ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভিকিই আমার সব অস্থিরতার মাঝে একমাত্র শান্তির আশ্রয়: ক্যাটরিনা কাইফ


ভিকিই আমার সব অস্থিরতার মাঝে একমাত্র শান্তির আশ্রয়: ক্যাটরিনা কাইফ

বিয়ে ও মাতৃত্ব—জীবনের দুটি নতুন অধ্যায় উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সংসার এবং সন্তানের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিজের প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র কাজেও সমানভাবে মনোযোগ দিচ্ছেন। ২০১৯ সালে ভারতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের বাজারেও প্রবেশ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা ব্যবসা, অভিনয় এবং মাতৃত্বের দায়িত্বগুলি একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, জীবনের ব্যস্ততা ও অস্থিরতার মাঝে স্বামী ভিকি কৌশলই তার সবচেয়ে বড় প্রশান্তির জায়গা।

সিএনবিসি-টিভি১৮-এর ‘ইয়ং টার্কস রিলোডেড’ অনুষ্ঠানে নায়কা-র অদ্বৈত নায়ারের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন ক্যাটরিনা। মা হওয়ার পর কিভাবে ব্যবসার জন্য সময় বের করছেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘ব্র্যান্ডটিকে আজ এই জায়গায় নিয়ে আসতে গেলে ঘড়ির কাঁটা ধরে কাজ করলে চলে না। যদিও বাড়িতে একজন আছেন, যিনি ঠিকই ঘণ্টা গুনছেন—তিনি আমার স্বামী! সারাক্ষণ বলেন, ‘এবার ফোনটা রাখো!’ আসলে কাজটা যখন নেশার মতো হয়ে যায়, তখন আর সময়ের খেয়াল থাকে না। আমরা দু’জনেই সদ্য মা-বাবা হয়েছি, তা সত্ত্বেও শনিবার বা রবিবার ছুটির দিনেও আমাদের কাজের কথা চলতেই থাকে।’

আরও পড়ুন: নতুন সিনেমার জন্য চুল ছোট করলেন সাই পল্লবী

ক্যাটরিনা স্বীকার করেছেন যে, অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী এবং মা হিসেবে একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করা সহজ নয়। সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় রাখার প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেছেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘সব কিছু একসঙ্গে সামলানোর জন্য আমি নিজেকে কিছুটা সময় আর পরিসর দিতে চাই। সব সময় যে নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। দিনের শেষে এমন মুহূর্ত আসে যখন প্রচণ্ড ক্লান্ত আর মানসিক চাপে বিধ্বস্ত লাগে। কিন্তু বলতেই হবে, আমার স্বামী ভীষণভাবে পাশে থাকেন। আমার যাবতীয় অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তির আশ্রয়।’

ভিকি ও ক্যাটরিনার প্রেমের গল্পও বেশ সিনেম্যাটিক। ২০১৮ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে তার জুটি ভালো মানাবে। এই কথা শুনে অনুষ্ঠানের মঞ্চেই অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ভিকি। পরে ২০১৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং করণ জোহরের পার্টিতে প্রথম দেখা হয় তাদের। লকডাউনের সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। অবশেষে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালের নভেম্বরে তাদের ঘরে আসে প্রথম সন্তান বিহান কৌশল।

কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অন্যদিকে, গত বছর ‘ছাবা’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন ভিকি। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘মহাবতার’-এর মতো বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাকে।

আরও পড়ুন: জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে নামবে ‘দার-ই-নিজাত’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার জানিয়েছেন, "আমি জানি, আমার স্বামী নির্দোষ। তার মোবাইল হ্যাক হয়েছিল। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।"

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালতের সামনে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।

জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে স্ত্রী মাসুমা আক্তার বলেন, "আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীর কোনো লবিং করে চাকরি হয়নি।"

তিনি আরও জানান, "তিনি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। আমি এমনটাই শুনে আসছি।" মাসুমা আক্তার বলেন, "আমার স্বামী কখনো রাজনীতি করেননি, ফাঁদে পড়েছেন। আমার স্বামী নির্দোষ। বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল।"

তিনি উল্লেখ করেন, "তার ও পরিবারের রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে এলাকায় যান। তার বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকের ছেলে। নিজে লেখাপড়া করে চাকরিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।"

মাসুমার দাবি, "তার স্বামির বিরুদ্ধে মিডিয়ায় ভুল তথ্য আসছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের দল অভিযান পরিচালনা করেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

প্রায় তিন ঘণ্টার দীর্ঘ অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয়। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রও পরীক্ষা-নিরীক্ষা ও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

অভিযানের পর ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। আমরা নথিপত্র সংগ্রহ করেছি। সেগুলো সর্বোচ্চ যাচাই-বাছাই করা হবে। সার্বিক বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।’

এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনসহ কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ময়মনসিংহে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ

ময়মনসিংহ জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৪৫৫টি। এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৯৮ হাজার ১০১টি, অস্থায়ী ১৯ হাজার ১০৯টি এবং অর্থনৈতিক খানা ১ লাখ ২৯ হাজার ২৪৫টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারির জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সৌরভ পাল মিঠুন। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রমিজা বেগম।

সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।

বক্তারা বলেন, একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরতে অর্থনৈতিক শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শুমারির মাধ্যমে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা, নিয়োজিত জনবল, প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ সহজ হয়।

তারা জানান, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষিবহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ করার লক্ষ্যে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) ও জিআইএস ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় শুমারি হয় ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে এবং তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, ১৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা সমবায় কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে

ভারত নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে দেশের সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল। প্রকল্পটির ব্যয় প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি বা ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলার, এবং এটি বাস্তবায়নে প্রায় ছয় বছর সময় লাগবে।

নতুন নেটওয়ার্ক চালু হলে ভারতের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে সর্বোচ্চ ৭৬৫ কেভি ভোল্টেজের সঞ্চালন লাইন রয়েছে। নতুন ১১৫০ কেভি ব্যবস্থার মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার রাতে প্রকাশিত বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, ভারতের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল প্রকল্পটি অনুমোদন করেছে।

ভারত জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ করছে। এদিকে, ব্যাটারি সংরক্ষণব্যবস্থাও বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশটির জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি, যা ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যুৎ সঞ্চালনে জমির ব্যবহার ও অবকাঠামোগত ব্যয় কমানো। প্রচলিত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহনে আরও বেশি সঞ্চালন করিডর ও জমির প্রয়োজন হয়।

অন্যদিকে ১১৫০ কেভির নেটওয়ার্কে তুলনামূলক কমসংখ্যক লাইন ব্যবহার করেই একই পরিমাণ বিদ্যুৎ পরিবহন সম্ভব হবে। এতে জমির ব্যবহার ও বিদ্যুৎ সঞ্চালনের সময় শক্তির অপচয়ও কমবে।

পশ্চিমাঞ্চলের রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন দ্রুত বাড়ছে। অপরদিকে, পূর্বাঞ্চলের ওডিশার মতো শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব অঞ্চলের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য বজায় রাখতেই নতুন নেটওয়ার্কের পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পের প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে যুক্ত করা হবে। পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মিত ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চভোল্টেজ সঞ্চালনব্যবস্থার সঙ্গেও এটি সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%