ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীকে আটকে হেনস্তার অভিযোগে ঢাবির প্রভোস্ট অবরুদ্ধ


শিক্ষার্থীকে আটকে হেনস্তার অভিযোগে ঢাবির প্রভোস্ট অবরুদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের একজন আবাসিক শিক্ষার্থীকে কক্ষে আটকে রেখে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক লিখিত নেওয়ার অভিযোগ উঠেছে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (১৬ আগস্ট) রাতে প্রভোস্টকে অবরুদ্ধ করে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি শিক্ষার্থীদের সামনে প্রভোস্টকে অবরুদ্ধ করার ঘোষণা দেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এর আগে রবিবার নিজের ফেসবুকে একটি পোস্টে প্রভোস্টের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহীম। সে বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। ইব্রাহীমের অভিযোগ, হলের বিভিন্ন সংকট এবং প্রভোস্টের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার কারণে তাঁকে প্রভোস্ট কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

ইব্রাহীম জানিয়েছেন, হলের শিক্ষার্থীদের পছন্দের একটি খাবারের দোকান বন্ধ করে দেওয়া, খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে বাজেট না দেওয়ার বিষয় তুলে ধরে তিনি ওই পোস্টটি করেছিলেন। নিরাপত্তার স্বার্থে আগে থেকেই তিনি মোবাইল ফোনে অডিও রেকর্ড চালু করে প্রভোস্টের কক্ষে প্রবেশ করেছিলেন।

তাঁর অভিযোগ, কথাবার্তার একপর্যায়ে প্রভোস্ট চিৎকার করে ওঠেন এবং তাঁর নির্দেশে হলের ইলেকট্রিশিয়ান মারুফ ও প্রধান সহকারী আরিফ হোসেনসহ কয়েকজন স্টাফ জোরপূর্বক তাঁর ফোন কেড়ে নেন। এরপর কক্ষের দরজা বন্ধ করে দিয়ে তাঁর ফোন পরীক্ষা করা হয়। এ সময় তাঁকে হলের আবাসিক সিট এবং ছাত্রত্ব বাতিল করার, সাইবার মামলা করার হুমকি দেওয়া হয়। তাঁকে ‘হল সংসদের নেতাদের প্ররোচনায় ফেসবুকে লিখেছেন’—এমন একটি লিখিত বক্তব্যে জোরপূর্বক স্বাক্ষর করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ করেন ইব্রাহীম। এ সময়ে তাঁর মাকেও ফোন করা হয়।

তবে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন এসব শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, না জেনে-শুনে ফেসবুকে হলের বিষয়ে লেখালেখি করার জন্য ইব্রাহীমকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল।

প্রভোস্ট বলেন, হলের খেলাধুলার জন্য কোনো বরাদ্দ আসে না, হল প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় এসব সমস্যা সমাধানের চেষ্টা করে। এসব না জেনে ওই শিক্ষার্থী ফেসবুকে সমালোচনা করে। কথাবার্তার একপর্যায়ে ইব্রাহীম নিজের ভুল স্বীকার করে। অনুমতি ছাড়া কথাবার্তা রেকর্ড করতে দেখে তাঁর মাকে ফোন করে বিষয়টি জানানো হয়, যেন ভবিষ্যতে সে এ ধরনের কাজ না করে।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অধ্যাপক ইলিয়াস আল মামুন আরও জানান, ইব্রাহীমকে বসিয়ে নাশতা করানো হয়েছে এবং তাঁর মাকেও আশ্বস্ত করা হয়েছে। পরে সে ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে মন্তব্য করার আগে শিক্ষার্থীদের সঠিক তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা

ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সফলতার দাবি করেছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলক এই সফলতার পর, বর্তমানে ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) সংস্থাটি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে, বগুড়া সদর উপজেলার এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলক এই ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক সেখানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক কম খরচ হতে পারে এবং দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ফ্লাইহুইল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপিত যন্ত্রপাতি ও মোটর চালু করে কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। তখন দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানান, যদি আরও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করা হয় তবে পরীক্ষামূলক ব্যবস্থাকে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব।

আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক মন্তব্য করেন, '২০০৪ সাল থেকে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে। ২০১০ সালের পর গবেষণায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র ও চীনেও ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহার রয়েছে।'

তিনি আরও বলেন, 'বিশ্বব্যাপী বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে, জ্বালানি ব্যবহার না করে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সে চিন্তাভাবনা থেকেই ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে আমাদের গবেষণা চলমান। পরীক্ষামূলকভাবে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালু করে আমরা বিভিন্ন কার্যক্রম দেখেছি। প্রাথমিক হিসাবে ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা।'

ড. আব্দুল মজিদ আরো জানিয়েছেন, 'আরডিএতে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। একই পরিমাণ বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে গেলে ১০০ কোটি টাকার বেশি খরচ হতে পারে। এই প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, এটি আবহাওয়া বা সূর্যালোকের ওপর নির্ভরশীল নয়।'

প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি, পরিবেশবান্ধব এ প্রযুক্তির প্রকল্পটি জলবায়ু ট্রাস্টেও জমা দেয়া হয়েছে।

আরডিএর উপপরিচালক কৃষিবিদ ইঞ্জিনিয়ার ড. মনিরুল ইসলাম বলেন, 'পরীক্ষামূলকভাবে আমরা বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছি। তবে উৎপাদন প্রক্রিয়াকে পূর্ণাঙ্গ করে তুলতে আরও কিছু যন্ত্রপাতি প্রয়োজন। ২০১৪ সাল থেকে আমরা এ প্রযুক্তি নিয়ে গবেষণা করছি। গবেষণার বিভিন্ন পর্যায়ে অর্থ ব্যয় হওয়ার কারণে এক সময় কাজ কিছুটা থেমে যায়। পরে আরডিএ আমাদের সহযোগিতা ও উৎসাহ দেয়ায় আবারও কাজ শুরু করেছি।'

তিনি উল্লেখ করেন, 'প্রয়োজনীয় অর্থ ও যন্ত্রপাতি পাওয়া গেলে এটিকে পূর্ণাঙ্গ আকারে নিয়ে গিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। আশা করছি, ২০২৫ সাল থেকে প্রযুক্তিটির পরীক্ষামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তিটি পূর্ণাঙ্গভাবে দাঁড়াতে পারলে প্রতি ইউনিট বিদ্যুৎ প্রায় ১ টাকা ৫০ পয়সায় সরবরাহ করা সম্ভব হবে।'

পরিদর্শন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, 'আমরা এখানে এসে পুরো বিষয়টি সরেজমিনে দেখেছি। তারা যে উদ্যোগটি নিয়েছেন, তাতে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মেশিন চালু করে তারা এর কার্যকারিতাও দেখিয়েছেন। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত ভালো ও সম্ভাবনাময় মনে হয়েছে। এই উদ্যোগকে কীভাবে আরও বড় পরিসরে নেয়া যায় এবং এ জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সেটি করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই

সাভারের মডেল থানার বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, চাঁদা দাবি এবং আসামির স্বজনদের নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। বাদীপক্ষের আইনজীবী এস এইচ কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে পিবিআইয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন। মামলায় সাভারের পশ্চিম রাজাশন এলাকার বাসিন্দা সুরাইয়া বেগম (৫৪) বাদী হয়ে সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করেছেন। এজাহারনামীয় আরো দুইজন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বাদীর ছেলে শামীমের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে একটি মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। এ সময় তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এসআই নেয়ামত উল্লাহ। এছাড়া ভয়-ভীতি প্রদর্শন করে দুটি দামি আইফোন মোবাইল আদায়ের অভিযোগও আনা হয়েছে এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। গ্রেপ্তারের আগে দুই দফায় মোট সাড়ে চার লাখ টাকা নেওয়া হয়েছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদী। এছাড়াও এজাহারে আরো বলা হয়, শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা, একটি সোনার আংটি আত্মসাৎ করেন এসআই নেয়ামত উল্লাহ। এ নিয়ে প্রশ্ন উঠলে ব্যবহৃত মোবাইল ফেরত দিয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ওপরও চাপ সৃষ্টি করা হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। সম্প্রতি সাভার মডেল থানার এই এসআইকে ঘিরে ঘুষ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ সামনে আসে। পরে গণমাধ্যমের শিরোনাম হন তিনি। এ নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানা গেছে। তবে এসব অভিযোগ উঠলেও বহাল তবিয়তে রয়েছেন তিনি। পরবর্তীতে বিচার না পেয়ে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে আজ, মামলার বাদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার আমলি আদালতে উপস্থিত হয়ে ২০০ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আলী (২০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

ইলিয়াসের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামে, এবং তিনি লেবু মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাহার জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন যখন শাহাগোলা স্টেশন এলাকায় অতিক্রম করছিল, তখন ইলিয়াস নামক এই যুবক ট্রেনে কাটা পড়ে। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহতের পরিবার থানায় এসে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.জীবন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো.হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়তে হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%