১২:২৩ পি.এম
আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং কর্মক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতি শিল্পাঞ্চলজুড়ে নতুন উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
শনিবার (২১ নভেম্বর) আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ করে ছুটির সিদ্ধান্তের কারণে কর্মস্থলে আসা শ্রমিকরা বিপাকে পড়েছেন। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।
শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল
এদিকে, বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ ব্যাপারে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়ার সময় পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন