০৮:৩৩ পি.এম
বিশ্বের দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনসের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশীয় ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরস। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে বাংলাদেশি পর্যটকেরা বেঙ্গল ভিসতা ট্যুরসের মাধ্যমে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।
এই উদ্যোগের ধারাবাহিকতায়, বেঙ্গল ভিসতা ট্যুরস ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে এ অভিযান পরিচালিত হবে।
সম্প্রতি, বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময়, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: মশা মাছিতে অতিষ্ঠ হলে গাছ রোপণের পরামর্শ
বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দীন সুমন নামে পরিচিত, তিনি এ অংশীদারিত্বের জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে অ্যান্টার্কটিকা অভিযানের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
২০২৭ সালের জুলাইয়ের আর্কটিক অভিযানে, পর্যটকেরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণ করবেন। এ অভিযানে বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ আর্কটিকের বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে, বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার কার্যক্রম আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।
সালাহউদ্দীন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।
আরও পড়ুন: লিলির নতুন গ্লো সোপের উদ্বোধন, ত্বকের যত্নে সিরামের গুণ
প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশ থেকেই বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতির সহযোগিতা দিয়ে পর্যটকদের কাছে এ ধরনের ব্যতিক্রমী অভিযান সহজলভ্য করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন