দেশত্যাগী ব্যক্তিরা। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের মিত্র দেশগুলোর নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দিকেও তাদের নজর দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন ব্যক্তিকে এক বিশিষ্ট রুশ ভিন্নমতাবলম্বীর ওপর নজরদারির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তাকে লক্ষ্যবস্তুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

কাজটির জন্য প্রথমে এক হাজার ডলার এবং পরে আরও দেড় হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই ব্যক্তি নজরদারির পর লক্ষ্যবস্তুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও অভিযুক্তদের একজনের কাছে পাঠান।   

পরবর্তীতে লক্ষ্যবস্তুকে হত্যা বা ‘নিখোঁজ’ করার বিনিময়ে তাকে ৪০ হাজার ডলার প্রস্তাব করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিযোগপত্রে বলা হয়, ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নেটওয়ার্কটির সদস্যরা যুক্তরাষ্ট্রের ভেতরে আরও কয়েকজনকে একই ধরনের কাজে নিয়োগের চেষ্টা করে এবং বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেয়।

তবে মার্কিন কর্তৃপক্ষের উত্থাপিত এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%