০২:১২ এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন দাবি করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়ে কোনো অর্থ পাচারের ঘটনা ঘটবে না। শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার মানের সঙ্গে আপস করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭
তিনি বলেন, বিসিএস শিক্ষা ক্যাডার এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতার মানে পার্থক্য থাকা উচিত নয়। যদিও নিয়োগ পদ্ধতি আলাদা, এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএসের সমপর্যায়ে উন্নীত করতে হবে।
অর্থ পাচার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা ছিল। এ অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাবরেটরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে, তা অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য আধুনিক ল্যাব এবং গবেষণাসুবিধা গড়ে তোলার পরিকল্পনা চাওয়ার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
দক্ষ জনশক্তি তৈরিতে অ্যাভিয়েশন শিক্ষার সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পাইলটের চাহিদা রয়েছে। বাংলাদেশে তুলনামূলক কম খরচে পাইলট প্রশিক্ষণ, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। পাশাপাশি বুয়েটের গবেষণার জন্য ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: নারীদের স্বাবলম্বী হতে হবে, ঘরে বসে থাকলে চলবে না: আফরোজা আব্বাস
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ তাকে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করে সমস্যা সমাধানের শিক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের বাইরেও দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজে ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
এআরবি
আরও পড়ুন: মামুনুল হক: পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন জন্ম হবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন