ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন


আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আর্জেন্টিনা সরকার শুক্রবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি বিশাল প্রকল্পের জন্য বিভিন্ন প্রণোদনার ঘোষণা করেছে, যা বিনিয়োগ আকৃষ্ট করবে। প্রকল্পটিতে ২০৫০ সাল পর্যন্ত মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রকল্পটি বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে কাজ করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হিসেবে চিহ্নিত হচ্ছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?

প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে, যেখানে দেশের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে।

প্রতিবছর এখান থেকে ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সালের মধ্যে মোট বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে।

এই প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’ (আরআইজিআই) এর আওতায় বাস্তবায়িত হবে, যা ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের দ্বারা চালু করা হয়।

আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে

কর্মসূচির লক্ষ্য হচ্ছে কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি ও বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।

অর্থমন্ত্রী কাপুতো আরও জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।

এই পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।

আরও পড়ুন: রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে ক্যানসার হয়েছে তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে ক্যানসার হয়েছে তার

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেই জানিয়েছেন যে, তার ক্যানসার বর্তমানে চতুর্থ স্টেজে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশগ্রহণ করে তিনি তার শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। বর্তমানে তিনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

রাঙ্গামাটি, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, বলেছেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

তিনি উল্লেখ করেন, কর্মহীনতা দূর করার জন্য পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা প্রদান করছে। ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

মীর হেলাল বলেন, বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা একটি চ্যালেঞ্জ। তবে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে তারা নিজেদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে।

বৈশ্বিক বাজারের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে পেরেছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে।

বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হবেন।

স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহের গুরুত্ব ব্যাখ্যা করে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যদি স্থানীয় বাজারে পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তবে তা একপর্যায়ে বিনিয়োগের মতো কাজ করে। এই অর্থের একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক চক্র যত বেশি গড়ে উঠবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।

তিনি বলেন, এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।

এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোভান-ফারিণের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে জুটি বাঁধার খবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


জোভান-ফারিণের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে জুটি বাঁধার খবর

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ। একসময় একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তাঁরা। তবে ব্যক্তিগত মনোমালিন্য ও বিতর্কের কারণে দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই দুই অভিনয়শিল্পীকে। অবশেষে প্রায় তিন বছর পর আবারও তাঁরা পর্দায় ফিরছেন।

‘প্রাণ সখিয়া’ নামের একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী নতুন ইংরেজি বছরের শুরুতে সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

জোভান ও ফারিণের একসঙ্গে ফেরার খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে তাঁদের অতীতের দূরত্বের কারণে। ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটকের শুটিংয়ের সময় তাঁদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে। সে সময় ফারিণের বিরুদ্ধে শুটিংয়ের সময়সূচি ও পেশাদারিত্ব নিয়ে অভিযোগ তোলেন জোভান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। পরে নির্মাতার উদ্যোগে সেই বিরোধের সমাধান হলেও তাঁদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিণ জানান, নাটকের মাধ্যমেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। দীর্ঘদিন পর ছোট পর্দার জন্য কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাজের প্রতি আস্থা ও স্বাচ্ছন্দ্য থেকেই নাটকটিতে যুক্ত হয়েছেন তিনি। জোভানের সঙ্গে আবারও অভিনয়ের অভিজ্ঞতাকেও দারুণ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টুইন ট্রাবল’, ‘জানেমান তুই আমার’, ‘নতুন ঠিকানা’ ও ‘চাওয়া পাওয়ার ওপারে’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জোভান ও ফারিণ। তাঁদের নতুন এই জুটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য নবী মুহাম্মদ (সা.)-এর দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য নবী মুহাম্মদ (সা.)-এর দোয়া

মানুষের চোখে সব ধরনের পাপ ধরা পড়ে না। কিছু পাপ প্রকাশ্যে ঘটে, আবার কিছু পাপ লোকচক্ষুর আড়ালে, অন্তরের অন্ধকারে লুকিয়ে থাকে। তবে মহান আল্লাহর দৃষ্টিতে প্রকাশ্য এবং গোপন কোনো পাপই অগোচর নয়।

এ কারণে একজন মুমিনের দায়িত্ব হলো, নিজের অজান্তে বা জেনে-শুনে সংঘটিত সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, নিষ্পাপ নবী মুহাম্মদ (সা.)-ও রাতের নির্জনে সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের প্রকাশ্য ও গোপন বিষয়গুলোর জন্য ক্ষমা চাইতেন। তাঁর বিনয়মিশ্রিত একটি সংক্ষিপ্ত দোয়া হলো,

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি যানবি কুল্লাহু, দিক্কাতাও ওয়া জিল্লাহ, আওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।

অর্থ : ‘হে আল্লাহ! আমার সব পাপ ক্ষমা করুন—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন।’ (নাসায়ি, হাদিস : ১১২৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%