ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলের কালিয়ায় বিএনপির ২ নেতা হত্যার ৬ দিন পর মামলা দায়ের


নড়াইলের কালিয়ায় বিএনপির ২ নেতা হত্যার ৬ দিন পর মামলা দায়ের

নড়াইলের কালিয়ায় আলোচিত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম হত্যাকাণ্ডের পর ৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে মামলাটি করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশের হাতে দুই আসামি গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আলোচিত দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত সোহেল রানা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন এবং শাহিনুর ইসলাম পৌর কৃষকদলের সদস্য সচিব ছিলেন।

এর আগে, ১৮ নভেম্বর বিকেলে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কালিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে প্রবেশ করে। মিছিল ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের অংশে থাকা নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় সোহেল রানা এবং শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়। পথেই সোহেল রানার মৃত্যু ঘটে, আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে শাহীনুরকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের স্বাবলম্বী হতে হবে, ঘরে বসে থাকলে চলবে না: আফরোজা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ এম


নারীদের স্বাবলম্বী হতে হবে, ঘরে বসে থাকলে চলবে না: আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থা এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান আফরোজা আব্বাস বলেছেন, এক সময় রান্নাবান্না করে সময় কাটানো নারীরা আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। নারীরা সব কিছু করতে সক্ষম। তাই নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই। তাদের স্বাবলম্বী হতে হবে এবং প্রতিবাদী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। কারো ওপর নির্ভরশীল হয়ে জীবন যাপন বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের গোয়ালখালী হাইস্কুল মাঠে জাতীয় মহিলা সংস্থা ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আফরোজা আব্বাস আরও বলেন, "আপনারা প্রতিবাদী হয়ে উঠুন। নিজের জন্য কিছু করুন। যদি নিজের জন্য কিছু করা হয়, তবে তা সন্তানের জন্য হবে। পরিবারের জন্য করা হলে, তা দেশের জন্যও হবে। দেশকে ভালোবাসতে হলে পরিবারকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। আমরা সবাই কষ্ট করি, কিন্তু নিজেদের জন্য সময় বের করার সুযোগ পাই না। তাই নিজের জন্য কিছু সময় বের করুন, এই সময়ে শুধু নিজের জন্য কিছু করুন।" তিনি উল্লেখ করেন, "এটি স্বামীকে অবজ্ঞা করে নয়, সন্তানকে ফেলে রেখে নয়। আমরা নারী, আমরা সব কিছু করতে পারি। আমরা ঘর সামলাতে পারি এবং দেশও পরিচালনা করতে পারি।"

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিবারচালক ডক্টর ফারহানা আইরিস, জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শেখ মো. আব্দুর রহমান এবং উপ-পরিচালক রেজাউল করিম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে উদ্বোধন হলো গ্রামের ফুটবলারদের ব্যতিক্রমী টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ এম


ফরিদপুরে উদ্বোধন হলো গ্রামের ফুটবলারদের ব্যতিক্রমী টুর্নামেন্ট

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জমকালো আয়োজনের মাধ্যমে ১৬ দলীয় আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাজিদ সোবহান ইয়ুথ সোসাইটির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দীর্ঘ সময় পর প্রত্যন্ত গ্রামাঞ্চলের খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবল মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শকের পাশাপাশি বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। এমন একটি জাঁকজমকপূর্ণ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ার উদ্যোগ দেখে স্থানীয় জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা নিয়মিত এই ধরনের সুস্থ বিনোদনের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই আয়োজন। বর্তমানে কিশোর-তরুণদের একটি অংশ নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে সমাজের অন্যায়-অপরাধ কমে আসবে। সেই প্রত্যাশায় প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে।"

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো সম্ভব হবে। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ারও আশা প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানান, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মরহুম পিতা আনসার আলী মিয়ার স্মৃতিতে ২০২৫ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় আসরে জেলার ১৬টি ইউনিয়ন থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

এ আয়োজনকে কেন্দ্র করে পুরো মাঠ রঙিন সাজে সাজানো হয়। ফুলেল অভ্যর্থনার লালগালিচা ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন, যার মধ্য দিয়ে অতিথিবৃন্দ ও খেলোয়াড়রা প্রবেশ করেন। এরপর বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ আসরের উদ্বোধন করেন।

খেলা দেখতে আসা দর্শক সাইফুল ইসলাম বলেন, "দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি আমরা। হাজারো মানুষ এসেছে খেলা উপভোগ করতে। খেলা দেখে আমরা মুগ্ধ।"

তিনি আরও বলেন, "এই টুর্নামেন্টে আয়োজকরা বিশেষ একটি বিষয় সামনে এনেছে। খেলায় শুধুমাত্র গ্রামের ছেলেরাই অংশ নিতে পারবে। কোনো জাতীয় দলের বা বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবে না। বিষয়টি ভালো লেগেছে। প্রত্যন্ত গ্রামের খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাতে পারবে।"

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নিজের বাবার জন্য দোয়া চেয়ে বলেন, "যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই মূল প্রত্যাশা। এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ সৃষ্টি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন দাবি করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়ে কোনো অর্থ পাচারের ঘটনা ঘটবে না। শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার মানের সঙ্গে আপস করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।

তিনি বলেন, বিসিএস শিক্ষা ক্যাডার এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতার মানে পার্থক্য থাকা উচিত নয়। যদিও নিয়োগ পদ্ধতি আলাদা, এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএসের সমপর্যায়ে উন্নীত করতে হবে।

অর্থ পাচার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা ছিল। এ অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাবরেটরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে, তা অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য আধুনিক ল্যাব এবং গবেষণাসুবিধা গড়ে তোলার পরিকল্পনা চাওয়ার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

দক্ষ জনশক্তি তৈরিতে অ্যাভিয়েশন শিক্ষার সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পাইলটের চাহিদা রয়েছে। বাংলাদেশে তুলনামূলক কম খরচে পাইলট প্রশিক্ষণ, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। পাশাপাশি বুয়েটের গবেষণার জন্য ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ তাকে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করে সমস্যা সমাধানের শিক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের বাইরেও দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজে ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামে প্রতিবাদ ও প্রতিকার: ন্যায়বিচার ও সংযমের নীতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


ইসলামে প্রতিবাদ ও প্রতিকার: ন্যায়বিচার ও সংযমের নীতি

ইসলাম মানুষকে অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ প্রদান করে। অন্যায় দেখেও নীরব থাকা এবং অত্যাচারীকে প্রশ্রয় দেওয়া ইসলামের শিক্ষা ও নীতির পরিপন্থী। ইসলাম প্রতিবাদের নামে সীমা লঙ্ঘন, প্রতিকারের নামে প্রতিশোধপরায়ণতা এবং ন্যায়বিচারের নামে অন্যের ওপর বাড়তি জুলুম করার অনুমতি দেয় না। বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তা প্রতিহত করা এবং অপরাধের উপযুক্ত প্রতিকার গ্রহণের ক্ষেত্রে ইসলাম ন্যায়বিচার, সংযম ও কল্যাণের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

অন্যায়ের প্রতিবাদ ও ইনসাফ প্রতিষ্ঠা

আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী জুলুম ও অবিচার প্রতিহত করা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা মুমিনের দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পোড়ো না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে।’

(সুরা হুদ, আয়াত : ১১৩)

এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে, জুলুমের সঙ্গে আপস করা, জালিমকে সমর্থন করা কিংবা তার অন্যায়কে প্রশ্রয় দেওয়া মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার ঈমানি দায়িত্ব।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে। যদি তা করতে সক্ষম না হয়, তবে মুখের মাধ্যমে প্রতিবাদ করে। তাও সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটি ঈমানের সর্বনিম্ন স্তর।’

(সহিহ মুসলিম, হাদিস : ৪৯)

মজলুমের পাশে দাঁড়ানো

ইসলামে অন্যায়ের প্রতিবাদ শুধুমাত্র ব্যক্তিগত দায়িত্ব নয়; এটি সামাজিক দায়িত্বও। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম।’ সাহাবিরা জিজ্ঞাসা করলেন, মজলুমকে সাহায্য করার বিষয়টি বুঝলাম; কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, ‘তাকে জুলুম থেকে বিরত রাখবে। এটাই তার প্রতি সাহায্য।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৯৫২)

এই হাদিসের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালিমকে তার অন্যায়ের সুযোগ দেওয়া প্রকৃত ভালোবাসা নয়; বরং তাকে অন্যায় থেকে ফিরিয়ে আনাই প্রকৃত কল্যাণ। একইভাবে মজলুমের পাশে দাঁড়ানো, তার অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করা এবং জালিমের অন্যায় বন্ধে ভূমিকা রাখা ইসলামের নির্দেশনা।

আইনের প্রতি শ্রদ্ধা ও আত্মসংযম

হাত দিয়ে প্রতিহত করার অর্থ এই নয় যে প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো শাস্তি প্রদান বা বলপ্রয়োগ করতে পারবে। বরং নিজের দায়িত্ব, সামর্থ্য, আইনগত অধিকার এবং এর ফলে আরো বড় বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে কি না—এসব বিবেচনা করতে হবে। অন্যায় প্রতিহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রতিরোধের কারণে যেন আরো বড় অন্যায় বা বিপর্যয় সৃষ্টি না হয়। ইমাম নববী (রহ.) বলেন, যদি তার প্রবল ধারণা হয় যে হাত দ্বারা অন্যায় প্রতিহত করতে গেলে এর চেয়েও গুরুতর অন্যায়ের সৃষ্টি হবে; যেমন তাকে হত্যা করা হবে অথবা তার হাত প্রতিহত করার কারণে অন্য কাউকে হত্যা করা হবে, তাহলে সে হাত দিয়ে প্রতিহত করা থেকে বিরত থাকবে এবং মৌখিক প্রতিবাদ, উপদেশ ও সতর্ক করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যদি আশঙ্কা করে যে মুখে প্রতিবাদ করলেও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হবে, তাহলে অন্তর দিয়ে প্রতিবাদ করবে। এ ক্ষেত্রে তার অবকাশ রয়েছে।

(আল-মিনহাজ শরহু সহিহ মুসলিম : ২/২৫)

ইসলামী ফিকহে আত্মরক্ষার ক্ষেত্রে ‘দাফউস সায়িল’ নামের একটি স্বতন্ত্র আলোচনা রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের জীবন, সম্পদ কিংবা সম্মানের ওপর তাৎক্ষণিক আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে আক্রমণ প্রতিহত করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ অপরিহার্য, তার বেশি প্রয়োগ করা যাবে না। (বিস্তারিত দেখুন : রদ্দুল মুহতার ও ফাতাওয়ায়ে আলমগিরি)

প্রতিবাদ ও প্রতিকারের নামে সীমা লঙ্ঘন নিষিদ্ধ।

ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার দিয়েছে, কিন্তু প্রতিশোধপরায়ণতা কিংবা সীমাহীন প্রতিহিংসার অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা বলেন, ‘মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছে। নিশ্চয়ই তিনি জালিমদের ভালোবাসেন না।’

(সুরা আশ-শুরা, আয়াত : ৪০)

আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি (রহ.) বলেন, যে ব্যক্তি অন্যায়ের প্রতিকার করতে চায়, সে যেন অন্যায়ের সমপরিমাণ প্রতিকার গ্রহণ করে, এর বেশি নয়। (তাফসিরে কুরতুবি)

ইসলাম মজলুমকে প্রতিকার গ্রহণের অধিকার দিয়েছে; কিন্তু সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও ন্যায়বিচারের সীমা নির্ধারণ করে দিয়েছে। কেউ অন্যায়ভাবে আঘাত করলে তার জবাবে নিরপরাধ ব্যক্তিকে আঘাত করা, কারো সম্পদ নষ্ট করা কিংবা অপরাধের তুলনায় অতিরিক্ত শাস্তি দেওয়া বৈধ নয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি শাস্তি দাও তবে তোমাদের যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, ততটুকুই শাস্তি দেবে। আর যদি ধৈর্য ধারণ করো, তবে তা ধৈর্যশীলদের জন্য উত্তম।’ (সুরা নাহল, আয়াত : ১২৬)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি।’

(সুরা আশ-শুরা, আয়াত : ৪১-৪২)

এই আয়াত থেকে প্রমাণ হয়, জুলুমের প্রতিকার গ্রহণ করতে গিয়ে নিজেই জালিম হতে পারবে না, বরং অপরাধের সমপরিমাণ প্রতিকার গ্রহণের অধিকার মজলুমের রয়েছে। তবে ব্যক্তিগত প্রতিশোধ এবং বিচারিক প্রতিকারের মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষত হত্যা, শারীরিক জখম ও অন্যান্য অপরাধের শাস্তি নির্ধারণ এবং কিসাস কার্যকর করার বিষয়টি বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ার। কোনো ব্যক্তি নিজে বিচারক সেজে কাউকে শাস্তি দিতে পারে না।

ন্যায়বিচার প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতিবাদ ও প্রতিকারের ক্ষেত্রে ইসলাম ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় সাক্ষ্য দাও। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। তোমরা ন্যায়বিচার করো, এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী।’

(সুরা মায়িদা, আয়াত : ৮)

ইমাম তাবারি (রহ.) আয়াতের ব্যাখ্যায় বলেন, বন্ধু ও শত্রু নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী ন্যায়বিচার করতে হবে। শত্রুতার কারণে কারো প্রতি অবিচার করা যাবে না। (তাফসিরে তাবারি)

অন্যায় ও জুলুমের প্রতিবাদ ও প্রতিকার সংক্রান্ত আয়াতগুলো লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহ প্রতিকার ও প্রতিবিধানের ওপর ক্ষমা ও সহনশীলতাকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি তিনি সর্বপ্রকার সীমা লঙ্ঘন নিষিদ্ধ করেছেন।

আল্লাহ সবাইকে তাঁর সীমা রক্ষা করে চলার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%