১২:২৭ পি.এম
দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ এর মাধ্যমে। বর্তমানে তার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ, জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছে। ৪৫ জনের এই তালিকায় তিনি পঞ্চম স্থানে অবস্থান করছেন।
নতুন ছবিতে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে, কে তার বিপরীতে অভিনয় করবেন। এই আলোচনায় ভোগের তালিকা নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: জোভান-ফারিণের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে জুটি বাঁধার খবর
রোববার প্রকাশিত তালিকায় জং হো-ইয়নের অভিনয়ের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তার অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তার উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
ভোগের মতে, যদি নতুন জেমস বন্ড ছবির গল্প এশিয়ায় বিস্তৃত হয়, তাহলে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন একটি চমৎকার পছন্দ।
তবে, এটি ভোগের নিজস্ব সম্ভাব্য তালিকা। জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস এখনো কোনো ঘোষণা দেয়নি।
২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান জং হো-ইয়ন। সিরিজটিতে তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করেন। এরপর যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজে তাকে দেখা গেছে।
আরও পড়ুন: চেহারা নিয়ে কটূক্তিতে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
এ বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক ঘটান। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও মার্গারেট কোয়ালি, জেনডায়া এবং ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা অন্তর্ভুক্ত আছেন। এর আগে জেমস বন্ড সিরিজে এশীয় অভিনেত্রীদের দেখা গেছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। তবে, এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে অভিনয় করেননি। যদি জং হো-ইয়ন সেই সুযোগ পান, তাহলে তিনিই হবেন প্রথম।
জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট।
কে এই জং হো-ইয়ন
আরও পড়ুন: ঢাকার মঞ্চে ২৭ নভেম্বর গাইবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া
১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন জং হো-ইয়ন। অভিনয়ে আসার আগে তিনি মডেল হিসেবে পরিচিতি লাভ করেন। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজের সুযোগ পান।
লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন জং হো-ইয়ন। ২০২১ সালে ‘স্কুইড গেম’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। এই সিরিজে অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এরপর হলিউডেও কাজের সুযোগ তৈরি হয় তার।
কোরিয়া টাইমস অবলম্বনে
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন