০১:৪৮ পি.এম
সৌদি আরবের বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগের মাঝেই ঢাকায় সফর করতে এসেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ বিন আব্দুল করিম আল-খুরাইজি। সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেছেন।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও সৌদি আরবের জ্বালানি রফতানির প্রধান রুট নিরাপদ রাখতে, বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। বাংলাদেশের সরকারও সেই উদ্যোগে নীতিগতভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এরই পরিপ্রেক্ষিতে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজি ঢাকায় দুই দিনের সফরে এসেছেন।
আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে রেমিট্যান্সের একটি প্রধান উৎস।
সৌদি আরবের সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, নতুন খাতে জনশক্তি রফতানি, প্রবাসীদের অধিকার ও কল্যাণ এবং শ্রম অভিবাসনকে আরও সহজ করার বিষয়গুলি নির্দিষ্ট আলোচনা করেছে। একই সাথে ঢাকা সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে, সোমবার রাতে ঢাকায় পৌঁছালে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। এই সফরটি বাংলাদেশ-সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার নতুন ভিত্তি তৈরি করতে পারে।
আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন