০৮:৩২ পি.এম
ময়মনসিংহ জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৪৫৫টি। এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৯৮ হাজার ১০১টি, অস্থায়ী ১৯ হাজার ১০৯টি এবং অর্থনৈতিক খানা ১ লাখ ২৯ হাজার ২৪৫টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারির জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সৌরভ পাল মিঠুন। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রমিজা বেগম।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
বক্তারা বলেন, একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরতে অর্থনৈতিক শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শুমারির মাধ্যমে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা, নিয়োজিত জনবল, প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ সহজ হয়।
তারা জানান, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষিবহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ করার লক্ষ্যে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) ও জিআইএস ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় শুমারি হয় ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে এবং তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, ১৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা সমবায় কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন