০৬:৩৪ এম
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাসুদেবপুর রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রেলওয়ের খালাসি শাহার আলী বিষয়টি তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানার পুলিশকে অবহিত করেন। নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদ পেয়ে রেলওয়ে (জিআরপি) শান্তাহার থানার এসআই মাহফুজুর রহমান এবং তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। পোস্টমর্টেম ও অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি শান্তাহার জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিটির আনুমানিক বয়স ৪০ বছর এবং তিনি একজন পুরুষ। নিহত ঐ ব্যক্তির এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন