১১:২৪ এম
লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমানে জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে কার্যক্রমে বাধাগ্রস্ত হয়েছে। জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরে ৬১টি পদ শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন। ফলে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। ল্যাবরেটরি বন্ধ রয়েছে। আবাসিক ভবন ও ডরমিটরি জরাজীর্ণ হয়ে পড়েছে। বড় জেনারেটরটি নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত পানির পাম্প না থাকায় ৭৫টি পুকুরের ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে। অথচ জাতীয় মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠান সীমিত জনবল নিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে ৭৫টি পুকুর রয়েছে। মৎস্য প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায়, এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। জনবল সংকটের চিত্র আরো উদ্বেগজনক। প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদের মধ্যে একটিতেও কেউ নেই। দ্বিতীয় শ্রেণির একটি পদও শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত মাত্র আটজন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১২ জন।
সরেজমিনে দেখা যায়, প্রয়োজনীয় জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ল্যাবরেটরি বন্ধ রয়েছে। আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ডরমিটরি ভবনের। কেন্দ্রের এক পাশের সীমানাপ্রাচীরও ধসে পড়ার উপক্রম। ৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় বিদ্যুৎ না থাকলে ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। পুরোনো যন্ত্রাংশ মেরামত করে কোনো রকমে চালানো হচ্ছে হ্যাচারির কার্যক্রম। মৎস্যসম্পদ উন্নয়ন ও রেণু পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানটির এই পরিস্থিতিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং কার্যকর রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া না হলে প্রতিষ্ঠানটির উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত
কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ জানান, ৭৭ জনবলের বিপরীতে কাগজে-কলমে ১৮ জন পদায়িত রয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রেষণে আছেন। বাকি ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে। জনবল সংকটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। সংকটের মধ্যেও চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করছেন, শিগগিরই জনবলের সংকট দূর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন