০৬:৫৫ পি.এম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন ২০২৪ সালে দেশটিতে যেতে না পারা কর্মীরা। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মপ্রত্যাশী।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিশ্চিত করা যায়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় প্রবেশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকা সত্ত্বেও ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। বিক্ষোভকারীরা দাবি করেছেন, তাদের মধ্যে কয়েকশ কর্মী পরবর্তী সময়ে মালয়েশিয়ায় যেতে পারলেও এখনো হাজারো কর্মী অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন: কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়া দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে। এই প্রেক্ষাপটে, সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য হচ্ছে ডিসেম্বরের আগে কর্মী পাঠানো শুরু করা। প্রথম পর্যায়ে ১১২ জন পুরুষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন