ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে


কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের দল অভিযান পরিচালনা করেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

প্রায় তিন ঘণ্টার দীর্ঘ অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয়। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রও পরীক্ষা-নিরীক্ষা ও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

অভিযানের পর ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। আমরা নথিপত্র সংগ্রহ করেছি। সেগুলো সর্বোচ্চ যাচাই-বাছাই করা হবে। সার্বিক বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।’

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনসহ কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ময়মনসিংহে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ

ময়মনসিংহ জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৪৫৫টি। এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৯৮ হাজার ১০১টি, অস্থায়ী ১৯ হাজার ১০৯টি এবং অর্থনৈতিক খানা ১ লাখ ২৯ হাজার ২৪৫টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারির জাতীয় প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সৌরভ পাল মিঠুন। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রমিজা বেগম।

সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।

বক্তারা বলেন, একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরতে অর্থনৈতিক শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শুমারির মাধ্যমে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা, নিয়োজিত জনবল, প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ সহজ হয়।

তারা জানান, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষিবহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ করার লক্ষ্যে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) ও জিআইএস ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় শুমারি হয় ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে এবং তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, ১৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা সমবায় কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে

ভারত নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে দেশের সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল। প্রকল্পটির ব্যয় প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি বা ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলার, এবং এটি বাস্তবায়নে প্রায় ছয় বছর সময় লাগবে।

নতুন নেটওয়ার্ক চালু হলে ভারতের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে সর্বোচ্চ ৭৬৫ কেভি ভোল্টেজের সঞ্চালন লাইন রয়েছে। নতুন ১১৫০ কেভি ব্যবস্থার মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার রাতে প্রকাশিত বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, ভারতের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল প্রকল্পটি অনুমোদন করেছে।

ভারত জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ করছে। এদিকে, ব্যাটারি সংরক্ষণব্যবস্থাও বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশটির জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি, যা ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যুৎ সঞ্চালনে জমির ব্যবহার ও অবকাঠামোগত ব্যয় কমানো। প্রচলিত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহনে আরও বেশি সঞ্চালন করিডর ও জমির প্রয়োজন হয়।

অন্যদিকে ১১৫০ কেভির নেটওয়ার্কে তুলনামূলক কমসংখ্যক লাইন ব্যবহার করেই একই পরিমাণ বিদ্যুৎ পরিবহন সম্ভব হবে। এতে জমির ব্যবহার ও বিদ্যুৎ সঞ্চালনের সময় শক্তির অপচয়ও কমবে।

পশ্চিমাঞ্চলের রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন দ্রুত বাড়ছে। অপরদিকে, পূর্বাঞ্চলের ওডিশার মতো শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব অঞ্চলের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য বজায় রাখতেই নতুন নেটওয়ার্কের পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পের প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে যুক্ত করা হবে। পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মিত ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চভোল্টেজ সঞ্চালনব্যবস্থার সঙ্গেও এটি সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন

বিশ্বের দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনসের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশীয় ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরস। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে বাংলাদেশি পর্যটকেরা বেঙ্গল ভিসতা ট্যুরসের মাধ্যমে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।

এই উদ্যোগের ধারাবাহিকতায়, বেঙ্গল ভিসতা ট্যুরস ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে এ অভিযান পরিচালিত হবে।

সম্প্রতি, বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময়, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দীন সুমন নামে পরিচিত, তিনি এ অংশীদারিত্বের জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে অ্যান্টার্কটিকা অভিযানের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

২০২৭ সালের জুলাইয়ের আর্কটিক অভিযানে, পর্যটকেরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণ করবেন। এ অভিযানে বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ আর্কটিকের বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে, বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার কার্যক্রম আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।

সালাহউদ্দীন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশ থেকেই বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতির সহযোগিতা দিয়ে পর্যটকদের কাছে এ ধরনের ব্যতিক্রমী অভিযান সহজলভ্য করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসবের আয়োজন স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসবের আয়োজন স্পেনে

স্পেনের জন্য বিশ্বকাপ জয়ের আনন্দের অনুভূতি এখনো বিদ্যমান। সেই আনন্দকে আরও স্মরণীয় করে তোলার উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচের পূর্বে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে বিশেষ আয়োজন করছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফিটি সমর্থকদের সামনে প্রদর্শন করা হবে। এছাড়া বিশাল টিফো, আলোকসজ্জা এবং বিশ্বকাপজয়ী দুই প্রজন্মের খেলোয়াড়দের সম্মাননা থাকবে এই অনুষ্ঠানে।

রোববার (১৫ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ইংল্যান্ডের মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের দল। বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। এর পূর্বে স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্মৃতি উদ্‌যাপনের জন্য এবার মাদ্রিদে আনা হচ্ছে বিশ্বকাপ ট্রফিটি। এর আগে সেভিয়া ও ওভিয়েদোতে স্পেনের সমর্থকদের সামনে ট্রফিটি প্রদর্শন করা হয়েছিল। মাদ্রিদ হবে এই আয়োজনের তৃতীয় ভেন্যু। ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের একজন সাবেক খেলোয়াড় সমর্থকদের সামনে ট্রফিটি তুলে ধরবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ইকার ক্যাসিয়াস, ফার্নান্দো তোরেস ও ফার্নান্দো ইয়োরেন্তের।

ম্যাচের আগে উন্মোচন করা হবে ‘ফ্রম মাদ্রিদ টু দ্য স্টারস’ শিরোনামের বিশাল টিফো। এতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এবং ২০২৬ সালে নিউইয়র্কে দ্বিতীয়বার বিশ্বকাপজয়ী স্পেনের দুই প্রজন্মকে সম্মান জানানো হবে। গ্যালারিজুড়ে স্পেনের জাতীয় পতাকার মোজাইকও তৈরি করা হবে। এ ছাড়া স্টেডিয়ামে থাকবে বিশেষ আলোকসজ্জা ও সংগীত পরিবেশনা।

শুধুমাত্র জাতীয় দলের বিশ্বকাপ জয় নয়, স্পেনের বয়সভিত্তিক ফুটবলের সাফল্যও উদ্‌যাপন করা হবে। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়েরা নিজেদের ট্রফি সমর্থকদের সামনে তুলে ধরবেন। একই অনুষ্ঠানে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের এবং প্রয়াত ফুটবলার হেসুস দে মিগুয়েলকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হবে।

উৎসবের আয়োজন শেষ হলে মনোযোগ মাঠের লড়াইয়ের দিকে ফিরবে। নেশন্স লিগের গ্রুপ এ৩-তে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২। ফলে গ্রুপের শেষ ম্যাচে জয় পেলে শীর্ষস্থান নিশ্চিত করবে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের সামনে সমান পয়েন্টে পৌঁছে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে।

বিশ্বকাপ জয়ের উৎসব, দুই প্রজন্মের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মাননা এবং গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াই—সব মিলিয়ে মাদ্রিদের মেট্রোপলিটানোতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্পেনের জন্য বিশেষ এক রাত হয়ে উঠতে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%