০১:৩৯ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রিতে রাজি না হওয়ার কারণে বসতবাড়ি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে, ভুক্তভোগী নারী সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। বাদী জানিয়েছেন, ওই ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় এজাহারনামীয় ১৪ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন: মো. শাহিন হোসেন স্বর্ণকার (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) এবং মো. জসিম (৬০)।
এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এজাহার থেকে জানা যায়, স্বামীর মৃত্যুর পর ৩ সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন বাদী। অভিযুক্ত শাহিন হোসেন স্বর্ণকার প্রায় ছয় মাস ধরে তাকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। জমি বিক্রিতে রাজি না হওয়ায়, বাদীকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়।
আরও পড়ুন: সাইবার আইন সংশোধনের আহ্বান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে
বাদী সুলতানার অভিযোগ, ভোর রাতে দেশীয় অস্ত্র, এক্সকাভেটর ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে ঢুকে পড়ে। এক্সকাভেটর দিয়ে ৪ কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়। অভিযুক্তরা বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, একই সময়ে সুলতানার বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবন সংলগ্ন বেকারিও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি, মালামাল এবং ক্যাশ বক্সে থাকা নগদ ৪৫ হাজার টাকা লুট হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: নভোএয়ারের ‘হোয়াইট ফ্রাইডে’ অফারে টিকিটে ২৬% ছাড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন