ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লার এসপিসহ পুলিশ কর্মকর্তাদের হাইকোর্টে তলবের উদ্যোগ মানবাধিকারকর্মীদের!


কুমিল্লার এসপিসহ পুলিশ কর্মকর্তাদের হাইকোর্টে তলবের উদ্যোগ মানবাধিকারকর্মীদের!

কুমিল্লায় সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ১৫ হাজার টাকার চাঁদাবাজির মামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পুলিশ প্রশাসনের ভূমিকা। অভিযোগের প্রায় দেড় মাস পার হলেও দৃশ্যমান তদন্তের অগ্রগতি না থাকায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন ঢাকার একাধিক মানবাধিকার সংস্থার কর্মীরা।

জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার আলাউদ্দিনের অভিযোগ, কোতোয়ালি থানার বর্তমান ওসি তদন্ত আলমগীর হোসেনের বিরুদ্ধে ৫০ হাজার টাকার বিনিময়ে এক ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ফাঁসাতে মিথ্যাবাদী বানিয়ে পরিকল্পিতভাবে ১৫ হাজার টাকার চাঁদাবাজির মামলা করা হয়।

এ ঘটনায় মামলার রেকর্ডিং কর্মকর্তা আলমগীর হোসেন, তদন্ত কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন ও বাদী রাফির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। একই সঙ্গে কল রেকর্ড, মোবাইল লোকেশন ও ডিজিটাল তথ্য যাচাইয়ের দাবি জানান।

আরও পড়ুন: শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ

আলাউদ্দিনের দাবি, অভিযোগের ১৫ দিন পর ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তদন্ত চলমান বলে জানান। কিন্তু প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি বা কোনো ব্যবস্থা সম্পর্কে তাঁকে জানানো হয়নি।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলোর কর্মীরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হাইকোর্টে তলবের উদ্যোগ নেওয়া হবে বলে , তা নিয়ে আলোচনা চলছে।

নিজের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণীত, এবং পরিকল্পিত মামলার প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিক আলাউদ্দিন। এতে প্রায় ২০০ সাংবাদিক অংশ নেন। নাগরিক টিভি, মোহনা টিভি, গ্লোবাল টিভি, চ্যানেল এস, আনন্দ টিভি, এশিয়ান টিভি, কালবেলা, বাংলাদেশ টাইমসসহ বাংলাদেশের আলোচিত তালাশ বিডি, জাতীয় দৈনিক বিভিন্ন গণমাধ্যম এবং প্রায় ঢাকার আলোচিত ২৫টি ফেসবুকে সরাসরি কর্মসূচির সংবাদ প্রচারিত হয়েছে।

আলাউদ্দিন বলেন, “আমি দেড় মাস আগে লিখিত অভিযোগ দিয়েছি। এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রয়োজনে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার মাধ্যমে বিষয়টি আরও উচ্চপর্যায়ে তুলে ধরব। আমি চাই আমার বিরুদ্ধে যে পরিকল্পিত এবং মিথ্যা মামলাটি রেকর্ড করেছে, ওসি তদন্ত আলমগীর রেকর্ডের এবং এর পিছনে যারা যারা রয়েছেন সবার দৃষ্টান্তমূলক শাস্তি।

আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি আটক

অভিযোগের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের অনেকদিন ধরে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এখন আলোচনার কেন্দ্রে তিনটি প্রশ্ন—একজন সাংবাদিকের অভিযোগের তদন্ত দেড় মাসেও এগোল না কেন? সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা যাচাইয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আর শেষ পর্যন্ত কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে মানবাধিকার সংস্থাগুলো কি হাইকোর্টের দ্বারস্থ হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবসের উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান জোরদার হয়। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে যেতে পারে: পিস বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে যেতে পারে: পিস বোর্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নিযুক্ত গাজা শান্তি পরিষদের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে জানিয়েছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরাইল যদি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তাহলে গাজার দায়িত্ব পুনরায় জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। এই তথ্যটি ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট প্রকাশ করেছে।

ট্রাম্প প্রশাসনের নিয়োগপ্রাপ্ত এবং হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন কাউন্সিলের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম ওয়াইনেটকে বলেন, “আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসরাইলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না চায়, তাহলে শুধু আমাদের তা জানিয়ে দিক। আমরা গাজার চাবি জাতিসংঘের হাতে ফিরিয়ে দেব।”

ওয়াইনেট জানায়, গত সপ্তাহে ইসরাইল সফরকারী কাউন্সিলের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা তাদের কাছে এসেছে। উপস্থাপনার শেষ স্লাইডে ‘গাজার বিকল্প ভবিষ্যৎ’ শিরোনামে পরিকল্পনাটি পরিত্যক্ত হলে সম্ভাব্য কয়েকটি পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এসব বিকল্পের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও কংগ্রেসের পক্ষ থেকে গাজা পুনর্গঠনে ভিন্ন পরিকল্পনা গ্রহণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব গ্রহণ (সম্ভবত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর মাধ্যমে), ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে দায়িত্ব হস্তান্তর কিংবা হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

এছাড়া সর্বশেষ বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে গাজার জনগণের প্রশাসনিক ও মানবিক ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব ইসরাইলের ওপর বর্তানো।

উপস্থাপনার আরেকটি স্লাইডে উল্লেখ করা হয়েছে, হামাস গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি গ্রহণ করেছিল। সে সময় সংগঠনটি অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনক্ষমতা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। প্রস্তাবিত এই কারিগরি প্রশাসনিক কমিটি গাজার দায়িত্ব গ্রহণের কথা।

গ্রুয়েনবাম অভিযোগ করে বলেন, “আমরা বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছি। এর কারণ, নেতানিয়াহু সরকারের অভ্যন্তরের কিছু রাজনৈতিক পক্ষ আমাদের অগ্রসর হতে বাধা দিচ্ছে। ফলে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা যাচাই করার সুযোগও আমরা পাচ্ছি না।”

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং কর্মক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতি শিল্পাঞ্চলজুড়ে নতুন উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

শনিবার (২১ নভেম্বর) আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ করে ছুটির সিদ্ধান্তের কারণে কর্মস্থলে আসা শ্রমিকরা বিপাকে পড়েছেন। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ ব্যাপারে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়ার সময় পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সীমান্তে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ঝিনাইদহ সীমান্তে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশু সহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ৫টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি নিয়মিতভাবে টহল পরিচালনা করে।

অভিযানের সময় আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী এবং দুই শিশু রয়েছে। আটককৃত পুরুষদের মধ্যে একজন হলেন যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) এবং অন্যজন হলেন সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%