০১:৩৬ এম
বিদেশিদের জন্য চীনে ভ্রমণকে সহজতর করতে ভিসা প্রক্রিয়া শিথিল ও প্রবেশের নিয়মকে সহজ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পর্যটক ও ব্যবসায়ীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে একইসাথে চীন থেকে বিদেশে যাত্রা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রযুক্তি খাতের কর্মী, সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট শ্রেণির নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের দেশেই ধরে রাখার জন্য বেইজিং এ পদক্ষেপগুলো নিচ্ছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি জিং পিং বাণিজ্যের বাধা কমানোর আহ্বান জানান। তিনি ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণ সহজ করার মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে তাঁর সরকারের নতুন বিধিনিষেধের কারণে চীন থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বেইজিংয়ের দাবি, এসব পদক্ষেপ সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশযাত্রার উদ্দেশ্য ও গন্তব্য সম্পর্কে নাগরিকদের তথ্য প্রদান করতে হবে। প্রযুক্তি খাতের সংবেদনশীল তথ্যের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কর্তৃপক্ষ কাউকে বিদেশযাত্রায় বাধা দিতে পারবে।
আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলের গণহত্যা, হামলা জোরদার; বন্যা ও অবরোধে দুর্ভোগ
গত সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালায় রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা প্রযুক্তি আমদানি-রপ্তানিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে জাতীয় শিল্প বা প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়লে নাগরিকদের বিদেশযাত্রা আটকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, বিদেশে অবস্থানকালে জাতীয় নিরাপত্তা বা স্বার্থের জন্য হুমকিস্বরূপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোনো নাগরিককে সর্বোচ্চ তিন বছর বিদেশযাত্রা থেকে বিরত রাখা যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ না করার জন্য নাগরিকদের নিরুৎসাহিত করার নির্দেশনাও রয়েছে।
নতুন বিধিমালার আওতায় চীনের বাইরে যাওয়ার উদ্দেশ্য যাচাইয়ের জন্য নাগরিকদের কাছে নথি, প্রয়োজনীয় উপকরণ ও ইলেকট্রনিক তথ্য চাওয়া হতে পারে। তবে সংবেদনশীল প্রযুক্তি বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
বেইজিংভিত্তিক আইন প্রতিষ্ঠান কিং অ্যান্ড উডের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞাবিষয়ক বিশেষজ্ঞ দাই মেংহাও মন্তব্য করেন, নতুন বিধানগুলো কর্তৃপক্ষের বিদ্যমান ক্ষমতার পরিধি মৌলিকভাবে বাড়ায়নি। তবে এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আরো স্পষ্ট ভিত্তি, প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব নির্ধারণ করেছে। বিশেষ করে মালিকানাধীন প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত মার্চে এআই স্টার্টআপ কম্পানি ম্যানুসের দুই চীনা সহপ্রতিষ্ঠাতাকে দেশ ছাড়তে নিষেধ করা হয়। মেটার কাছে কম্পানিটি বিক্রির পরিকল্পনা পর্যালোচনার সময় নিয়ন্ত্রক সংস্থাগুলো তাঁদের বিদেশযাত্রায় বাধা দেয়। পরে চীন ওই অধিগ্রহণ চুক্তি আটকে দেয়।
আরও পড়ুন: দুই ধাক্কা সামলে অটল ভারতের অর্থনীতি, প্রবৃদ্ধি ধরে রাখল ৭.৮ শতাংশে
এছাড়া, এআই ও চিপ খাতের শীর্ষ নির্বাহী এবং তাঁদের সরাসরি আত্মীয়দের বিদেশযাত্রায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্প সময়ের ভ্রমণের ক্ষেত্রেও তাঁদের অনুমতি নিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের বিদেশে চলে যাওয়া ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের অনাবাসিক ফেলো ক্রিস্টোফার নাই বলেন, নতুন বিধিমালার মাধ্যমে বিদেশি কম্পানি ও সরকারগুলোকে বেইজিং একটি বার্তা দিচ্ছে যে মানুষের মাধ্যমেই প্রযুক্তি চীনের বাইরে যায় এবং সরকার সেই পথ নিয়ন্ত্রণ করতে চায়। একই সঙ্গে সাধারণ মানুষকেও বিদেশযাত্রায় বাধা দেওয়ার লিখিত ভিত্তি তৈরি হয়েছে।
তবে বিদেশিদের জন্য চীনে প্রবেশের নিয়ম সহজ করা হচ্ছে। প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়িয়েছে দেশটি। ট্রানজিট ভিসামুক্ত থাকার সময়সীমা বাড়ানোর পাশাপাশি প্রবেশের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। চলতি মাসে কার্যকর হওয়া একটি ব্যবস্থায় যোগ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ীরা চীনে টানা ৯০ দিন অবস্থান করতে পারবেন।
চীনের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ওয়াং জিয়ানহুয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশি পর্যটকদের জন্য ভিসা ও কর ফেরত পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন পর্যটনসেবা উন্নত করা হবে। ২০২৫ সালে ১৫ কোটি পর্যটক আগমনের বিপরীতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে দেশটি।
আরও পড়ুন: পাকিস্তানে শিশুদের ওপর গৃহকর্মের নির্যাতন বন্ধে আট দফা প্রস্তাব
তবে বিদেশযাত্রার ক্ষেত্রে বাড়তি কড়াকড়ির অভিজ্ঞতা হচ্ছে সাধারণ নাগরিকদেরও। চীনের নানজিংয়ের লুকৌ আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ায় একটি কনসার্ট দেখতে যাওয়ার সময় এলসা নামের ২০ বছর বয়সী এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথোপকথন যাচাই করেন অভিবাসন কর্মকর্তা। ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত সেপ্টেম্বরের শুরুতে এ ঘটনা ঘটে।
এলসা ওয়াশিংটন পোস্টকে বলেন, সাধারণ মানুষের ওপর নতুন বিধিমালার প্রভাব পড়বে না বলে অনেকে মনে করলেও তাঁর নিজের অভিজ্ঞতায় সীমান্ত নিয়ন্ত্রণ সাম্প্রতিক সময়ে আরো কঠোর হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদেশযাত্রার আগে অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরছেন অনেকে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং জাপানগামী যাত্রীদের মধ্যে এ ধরনের অভিযোগ বেশি দেখা যাচ্ছে। বিমানবন্দরে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা নিয়েও পরামর্শ দিচ্ছেন ব্যবহারকারীরা।
চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস অবশ্য এসব বিধিনিষেধ নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের সমালোচনাকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আরো শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতেই এসব নিয়ম করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান, ইমরান খানের কারাবাসের অমানবিক পরিবেশ দূর করতে হবে
তবে নতুন বিধিনিষেধ নিয়ে উদ্বেগ বাড়ছে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক হেনরি গাও বলেন, এসব নিয়মের উদ্দেশ্য অধিকাংশ মানুষের ওপর প্রয়োগ করা নয়; বরং বিদেশযাত্রার প্রক্রিয়াকে এতটাই জটিল ও ক্লান্তিকর করে তোলা, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন।
চীনের রাষ্ট্রায়ত্ত একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বছর বয়সী জয় লি জানান, গত আগস্টে কোনো কারণ না দেখিয়েই তাঁকে পাসপোর্ট জমা দিতে বলা হয়। তাঁর মতে, অর্থনীতি ধীরগতির হওয়ায় বিদেশে ভ্রমণ সীমিত করে দেশের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর কৌশল হিসেবেও এসব বিধিনিষেধ ব্যবহার করা হতে পারে।
চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সীমান্ত দিয়ে চীনা ও বিদেশি নাগরিকদের যাতায়াত আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময়ে মূল ভূখণ্ডের চীনা নাগরিকদের বিদেশযাত্রা বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে বিদেশি নাগরিকদের চীনে প্রবেশ বেড়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। তাঁদের বেশির ভাগই ভিসামুক্ত সুবিধায় দেশটিতে প্রবেশ করেছেন।
বিদেশযাত্রার অধিকার সীমিত করার গুঞ্জন নাকচ করে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ভ্রমণের অধিকার দেশটি দৃঢ়ভাবে সংরক্ষণ করে। তবে জয় লির আশঙ্কা, নতুন বিধিমালা বাস্তবায়নের সময় স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরো বিধিনিষেধ যুক্ত করতে পারে। এতে সাধারণ মানুষের বিদেশ ভ্রমণের স্বাধীনতা সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: রিয়াদে হুথিদের হামলায় ১১ জন আহত, জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ
সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন