মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:১৩ পি.এম
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে আত্মহত্যা করেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু ঘটে। পরবর্তীতে তার মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
আরজে মিটে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র, যিনি ‘ফ্লিন’ নামেও পরিচিত, সেই চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। সিরিজে তিনি ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে হিসেবে ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটির পাঁচটি মৌসুমে তিনি অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং বিনোদনজগতে তাদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে পরিচিতি অর্জন করেছিলেন মিটে। তার সেরিব্রাল পালসি ছিল। দর্শক ও সমালোচকরা মনে করেন, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা তার অভিনীত চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল।
‘ব্রেকিং ব্যাড’-এর বাইরেও ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এর মতো টেলিভিশন প্রযোজনায় তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন।
মিটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহশিল্পী ব্রায়ান ক্র্যানস্টন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় তিনি মিটেকে নিজের ‘প্রিয় ছেলে’ হিসেবে উল্লেখ করেছেন। অভিনয়ের প্রতি মিটের নিষ্ঠা, দৃঢ়তা এবং প্রতিবন্ধী শিল্পীদের পক্ষে তার ভূমিকার প্রশংসা করেছেন ক্র্যানস্টন।
মিটের মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব ও অধিকার নিয়ে তার কাজ তাকে স্মরণীয় করে রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে। কিছু দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। হামলার তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।
সোমবার ফ্রান্সের প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, যেমন ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, এবং ই লেক্লের, সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, এ ধরনের হামলা সত্যিই নজিরবিহীন।
বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারমার্শে এবং তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। কো-অপারেটিভ ইউয়ের শতাধিক বিক্রয়কেন্দ্রও আক্রান্ত হয়েছে।
ক্যারেফুর জানিয়েছে, তাদের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোপ্রি জানিয়েছে, তাদের প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশ এ হামলার কবলে পড়েছে। ই লেক্লেরও জানিয়েছে, তাদের কয়েকটি দোকানে হামলা হয়েছে।
প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ফ্রান্সের কয়েকটি প্রধান খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজে ‘বড় পরিসরের’ হামলা চালানো হয়েছে। এর ফলে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, অন্যান্য দেশও আক্রান্ত হয়ে থাকতে পারে। তাই ইউরোপের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ফ্রান্স। দেশটির অন্যান্য প্রতিষ্ঠানগুলোও ঝুঁকিতে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক দিনেই ক্ষতি কয়েক কোটি ইউরো
এ হামলায় পুরো খাতের মোট ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে ইন্টারমার্শের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি কোটিয়ার্দ বিএফএম টিভিকে জানিয়েছেন, দেশজুড়ে এক দিনেই এ ঘটনায় কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।
বিএফএম টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা দূর থেকে সুপারমার্কেটগুলোর হিমায়নব্যবস্থায় জোরপূর্বক বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেয়। এর ফলে তাজা ও হিমায়িত পণ্যের মজুত নষ্ট হয়ে যায়।
ইন্টারমার্শে এএফপিকে জানিয়েছে, আক্রান্ত দোকানগুলোকে সব তাজা ও হিমায়িত পণ্য ফেলে দিতে হবে।
কো-অপারেটিভ ইউয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক শেলশে জানিয়েছেন, রোববার রাত থেকেই তাদের হিমায়নব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাজা খাবার সংরক্ষণ ও ফরাসি জনগণের খাদ্য সরবরাহের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতিতে হামলা অত্যন্ত গুরুতর, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য।
তিনি আরও জানান, দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির কর্মীরা কাজ করছেন। হামলার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
ত্রুটিপূর্ণ সফটওয়্যার নিয়ে প্রশ্ন
সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজার সাধারণত একটি নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। একটি দোকানের একাধিক হিমায়নযন্ত্র এ ব্যবস্থার আওতায় থাকে। রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য এগুলো ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে নিরাপত্তার ত্রুটি থাকলে হ্যাকাররা দূর থেকেই এসব যন্ত্রের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।
প্রধানমন্ত্রী লেকর্নুর কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে এএনএসএসআই।
ড্যানফস জানিয়েছে, ফ্রান্সে তাদের সীমিতসংখ্যক হিমায়নব্যবস্থায় এ ধরনের ঘটনার বিষয়ে তারা অবগত। প্রতিষ্ঠানটি বলেছে, আক্রান্ত যন্ত্রগুলোতে পুরোনো ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল। গ্রাহকদের দীর্ঘদিন ধরেই সফটওয়্যার হালনাগাদ রাখা এবং পুরোনো যন্ত্রপাতি বদলে ফেলার পরামর্শ দিয়ে আসছে তারা।
গত ৯ আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোটি ড্যানফসের ব্যবস্থায় থাকা কয়েকটি নিরাপত্তাত্রুটি নিয়ে গবেষণা প্রকাশ করে। ওই গবেষণায় বলা হয়েছিল, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা পরিচয় যাচাইয়ের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারে।
ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন এফসিডি ড্যানফসের কাছে এ বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, আক্রান্ত কিছু দোকানে ইতিমধ্যে কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
ইউরোপের আরও দেশে হামলার আশঙ্কা
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকোইয়া থ্রেট ডিটেকশন অ্যান্ড রিসার্চের জ্যেষ্ঠ সাইবার হুমকি বিশ্লেষক ফেলিক্স এইম রয়টার্সকে জানিয়েছেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামও এ ঘটনায় আক্রান্ত হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক স্টিভেন লাচ্যান্স আল-জাজিরাকে বলেছেন, এ ধরনের হামলা একেবারে নজিরবিহীন নয়। তবে এত বড় পরিসরে হামলা বিরল। ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রপাতিতে কোনো নিরাপত্তাত্রুটি পাওয়া গেলে হামলাকারীরা দূর থেকে সেগুলোতে প্রবেশ করে বিভিন্ন কার্যক্রম চালু করতে পারে।
লাচ্যান্স বলেন, ‘আমাদের এমন অবকাঠামো রয়েছে, যা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত এবং সার্বক্ষণিক চালু থাকে। এগুলো হ্যাক করা সম্ভব। এটাই এখনকার বাস্তবতা।’
তিনি এ ঘটনাকে বিশ্বজুড়ে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এ ধরনের হামলা ঠেকাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
লাচ্যান্স সতর্ক করে বলেন, সুপারমার্কেটগুলোতে হামলায় ইতিমধ্যে লাখ লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে। তবে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে।
তিনি বলেন, ‘পরবর্তী লক্ষ্য হতে পারে জ্বালানি অবকাঠামো কিংবা হাসপাতাল।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হুথিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ ফাঁকা হয়ে পড়েছে, ফলে কর্তৃপক্ষ শনিবার পর্যন্ত রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। এয়ারলাইনসগুলোও তাদের ফ্লাইট বাতিল করেছে। এই তথ্যটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দ্বারা প্রকাশিত হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনার নিরাপত্তা এবং পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করার প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি আরবের জেদ্দার পর দ্বিতীয় ব্যস্ততম কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার গভীর রাতে হুথিরা জানিয়েছে, তারা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ পূর্বে সৌদি আরব জানিয়েছিল, গোষ্ঠীটির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে। হুথিরা তাদের এক বিবৃতিতে আরও জানায়, তারা দেশটির দক্ষিণ-পশ্চিমের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
সোমবার জারি করা নোটিস টু এয়ারমেন অনুযায়ী, ১৭ অক্টোবর গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন, যা এক দশকের বেশি সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। রোববার আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১০ থেকে ১৪ নম্বরের সড়ক। এই এলাকা একসময় ছিল হাঁকডাক এবং যানজটে ভরা। সন্ধ্যার পর ফুটপাতেও হাঁটার উপায় ছিল না। তবে এখন সেই চিরচেনা ব্যস্ততা এবং হাঁকডাক আর নেই। ফুটপাতের ব্যবসায়ীদের যে আধিক্য ছিল, সেটিও এখন নেই। হকার উচ্ছেদের ফলে বদলে গেছে এই এলাকা। এটি যেন অন্য এক মিরপুর।
অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একের পর এক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে সাধারণ নগরবাসীর প্রশংসা অর্জন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)। বিশেষ করে রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুরে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত মুক্ত করার জন্য তার কঠোর ও ত্বরিত ভূমিকা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফুটপাত উচ্ছেদ ও পথচারীবান্ধব মিরপুর দীর্ঘদিন ধরে মিরপুরের ১০ নম্বর গোলচত্বর, ১২ নম্বর, পল্লবী এবং আশপাশের এলাকার ফুটপাত অবৈধ হকার ও দোকানের দখলে ছিল। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো এবং তৈরি হতো তীব্র যানজট।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের প্রত্যক্ষ নির্দেশনায় ডিএনসিসি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে মিরপুরের প্রধান প্রধান ফুটপাত হকারমুক্ত করেছেন।
ফুটপাত দখলমুক্ত হওয়ার ফলে পথচারীরা এখন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যাতায়াত করতে পারছেন। প্রধান সড়কগুলোর পাশে অবৈধ জটলা না থাকায় মিরপুর এলাকার যানজট অনেকাংশেই কমে এসেছে। যত্রতত্র দোকান বসানো বন্ধ করে নির্দিষ্ট নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সার্বিক উন্নয়ন ও অন্যান্য উল্লেখযোগ্য কর্মকাণ্ড
শুধু ফুটপাত মুক্ত করাই নয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকা উত্তরের নাগরিক সেবা উন্নত করতে বিভিন্নমুখী উদ্যোগ বাস্তবায়ন করছেন মো. শফিকুল ইসলাম খান।
মশা নিধন ও স্বাস্থ্য
ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে লার্ভিসাইড প্রয়োগ, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং সরাসরি তদারকি করছেন প্রশাসক। বর্জ্য ব্যবস্থাপনা ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন কার্যকর করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বর্ষার আগেই মিরপুর ও সংলগ্ন এলাকার প্রধান ড্রেন এবং খালগুলো পরিষ্কার করে পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ করা হয়েছে।
সড়ক ও আলো মিরপুরের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং প্রতিটি অলিতে-গলিতে এলইডি স্ট্রিট লাইটের কাভারেজ নিশ্চিত করা হচ্ছে।
মিরপুরের স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় ছিল না। ডিএনসিসি প্রশাসকের এই দৃঢ় পদক্ষেপের ফলে এলাকাটিতে নতুন রূপ ফিরে এসেছে।
স্থানীয় একজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, প্রশাসক মিল্টনের উদ্যোগের কারণে এখন পথচারীরা নিরাপদে হাঁটতে পারছেন। এ ধরনের জনকল্যাণমুখী কাজ সত্যিই প্রশংসনীয়।
সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চান। উচ্ছেদকৃত ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং বজায় রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২৬ : জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য ৩ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১ টায় জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক উল্লেখ করেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কাজের জন্য নিবেদিত। তিনি বলেন, "আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কাজ করে যাচ্ছি।"
তিনি আরও জানান, এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ড ও গার্ডওয়ালসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ। জেলায় ১৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১ম পর্যায়ের কাজের জন্য চেক হস্তান্তর করা হচ্ছে। পিআইসি ও টেন্ডারের মাধ্যমে ধারাবাহিকভাবে এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে।
পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।" তিনি বলেন, সরকারের দেয়া বরাদ্দ যাতে কোনভাবে অপচয় না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। জেলা পরিষদ কর্মকর্তা ও জেলা পরিষদ প্রশাসক এসব কাজ পরিদর্শন করবেন বলেও তিনি জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইমাম, মুহতামিম, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কাজে ৩ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ