০১:১৪ পি.এম
বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার এ কে স্কুলসংলগ্ন ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনে ঘটে।
মৃত শ্রমিকরা হলেন: আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের জাহিদুল ইসলাম এবং চাওড়া ইউনিয়নের আবু জাফর।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সকালে স্থানীয় ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে প্রথমে ট্যাংকের ভিতরে প্রবেশ করেন জাহিদুল। এরপর তিনি ট্যাংকের ভিতরে অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে নামেন আবু জাফর। তারপর তিনিও ট্যাংকের ভিতরে অচেতন হয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
এ প্রসঙ্গে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানিয়েছেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এরপর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, ট্যাংকের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও হাসপাতালে পুলিশ উপস্থিত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ দুটি ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন