ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ


রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ
রাজশাহীকে পরিবেশবান্ধব গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সঠিক মাস্টার প্ল্যান, পরিকল্পিত আবাসন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। একই সঙ্গে ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলা এবং নগর উন্নয়নে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে রাস্তা থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং অগ্নি ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নেওয়া জরুরি। পরিকল্পিত নগরায়ণের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান, সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করতে হবে। অনুমোদনহীন নকশায় ভবন নির্মাণ বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা নির্মাণ নগরীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
গ্রিন এনার্জির প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইউসুফ আলী বলেন, বাসাবাড়ি ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল চালু হয়েছে। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য ভবনেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
আরডিএকে কঠোর তদারকি ও কাজের দক্ষতা বাড়িয়ে নিয়মমাফিক পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে রাজশাহীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় মুখ্য আলোচক ছিলেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল। আলোচক ছিলেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী। আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, আরডিএর প্রধান নির্বাহী মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।#
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়।

এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা অভিযানের উদ্বোধন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অভিযানে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার এবং পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন বা ওষুধের ওপর নির্ভর করলে হবে না; নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাসাবাড়ি, অফিস ও নির্মাণাধীন ভবনের আশপাশে পানি জমতে না দিলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেড়ামারায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


ভেড়ামারায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে মহামান্য হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, প্রশাসন কেবল একটি লাল রঙের সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে। মাঠ পর্যায়ে কঠোর তদারকি বা নিয়মিত অভিযান না থাকায় প্রভাবশালী চক্র প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেড়ামারার সংশ্লিষ্ট এলাকায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের একটি রিট পিটিশনের (নং ৭০৩০/২০২০) আদেশের বরাত দিয়ে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পদ্মা নদী থেকে বালু উত্তোলন ও অবৈধ পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই সাইনবোর্ডটি কেবল শোভাবর্ধনকারী বস্তুতে পরিণত হয়েছে। আদালতের নির্দেশকে উপেক্ষা করে প্রতিদিন শত শত ট্রলি ও ড্রাম ট্রাকে করে অবৈধভাবে বালু পরিবহন করছে প্রভাবশালী বালু দস্যুরা।

অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকা মারাত্মক ভাঙনের মুখে পড়েছে এবং ভারী যানবাহনের চাপে গ্রামীণ রাস্তাঘাটও ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা আকমল হোসেন বলেন, "প্রশাসন কেবল নদীর পাড়ে একটি লাল সাইনবোর্ড টাঙিয়েই নিজেদের দায়িত্ব শেষ মনে করছে। দিনে-দুপুরে চোখের সামনে দিয়ে শত শত ট্রাক ও ট্রলিতে বালু নিয়ে গেলেও দেখার কেউ নেই। এটি প্রশাসনের লোক দেখানো কাজ ছাড়া আর কিছুই নয়।"

কৃষক নুরুল ইসলাম জানান, অপরিকল্পিতভাবে বালু কাটার কারণে ফসলি জমি ও ঘরবাড়ি তীব্র নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভারী গাড়ির চলাচলে এলাকার কাঁচা-পাকা সব রাস্তা ভেঙে ধুলোয় মিশে যাচ্ছে। বারবার অভিযোগ করেও তারা কোনো প্রশাসনিক অভিযান দেখতে পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারী রহিম শেখ বলেন, "সাইনবোর্ডে আইন অমান্য করাকে দণ্ডনীয় অপরাধ বলা হলেও বাস্তবে মনে হচ্ছে আইন কেবল সাধারণ মানুষের জন্য, বালু খেকোদের জন্য নয়। প্রশাসনের সদিচ্ছা থাকলে এই অবৈধ কারবার একদিনও চলতে পারত না।" তিনি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি খালি করলেও নিরাপত্তা নিয়ে আস্থা আছে যুক্তরাষ্ট্রের: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি খালি করলেও নিরাপত্তা নিয়ে আস্থা আছে যুক্তরাষ্ট্রের: মার্কো রুবিও

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটির নিকটবর্তী সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করার পর, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক ঘাঁটির নিরাপত্তা সম্পর্কে পূর্ণ আস্থা প্রকাশ করেছে। সোমবার মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জানান যে, ওয়াশিংটন বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থার ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

সম্প্রতি যুক্তরাজ্যের ওই বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান (B-1 bombers) সরানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পেন্টাগন। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রয়োজন অনুযায়ী তাদের সামরিক সম্পদকে প্রতিনিয়ত পুনর্বিন্যাস করে থাকে, যখন এ বিষয়ে জানতে চাওয়া হয়।

তবে, যুক্তরাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক এই ঘটনার সঙ্গে বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্রেপ্তারের ঘটনার তদন্তে ব্রিটিশ কর্তৃপক্ষ অত্যন্ত কার্যকর ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযুক্তদের এই হামলার চেষ্টার পেছনে ইরানের হুমকির সংযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি সালাহউদ্দীন সুমন নামেও পরিচিত।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।

সালাহউদ্দীন সুমন, অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিক সহ বিশ্বের বিভিন্ন দুর্গম গন্তব্যে ভিডিও ধারণের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, অপরিচিত ভূপ্রকৃতি এবং গ্রামবাংলার জীবন-জীবিকা তুলে ধরে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সালাহউদ্দীন সুমন বলেন, "দেশের পর্যটন খাতের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন একটি সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়া একজন ক্রিয়েটরের জন্য অবশ্যই আনন্দের ও গর্বের। একটি রাষ্ট্রীয় পর্যায় থেকে এই স্বীকৃতি সত্যিই আমার খুব ভালো লেগেছে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬’ আয়োজনের মূল লক্ষ্য হলো এই খাতের উদ্যোক্তা, উদ্ভাবক ও কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করা। টেকসই পর্যটন বিকাশ, গুণগত সেবার মানোন্নয়ন এবং ডিজিটাল প্রচারণায় তরুণদের সম্পৃক্ততা দেশীয় পর্যটনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য দেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা নাসের আল নোয়াইস এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ হামিদ।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো সামীমুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের প্রধানসহ ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তার।

বর্ষসেরা ট্যুরিজম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দীন সুমন ছাড়াও ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ হিসেবে নির্বাচিত হয়েছে ‘শাকাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট’, বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং পর্যটনবিষয়ক সাংবাদিকতায় পুরস্কৃত হয়েছেন নাঈম উল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%