০৭:০০ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের আলহরি ও জয়দায় কৃত্রিম প্রজনন (এআই) ও প্রাণিসেবা পেয়ে উপকৃত হচ্ছেন প্রান্তিক গরুর খামারিরা। বাড়ির কাছেই স্বল্প খরচে উন্নত জাতের গবাদিপশুর প্রজনন পাওয়ায় খুশি স্থানীয় ক্ষুদ্র খামারিরা।
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত এআই কর্মী কামাল হোসেন উপসহকারীদের
মাধ্যমে এসব সেবা দিয়ে থাকেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা এ কার্যক্রমের সুফল পাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঠবাড়ি ইউনিয়নের আলহরি ও জয়দা এলাকায় নিয়মিত কৃত্রিম প্রজননসেবা দেওয়া হচ্ছে। এআই কার্যক্রমে উন্নতমানের সিমেন (বীজ) ব্যবহার করায় খামারিরা উন্নত জাতের বাছুর পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে।
সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত এআই কর্মী কামাল হোসেন বলেন, কৃত্রিম প্রজননে সর্বোচ্চ উন্নতমানের সিমেন ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে খামারিরা উন্নত জাতের বাছুর পাচ্ছেন। ফলে স্থানীয়ভাবে গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
স্থানীয় খামারিরা জানান, আগে প্রজনন ও চিকিৎসাসেবা নিতে দূরে যেতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। এখন বাড়ির কাছেই স্বল্প খরচে এসব সেবা পাওয়ায় তাদের ভোগান্তি অনেক কমেছে। উন্নত জাতের বাছুর পাওয়ার ফলে ভবিষ্যতে ডেইরি খামারের পরিসর আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন তারা।
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা বলেন, “প্রান্তিক খামারিদের উন্নত জাতের গবাদিপশু পালনে উৎসাহিত করা এবং তাদের আয় বাড়ানোর লক্ষ্যেই এ সেবা চালু রাখা হয়েছে। খামারিরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পান, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, শুধু কৃত্রিম প্রজনন নয়, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার বিষয়েও খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের সরকারি প্রাণিসেবা আরও সম্প্রসারণ করা গেলে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারিদের কর্মসংস্থান ও আয় বাড়বে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন