১২:২৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঘাইকান্দি গ্রামে জয় নামে এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় কয়েকজন গ্রামবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও গ্রামবাসীদের অভিযোগ, বাঘাইকান্দি গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে জয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় মাদকবিরোধী বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তার কারণে মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করে বলেন, এলাকায় মাদক নির্মূলে সাম্প্রতিক সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাদক ব্যবসা অনেকটাই কমে এলেও জয় কথিতভাবে ফের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করলে তিনি মারধরের জন্য তেড়ে আসেন বলেও অভিযোগ করেন তারা। এতে অনেকেই ভয়ে মুখ খুলতে চান না।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাহতাব মিয়া বলেন, “জয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আমার ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “জয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে এসেছে। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব রহমান বলেন, “মাদক ব্যবসায়ীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের পেছনে যারই শেল্টার থাকুক না কেন, অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা বাঘাইকান্দি এলাকায় মাদক ব্যবসা বন্ধে অভিযোগগুলো তদন্ত করে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন