ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে বারণ করলেন কর্নেল অলি


যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে বারণ করলেন কর্নেল অলি

ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলের এক সেমিনারে তিনি এ পরামর্শ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, ‘আপনার কাজ হচ্ছে, বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে, তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল শত্রু।’

আরও পড়ুন: ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অলি আহমেদ উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শত্রু দ্বারা আবর্তিত। বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিদেশি গুপ্তচর যেকোনো সময় তারেক রহমানের বড় ক্ষতি করতে পারে।’ তাদেরকে দল থেকে বের করে দেয়ার পরামর্শও দেন তিনি।

তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। আপনি (তারেক রহমান) ভালো অবস্থানে নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির অভিযোগে আওয়ামীপন্থি অধ্যক্ষকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


দুর্নীতির অভিযোগে আওয়ামীপন্থি অধ্যক্ষকে বহিষ্কার

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে স্থলাভিষিক্ত করে কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত অধ্যক্ষ আহমেদ শফিক স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি ও মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ শফিক।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ জুলাই সকাল ১১টায় নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ এর গভর্নিং বডির বিশেষ সভায় কলেজের অধ্যক্ষ আহমেদ শফিককে অধ্যক্ষের পদ হতে সাময়িক বরখাস্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা ৮ জুলাই তারিখ হতে কার্যকর হবে। এবং একই সাথে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি রেগুলেশন (সংশোধিত) ২০১৯'র ৪ নম্বর ধারার (ক) এর ২.(i) উপধারা মোতাবেক কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব (আর্থিক ও প্রশাসনিক) প্রদান করা হয়েছে, যা আগামী ৮ জুলাই তারিখ থেকে কার্যকর হবে।

সূত্র জানায়, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত ও অডিট কমিটি এর সত্যতা পায়। যদিও কমিটি এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কলেজ সূত্র জানায়, আহমেদ শফিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। পরে তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে তদন্তের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর ময়মনসিংহের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তৎকালীন বিভাগীয় কমিশনার ছিলেন উম্মে সালমা তানজিয়া।

তদন্ত কমিটি দীর্ঘ এক মাস তদন্ত করে আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে মাসের পর মাস টাকা উত্তোলন, কলেজ ফান্ডের আড়াই কোটি টাকা নগদ ও নিয়োগে স্বজনপ্রীতি এবং বাণিজ্যের প্রমাণ পায়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এসব কার্যক্রম করেছেন।

পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান আকন্দকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) কমিটি গঠন করে দেন।

এই কমিটি ২০১২-১৩ থেকে ২০২৩-২৪ মোট ১২টি অর্থবছরের অডিট কার্যক্রম সম্পন্ন করে ব্যাপক অনিয়ম থাকার বিষয়টি খুঁজে পায়। ২০২৩-২৪ অর্থবছরে ২৬টি বিলে ৬ লাখ ৩০ হাজার ৮৮০ টাকা উত্তোলনে অধ্যক্ষের একক স্বাক্ষর, ভুয়া ভাউচার এবং নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

একইভাবে ২০২০-২১ অর্থবছরে ১১টি বিলে ৬ লাখ ৮৩ হাজার ৮৬৩ টাকা উত্তোলন এবং ২০১৯-২০ অর্থবছরে ২৫টি বিলে ১১ লাখ ৮১ হাজার ৭৫১ টাকা উত্তোলন করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, বাকি অর্থবছরগুলোতেও একইভাবে অধিকাংশ বিল উত্তোলন করা হয়েছে।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী কলেজটির গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন। অডিট কমিটির রিপোর্টের সত্যতা যাচাইয়ে আবারও তিন সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা জমা দেওয়া হয়নি।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি বীরদর্পে সব দুর্নীতি করেছেন। তবে রহস্যজনক কারণে এ বিষয়টি নিয়ে এখন সবাই চুপ ছিল। অডিটের একটি হিসেবে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে তিনি ২ কোটি ২৬ লাখ টাকা নগদ হাতে রেখেছিলেন। পরে তা ব্যয়ের কোনো হিসাব পাওয়া যায়নি। স্বচ্ছ প্রতিবেদনের পর আর কিছু থাকে না। দেড় বছর হয়ে গেলেও তিনি বহাল তবিয়তে ছিলেন।

সাময়িক বরখাস্ত অধ্যক্ষ আহমেদ শফিক জানিয়েছেন, “প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।”

কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী জানিয়েছেন, “বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হবে। তদন্তে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়- তাহলে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী শত বছরের রাস্তা পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী শত বছরের রাস্তা পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসী

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের হাজী আনু মিয়ার বাড়ির প্রতি শত বছর পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তারা কোন সুরাহা পাচ্ছেন না।

চলাচলের রাস্তা বন্ধ থাকার কারণে, স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। রাস্তাটি পুনরুদ্ধার করার জন্য, এলাকাবাসী এবং ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘকাল ধরে ৮/১০ টি পরিবারসহ গ্রামের মানুষ ওই রাস্তাটি ব্যবহার করে আসছিলেন, কিন্তু ২০২১ সালের এপ্রিল মাসে তৎকালীন চিওড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফোরকান এবং তার ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাফিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার একটি অংশ বন্ধ করে দেন। এই কারণে তখন থেকে লোকজনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে এবং শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে বিকল্প কৃষি মাঠের আইল দিয়ে চলাচল করতে হচ্ছে।

তবে তখন স্থানীয় কনকাপৈত পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি। বরং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ভুক্তভোগীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত বলেন, ‘আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি, আমরা এ রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। কৃষি জমির আইল দিয়ে চলাচল করার সময় আমাদের স্কুলে পোষাক নষ্ট হয়ে যায়।

এতে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে, আমাদের বাড়ির শত বছরের চলাচলের এই পুরাতন রাস্তা উম্মুক্ত করে দেওয়া হোক।’

স্থানীয় রুহল আমিন, আব্দুল মান্নান, আবুল বাশার, মেহেদী হাসান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছাত্রলীগের সভাপতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শত বছরের চলাচলের রাস্তা ২০২১ সালের এপ্রিল মাসে জোর করে বন্ধ করে দিয়েছে। রাস্তাটি পুনরুদ্ধারের জন্য আমরা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন ও অভিযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ১০-১২টি পরিবারের লোকজন অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য কোন যানবাহন বাড়িতে আসার ব্যবস্থা নেই। ১ থেকে দেড়শ বছর ধরে আমাদের মুরুব্বিরা যে রাস্তা দিয়ে হাঁটছিল, সেই রাস্তাটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে? কেন আমাদের উপরে এই অত্যাচার করা হল, আমরা এর বিচার চাই। আমরা প্রশাসনের কাছে আবেদন করি, মানবিক দিক বিবেচনা করে হলেও দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।’

এ বিষয়ে রাস্তা বন্ধ করে দেওয়া মোস্তাফিজ জানান, ‘যে রাস্তা বন্ধ করে দিয়েছি বলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেটি আমাদের ক্রয়কৃত জায়গা।

এনায়েত উল্যাহ গংরা দীর্ঘ সময় ধরে আমাদের বাড়ির উঠান দিয়ে চলাচল করতো। ধীরে ধীরে আমাদের পরিবার বড় হয়ে যাওয়ায়, আমাদের প্রয়োজনে ঘর করার কারণে সেটি বন্ধ হয়ে যায়। সেখানে শত বছরের কোন রাস্তার অস্তিত্ব নেই। বরং তারা আমাদের পরিবারের লোকজনের উপর প্রতিনিয়ত নানান অত্যাচার করে আসছে।’

এ বিষয়ে চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘রাস্তার বিষয়ে আমি শুনেছি। কোন পক্ষ আমার কাছে অভিযোগ করেনি। এটি সরকারি কোন রাস্তা নয়, এটি ছিল ব্যক্তিগত চলাচলের রাস্তা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রসঙ্গ করে প্রশ্ন করেন, 'ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা?'

উত্তরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বলেন, 'এ বিষয়ে যথার্থ উত্তর থাকবে শিক্ষামন্ত্রীর কাছে। তবে, ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে, বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। আপনি নিশ্চয়ই জানেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীরা অর্থনৈতিকভাবেও যাতে শক্তিশালী হতে পারে, সেইজন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।'

তিনি আরো বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন; আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই।'

প্রধানমন্ত্রী আরো বলেন, 'আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

ইরানের হামলার ফলে ছোড়া স্প্লিন্টারের আঘাতে কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সেগুলো অচল হয়ে পড়েছে বলে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যদিও ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সরবরাহে কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি। এই ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামতের জন্য জরুরি প্রকৌশলী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে, কুয়েতের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার ভোরে দেশটির আকাশসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ড্রোন শনাক্ত করা হয়। সবগুলোই সফলভাবে প্রতিহত করা হয়েছে।

কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, এই ঘটনার ফলে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%