০২:৩৮ পি.এম
রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় আটক এই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: মংডু শহরের পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। আটককৃতদের মধ্যে একজন বিজিপি সদস্য ও অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
এই বিষয়ে টেকনাফ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম মন্তব্য করেছেন, ‘নাফ নদী সাঁতরে সোমবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। রাতের দিকে যাচাই-বাছাই করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি।’
মো. সাইফুল ইসলাম আরো বলেন, ‘মিয়ানমারের তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হচ্ছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন