১২:২৬ পি.এম
ভারতের রাজস্থানের জয়পুরে সাত বছর বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে, যা বাড়িতে তৈরি নুডলস খাওয়ার পর ঘটে। এই ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এনডিটিভি সূত্রে জানা যায়, এই ঘটনা ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ঘটে। ওই দিন পিহু কুমাবত ও দিব্যাংশী নামের দুই বোন বাড়িতে একা ছিল। তারা নিজেদের জন্য নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ বোধ করে ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহু অচেতন অবস্থায় ছিল। পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন
অন্যদিকে, চিকিৎসা নেওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে দিব্যাংশী হাসপাতালে থেকে বাড়ি ফিরেছে।
এই ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন