০৯:০৮ পি.এম
নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী এবং ১৫ বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার বিকেলে উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুলের মৃত্যু হয়।
নিহত সাইকুল ইসলাম চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন বড় ভাই সাইদুর রহমান।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইকুল ছয় ভাইয়ের মধ্যে একমাত্র যিনি গ্রামের বাড়িতে বসবাস করতেন। অন্য ভাইদের মধ্যে তিনজন ঢাকায়, একজন প্রবাসে এবং অপরজন বারহাট্টা শহরে অবস্থান করছেন। কয়েক দিন আগে সাইদুর রহমান স্ত্রী ও ছেলেকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন এবং বাড়ির সীমানা নির্ধারণ ও দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে ছোট ভাই সাইকুলের সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সাইদুর, তাঁর স্ত্রী ও ছেলে মিলে লাঠিসোঁটা নিয়ে সাইকুলের ওপর হামলা চালান। হামলার সময় সাইকুলের মাথায় একাধিক আঘাত লাগে। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসলে সাইকুলের স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সাইকুলের মৃত্যু ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সামান্য সীমানার বিরোধে একটি প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।"
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাইকুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন