০৬:৪৭ পি.এম
ঝালকাঠি, ১৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধের লক্ষ্যে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’ (পিভিএইচপি) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
আরও পড়ুন: গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ
এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এতে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ।
জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কর্মশালায় নারী শিক্ষা প্রসারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা এবং এসব বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা উল্লেখ করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধের জন্য শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা আরও বলেন, কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন