১২:২৪ পি.এম
সিরিয়ার দীর্ঘকালীন সংঘাতের প্রেক্ষাপটে, ক্ষমতাচ্যুত আসাদ সরকারের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংস্থার হাতে শিশুদের জন্য ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালকে লক্ষ্য করে হামলার ফলে হাজার হাজার শিশুর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বিশেষজ্ঞরা মন্তব্য করেন যে, সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত পরিকল্পিত নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা এবং আইনি পরিচয় পাওয়ার অধিকার আন্তর্জাতিক সনদের আওতায় নিশ্চিত করার গুরুত্বের কথাও উল্লেখ করেন তারা।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি জানান, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের শিকার বেসামরিক জনগণের মধ্যে শিশুরা অন্যতম।
আরও পড়ুন: আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন
তিনি জানান, তাদের সংস্থার নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে। এছাড়া, বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তার মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।
শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। বর্তমানে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। এই কারণে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন।
সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে অন্তত ৫৬৬টি।
আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে
আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এর ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।
মানবাধিকার সংস্থার তৈরি তথ্যভান্ডার এসব অপরাধের প্রমাণ সংরক্ষণ, দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু
বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে উদ্ধার করা নিরাপত্তা বাহিনী, সামরিক, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসনের নথিপত্র নিখোঁজ শিশুদের সন্ধান এবং তাদের আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।
এসব নথি সংরক্ষণ, বন্দিশিবিরের রেকর্ড উন্মুক্ত করা এবং সিরিয়ার বিচার বিভাগ, জাতিসংঘের আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আবদুল গনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এমন পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন, যেখানে শারীরিক ও মানসিক চিকিৎসা, হারানো নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।
তথ্যসূত্র: আরব নিউজ
আরও পড়ুন: গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে যেতে পারে: পিস বোর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন