ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা


শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মো. আলম শেখ (৪১) নামের একজন ব্যক্তিকে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর মনে করে। তাঁরা তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাঁর মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আঙুলের ছাপের মাধ্যমে আলম শেখের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

পুলিশের বরাত অনুযায়ী, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মস্তিষ্কে স্ট্রোকের শিকার হয়েছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ বুঝে নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়শঙ্করের সঙ্গে রুবিওর সাক্ষাৎ, তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের পরিচয় করালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


জয়শঙ্করের সঙ্গে রুবিওর সাক্ষাৎ, তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের পরিচয় করালেন

ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুম্বাইয়ের ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে নিয়ে যান। এ সময় জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোটেলটির নিরাপত্তা প্রধান সুনিল কুদিয়াদির পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, সুনিল ২০০৮ সালের ভয়াবহ ‘তাজ হোটেল’ সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এটিকে ‘পাকিস্তানের মদদপুষ্ট’ সন্ত্রাসবাদের বাস্তব রূপ তুলে ধরার এবং ওয়াশিংটনকে এক ধরনের ‘আয়না দেখানোর’ শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকে একটি ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে অভিহিত করা হচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের সাম্প্রতিক ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগের পটভূমিতে ঘটেছে।

সফরকালে রুবিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাকিস্তান নীতির পক্ষে সাফাই গেয়ে মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও ভৌগোলিক গুরুত্বের কারণে তাদের সঙ্গে ওয়াশিংটনের সুসম্পর্ক বজায় রাখা জরুরি। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ রাখলে ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ বা আচরণ থেকে পাকিস্তানকে নিবৃত্ত করা সহজ হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে রুবিও বলেন, ‘তাজমহল প্যালেস হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছয়জন মার্কিন নাগরিকসহ নিহতদের সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা নিহতদের স্মরণ করি, যারা এর মোকাবেলা করেছিলেন তাদের সাহসিকতাকে সম্মান জানাই। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-মার্কিন যৌথ প্রতিশ্রুতি ও আমাদের দীর্ঘদিনের অংশীদারিকে পুনর্ব্যক্ত করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


দেশের ইতিহাসে প্রথমবার ৩৩,৮৫১ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি ভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন।

বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজারে অপহৃত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ২ নারীকে লিবিয়া উদ্ধার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নাইজারে অপহৃত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ২ নারীকে লিবিয়া উদ্ধার করেছে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : নাইজারে অপহরণ করা দুই নারীকে মুক্ত করা হয়েছে, যারা এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন। তাদের মধ্যে একজন সুইজারল্যান্ডের নাগরিক এবং অন্যজন অস্ট্রিয়ার নাগরিক।

বৃহস্পতিবার লিবিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুক্তির পর তারা বেনগাজি শহরে পৌঁছেছেন।

মুক্তি পাওয়া নারীদের মধ্যে ৭৬ বছর বয়সী ইভা গ্রেৎসমাখার সুইজারল্যান্ডের এবং ৬৯ বছর বয়সী ক্লাউদিয়া আব্বট অস্ট্রিয়ার নাগরিক। ২০২৫ সালে নাইজার থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি ত্রিপোলি থেকে এই তথ্য জানিয়েছে। আল-মাসার টেলিভিশনের একটি ভিডিওতে দেখা যায়, মুক্তি পাওয়া দুই নারী অত্যন্ত শীর্ণকায় অবস্থায় রয়েছেন। তারা লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দামকে মুক্তির জন্য ধন্যবাদ জানান।

আল-মাসার জানায়, ‘দেড় বছর বন্দি থাকার পর দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন সুইজারল্যান্ডের নাগরিক।’

ভিডিওতে ফরাসি ভাষায় ইভা বলেন, ‘আমার নাম ইভা গ্রেৎসমাখার। আমার বয়স ৭৬ বছর। আমাদের মুক্তির জন্য আমি মার্শাল হাফতার এবং তার ছেলে সাদ্দামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমি এক বছর নয় মাস ধরে জিম্মি ছিলাম।’ অন্যদিকে, আব্বটও মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং হাফতারকে ধন্যবাদ জানান।

লিবিয়ান নিউজ অবজারভেটরিও তাদের মুক্তির খবর প্রকাশ করেছে। ২০১১ সালে ন্যাটোর সমর্থনে পরিচালিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে দেশটি এখনো সংগ্রাম করছে।

বর্তমানে লিবিয়ায় ক্ষমতার জন্য দু’টি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যটি পূর্বাঞ্চলে অবস্থিত এবং খলিফা হাফতারের সমর্থন লাভ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন ও রাশিয়া ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা জানাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


চীন ও রাশিয়া ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা জানাল

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : চীন ও রাশিয়া ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

রাশিয়ায় অবস্থানরত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বিবৃতিটি প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দ্বারা প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দুই পক্ষের বিশ্বাস, ইউরেশিয়া মহাদেশের স্থিতিশীলতা নষ্ট করার মূল কারণ হলো বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপ।’

এ খবর বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইউরেশীয় সংহতির প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে বলপ্রয়োগের মাধ্যমে বহিরাগত চাপ সৃষ্টির যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় দুই পক্ষ।’

এতে আরও বলা হয়, ‘এক অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের সঙ্গে সম্পর্কিত বিষয়ে উভয় পক্ষ সব সময় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’

বিবৃতিতে চীন রাশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন জানায়। পাশাপাশি, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।

তবে, বিবৃতিতে পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আসন্ন বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের জানান, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, আগামী মাসে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%