প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ে ও মাতৃত্ব—জীবনের দুটি নতুন অধ্যায় উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সংসার এবং সন্তানের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিজের প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র কাজেও সমানভাবে মনোযোগ দিচ্ছেন। ২০১৯ সালে ভারতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের বাজারেও প্রবেশ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা ব্যবসা, অভিনয় এবং মাতৃত্বের দায়িত্বগুলি একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, জীবনের ব্যস্ততা ও অস্থিরতার মাঝে স্বামী ভিকি কৌশলই তার সবচেয়ে বড় প্রশান্তির জায়গা।
সিএনবিসি-টিভি১৮-এর ‘ইয়ং টার্কস রিলোডেড’ অনুষ্ঠানে নায়কা-র অদ্বৈত নায়ারের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন ক্যাটরিনা। মা হওয়ার পর কিভাবে ব্যবসার জন্য সময় বের করছেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘ব্র্যান্ডটিকে আজ এই জায়গায় নিয়ে আসতে গেলে ঘড়ির কাঁটা ধরে কাজ করলে চলে না। যদিও বাড়িতে একজন আছেন, যিনি ঠিকই ঘণ্টা গুনছেন—তিনি আমার স্বামী! সারাক্ষণ বলেন, ‘এবার ফোনটা রাখো!’ আসলে কাজটা যখন নেশার মতো হয়ে যায়, তখন আর সময়ের খেয়াল থাকে না। আমরা দু’জনেই সদ্য মা-বাবা হয়েছি, তা সত্ত্বেও শনিবার বা রবিবার ছুটির দিনেও আমাদের কাজের কথা চলতেই থাকে।’
ক্যাটরিনা স্বীকার করেছেন যে, অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী এবং মা হিসেবে একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করা সহজ নয়। সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় রাখার প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেছেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘সব কিছু একসঙ্গে সামলানোর জন্য আমি নিজেকে কিছুটা সময় আর পরিসর দিতে চাই। সব সময় যে নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। দিনের শেষে এমন মুহূর্ত আসে যখন প্রচণ্ড ক্লান্ত আর মানসিক চাপে বিধ্বস্ত লাগে। কিন্তু বলতেই হবে, আমার স্বামী ভীষণভাবে পাশে থাকেন। আমার যাবতীয় অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তির আশ্রয়।’
ভিকি ও ক্যাটরিনার প্রেমের গল্পও বেশ সিনেম্যাটিক। ২০১৮ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে তার জুটি ভালো মানাবে। এই কথা শুনে অনুষ্ঠানের মঞ্চেই অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ভিকি। পরে ২০১৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং করণ জোহরের পার্টিতে প্রথম দেখা হয় তাদের। লকডাউনের সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। অবশেষে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালের নভেম্বরে তাদের ঘরে আসে প্রথম সন্তান বিহান কৌশল।
কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অন্যদিকে, গত বছর ‘ছাবা’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন ভিকি। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘মহাবতার’-এর মতো বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন