০১:৩২ এম
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শুরু হওয়া এই উত্তেজনা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলতে থাকে।
আহত শিক্ষার্থীদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগে মামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক নারী শিক্ষার্থীর হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। আন্দোলনের প্রেক্ষিতে বিকেলে অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, রাত ৮টার দিকে বহিরাগত কয়েকজন বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে আসেন। এসময় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের সামনে আগে থেকেই থাকা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা গেটে আসলে বহিরাগতরা পিছু হটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ পদত্যাগ করার পর তার উসকানিতে বহিরাগতরা এসে এই হামলা চালিয়েছে।
এদিকে, দুই পক্ষের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
শিক্ষার্থী রাইসুল ইসলাম জানান, "বিনা উসকানিতে বহিরাগতরা আমাদের উপর হামলা করেছে। অধ্যক্ষ তাদের পাঠিয়েছে। আমাদের আন্দোলন তো বহিরাগতদের সঙ্গে নয়। আমরা আমাদের নিরাপত্তা চাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
ঘটনাস্থলে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, "শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেছেন। আমরা বাইরে সতর্ক অবস্থায় রয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন