ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিয়াদে হুতিদের পাল্টা হামলা সৌদি জোটের বিশেষ অভিযানের প্রতিশোধে


রিয়াদে হুতিদের পাল্টা হামলা সৌদি জোটের বিশেষ অভিযানের প্রতিশোধে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রতিশোধ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে।

এই বছরের গ্রীষ্মে প্রতিবেশী ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রিয়াদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থক, এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, এএফপির একজন সাংবাদিক জানান, সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’ জানিয়ে সতর্কতা জারি করার কিছুক্ষণ পর শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে

সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে ছোড়া হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

ইরান-সমর্থিত হুতিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, যার মধ্যে রাজধানী রিয়াদও রয়েছে।

শুক্রবার লোহিত সাগরের উপকূলের বন্দরনগরী হোদেইদা এবং অন্যান্য স্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল হুতিরা। এরপরই নতুন হামলার ঘটনা ঘটে।

জোটের দাবি, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে ‘বিশেষ অভিযান’ চালানো হয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত

এছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলমান সংঘাতের ফলে ইয়েমেনে সহিংসতা আরও বেড়েছে।

হোদেইদা বন্দরে হামলার পর সৌদি আরবের জেদ্দা শহরসহ লোহিত সাগরের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুতিরা। তারা সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল। গোষ্ঠীটি রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দেয়।

‘বিশেষ অভিযান’

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হোদেইদা বন্দরে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত সামরিক সক্ষমতাসম্পন্ন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে জোটের বাহিনী।

হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় জোটের বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে কয়েক ডজন বিমান ও ড্রোন হামলা এবং শত শত গোলাবর্ষণের ঘটনায় ১৯৩ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের দেওয়া এসব হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি

জোটের মুখপাত্র আরও জানান, ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেন, তাদের বাহিনী আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দরে ‘নির্ভুল ও সরাসরি’ হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে জোটের বিমান হামলার পর মোচা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশনে প্রচার করা হয়েছে।

এর আগে রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হুতিদের হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা অভিযান শুরু হয়। এটি ছিল বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত হামলা।

আরও পড়ুন: ভারতে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ জন হাসপাতালে ভর্তি

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের কার্যালয় থাকা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘সৌদি আকাশসীমা অনিরাপদ’

হোদেইদা বন্দরের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট সতর্কতা জারি করার পর হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ অন্যান্য বন্দরে হামলার হুমকি দেয়।

হুতিদের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জেদ্দা বন্দর ব্যবহারকারী জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে ই-মেইল পাঠিয়ে বন্দর এলাকা খালি করার সতর্কবার্তা দেয়।

আরও পড়ুন: ডেনমার্ক ইউক্রেনীয় র‍্যাপার হত্যার ষড়যন্ত্রে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে

একই সঙ্গে হুতিরা সব বিমান সংস্থাকে সতর্ক করে জানায়, সৌদি আকাশসীমা অনিরাপদ। আগামী কয়েক ঘণ্টায় সেখানে তাদের সামরিক অভিযান পরিচালিত হতে পারে। তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা এর আওতামুক্ত থাকবে বলে জানায় গোষ্ঠীটি।

এছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে হুতিরা। এলাকাটির কার্যালয়গুলো কয়েক সপ্তাহ আগেই খালি করা হয়েছিল। হুতিরা এটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।

ইয়েমেনের গৃহযুদ্ধে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে হুতিরা অভিযোগ করে, সৌদি বাহিনী একটি বেসামরিক নৌযানে হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী চলতি মাসে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। এতে ওই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যায়। গত সেপ্টেম্বরে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল গোষ্ঠীটি।

বর্তমানে হুতিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি অগ্রসর হয়েছে।

২০১৪ সালে হুতিদের হাতে রাজধানী সানার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানা ছেড়ে এডেনে আশ্রয় নেয়।

২০১৫ সালের শুরুর দিকে হুতিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

চলমান হামলা ও সংঘাতের ঘটনায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


ভারতে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ জন হাসপাতালে ভর্তি

ভারতের মণিপুরের চান্দেল জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করার ফলে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি। এই মৃত্যুর ঘটনা ঘটেছে ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে।

পুলিশের প্রাথমিক তথ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের পান করা মদ কাকচিং জেলার সুংনু থেকে সংগ্রহ করা হয়েছিল। উল্লেখ্য, চান্দেল জেলায় ওই মদ তৈরি বা প্রস্তুত করা হয়নি। নিহতদের মধ্যে পাঁচজন সুংনু থানার অধিক্ষেত্রের বাসিন্দা।

এই ঘটনার প্রেক্ষিতে জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে চান্দেল জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি কিংবা সন্দেহজনক উৎসের মদ পান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে। মদপানের পর যদি বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইম্ফলের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল চান্দেলে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের পর ভারি বৃষ্টির ফলে সৃষ্ট পানির স্রোতে দুইজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সান বার্নারডিনো কাউন্টির চিনো ক্রিক থেকে শেরিফ বিভাগের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। কর্তৃপক্ষের ধারণা, উভয়েই গৃহহীন ছিলেন।

সান বার্নারডিনো কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র গ্লোরিয়া ওরেজেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টার আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানানো হয় যে, চিনো হিলসের চিনো এভিনিউ ও হাইওয়ে ৭১-এর কাছে একটি খালে দুজন মানুষ পানির স্রোতে ভেসে যাচ্ছেন।

পরে স্রোতে ভেসে যাওয়া ওই দুজন প্রায় তিন মাইল দূরে সেন্ট্রাল এভিনিউয়ের কাছে ঘন ঝোপঝাড় ও গাছের মধ্যে আটকে পড়েন। উদ্ধারকারীরা দড়ির সাহায্যে একজনকে নিরাপদে টেনে তুলতে সক্ষম হন। তবে ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার চিৎকার শোনা গেলেও, তীব্র স্রোতের কারণে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে পারেননি।

পরে ঘটনাস্থল থেকে তিন মাইলেরও বেশি দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকজন পুরুষের মরদেহ পাওয়া যায়। তবে তাকে উদ্ধারের আগে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় মৃত দুজনের নাম ছিল না বলে জানান ওরেজেল। তিনি বলেন, নতুন করে আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে যাবেন উদ্ধারকারীরা।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সান বার্নারডিনো শহরে গৃহহীনদের একটি অস্থায়ী শিবির থেকে আরো দুইজনকে উদ্ধার করেছে কাউন্টি ফায়ার বিভাগ। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি কুকুর ও একটি বিড়ালকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শেরিফ বিভাগের মুখপাত্র ওরেজেল জানান, নদী ও খালের আশপাশে অস্থায়ী শিবিরে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের বিশেষ দল রয়েছে। বড় ধরনের ঝড়ের আগে শেরিফের হেলিকপ্টার থেকে মাইকে সতর্কবার্তাও প্রচার করা হয়।

তিনি বলেন, ঝড়ের সময় বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার জন্য উদ্ধারকারীদের নির্দেশের অপেক্ষা করা উচিত নয়। বরং আগেই নিরাপদ স্থানে চলে যেতে হবে। কারণ, এ ধরনের পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কতা: যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কতা: যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে

যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরেও যদি কেউ সেখানে অবস্থান করেন, তবে তাদের ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করে।

ফেসবুক পোস্টে দূতাবাস উল্লেখ করে, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত: ৫০০-৬০০ মিলিলিটার সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ এম


একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত: ৫০০-৬০০ মিলিলিটার সুপারিশ

রান্নায় তেল ছাড়া যেন চলেই না। সবজিতে ফোড়ন দেওয়া, মাছ ভাজা কিংবা পরোটা-পাকোড়া তৈরি—প্রায় প্রতিটি খাবারেই তেলের ব্যবহার হয়ে থাকে। খাবারের স্বাদ বাড়াতে তেলের ভূমিকা থাকলেও, প্রয়োজনের তুলনায় বেশি খেলে শরীরের জন্য তা ক্ষতিকর হতে পারে। এর ফলে ওজন বৃদ্ধি, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

সুস্থ থাকতে অনেকেই বিশেষ ধরনের বা দামি তেল বেছে নেন। তবে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র কোন তেল খাচ্ছেন, সেটিই গুরুত্বপূর্ণ নয়; বরং প্রতিদিন মোট কতটা তেল খাচ্ছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের মাসে কতটা রান্নার তেল খাওয়া উচিত?

দিনে কতটা তেল খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ১৫ থেকে ২০ মিলিলিটার রান্নার তেল খাওয়া যেতে পারে। পরিমাণের হিসাবে এটি প্রায় ৩ থেকে ৪ চা-চামচ।

এই হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাসে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটার রান্নার তেল যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে পরিবারের সদস্য চারজন হলে মাসে মোট তেলের ব্যবহার প্রায় ২ লিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়।

তবে এটি একটি সাধারণ হিসাব। বয়স, শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যগত অবস্থা ও দৈনন্দিন খাবারের ধরন অনুযায়ী তেলের প্রয়োজন ভিন্ন হতে পারে।

হৃদযন্ত্রের জন্য কোন তেল ভালো?

বাজারে সর্ষের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, নারকেল তেল ও জলপাইয়ের তেলসহ নানা ধরনের রান্নার তেল পাওয়া যায়। এর মধ্যে সর্ষের তেল, সূর্যমুখী তেল ও জলপাইয়ের তেল তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।

এসব তেলে থাকা অসম্পৃক্ত চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে তেল যেটিই হোক, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয়। তেলের ধরন বেছে নেওয়ার পাশাপাশি প্রতিদিনের মোট পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।

সর্ষের তেল কেন ভালো বিকল্প?

আমাদের দেশের রান্নায় সর্ষের তেলের ব্যবহার বেশ প্রচলিত। বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেলে থাকা উপকারী চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে।

কাঠের ঘানিতে তৈরি সর্ষের তেল রান্নার একটি বিকল্প। তবে তেল গরম করার সময় অতিরিক্ত তাপ এড়িয়ে চলা উচিত। তেলের ধোঁয়া ওঠার তাপমাত্রা এবং কোন ধরনের রান্নায় সেটি ব্যবহার করা হচ্ছে, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

অন্যদিকে, জলপাইয়ের তেল কম আঁচে রান্না কিংবা সালাদে ব্যবহারের জন্য ভালো। তবে সব ধরনের জলপাইয়ের তেল দিয়ে উচ্চ তাপে বা ডুবো তেলে ভাজা উপযুক্ত নয়।

পরিশোধিত তেল বেশি খেলে কী হতে পারে?

কিছু পরিশোধিত তেল তৈরির সময় উচ্চ তাপমাত্রা ও বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তেল বারবার উচ্চ তাপে গরম করা বা একই তেল দিয়ে বারবার খাবার ভাজলে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।

নিয়মিত অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাস রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। এতে হৃদযন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই রান্নায় তেলের ব্যবহার সীমিত রাখা এবং একই তেল বারবার গরম করে ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত তেল খেলে শরীরে যেসব সমস্যা হতে পারে

মাঝেমধ্যে ভাজাপোড়া খাবার খেলে সাধারণত তাৎক্ষণিকভাবে বড় কোনো সমস্যা হয় না। তবে প্রতিদিন বেশি তেলযুক্ত ও ডুবো তেলে ভাজা খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

অতিরিক্ত তেল খাওয়ার ফলে যেসব সমস্যা দেখা দিতে পারে—

১. ওজন বৃদ্ধি: অতিরিক্ত তেল থেকে শরীরে বাড়তি ক্যালরি জমে। ফলে ওজন বেড়ে যেতে পারে।

২. স্থূলতা: দীর্ঘদিন বেশি ক্যালরিযুক্ত খাবার খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমে স্থূলতার ঝুঁকি বাড়ে।

৩. ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

৪. প্রদাহ: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

৫. ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি: অতিরিক্ত সম্পৃক্ত ও ট্রান্স চর্বি গ্রহণ রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

৬. হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

হৃদরোগীদের কতটা তেল খাওয়া উচিত?

যাদের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের খাবারে তেলের পরিমাণ ও ধরন নিয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তাদের জন্য মাসে ৭৫০ মিলিলিটারের বেশি রান্নার তেল না খাওয়ার একটি পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই পরিমাণ সবার জন্য এক নয়।

কিছু পরামর্শে সর্ষের তেলের সঙ্গে অল্প পরিমাণ ঘি বা মাখন মিশিয়ে ব্যবহারের কথা বলা হয়। সে ক্ষেত্রে ৮০ শতাংশ সর্ষের তেল ও ২০ শতাংশ ঘি বা মাখনের অনুপাত উল্লেখ করা হয়েছে। তবে ঘি ও মাখনে সম্পৃক্ত চর্বি থাকে। তাই হৃদরোগীদের জন্য এই মিশ্রণ উপযুক্ত কি না, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত।

হৃদরোগীর বয়স, শারীরিক অবস্থা, রক্তে কোলেস্টেরলের মাত্রা ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার ওপর তেলের প্রয়োজন নির্ভর করে। তাই নির্দিষ্ট পরিমাণ মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন

সুস্থ থাকতে শুধু ভালো মানের তেল ব্যবহার করলেই হবে না, রান্নায় তেলের পরিমাণও নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিনের খাবারে ভাজাপোড়া কমিয়ে মাছ, সবজি, ডাল ও ফলমূল রাখুন। একই তেল বারবার ব্যবহার করা এড়িয়ে চলুন। পাশাপাশি বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী সুষম খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%