প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মো. আলম শেখ (৪১) নামের একজন ব্যক্তিকে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর মনে করে। তাঁরা তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাঁর মৃত্যু ঘটে।
এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আঙুলের ছাপের মাধ্যমে আলম শেখের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।
পুলিশের বরাত অনুযায়ী, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মস্তিষ্কে স্ট্রোকের শিকার হয়েছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ বুঝে নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন