০৬:৫৩ পি.এম
গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার বিষয়টি জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে, যা সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা প্রকাশ করেছেন।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা আইনমন্ত্রীর কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেন।
তাহসিনা রুশদীর লুনা তার বক্তব্যে উল্লেখ করেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে বন্দি আছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত বৃহস্পতিবার আদালতে হাজির করার সময় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল তারা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার কারণে তারা মর্মাহত হয়েছেন এবং তার মতো ভুক্তভোগী বহু পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে।
সংসদে বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তোলেন, সরকার কি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, নাকি তার প্রতি বিশেষ মানবিকতা প্রদর্শন করা হচ্ছে? ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন অমানবিক আচরণের বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন