মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৫ পি.এম
রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ দেশটির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এসবের স্ট্যান্ড পরিদর্শন করেছেন রুশ সরকারের উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি ৫০০ বর্গমিটারজুড়ে তৈরি এসবের এই স্ট্যান্ড পরিদর্শন করেন। এবারের উৎসবে এটি সবচেয়ে বড় স্ট্যান্ড।
উৎসব উপলক্ষে বিশেষভাবে তৈরি ‘ডিসট্রিক্ট’ নামের এই স্ট্যান্ডে প্রযুক্তি ও উদ্ভাবনের নানা ব্যবহার তুলে ধরা হচ্ছে। এর অন্যতম আকর্ষণ কাইনেটিক ওয়াল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় এ ধরনের দেয়ালের আর কোনো নজির নেই। উপপ্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে দেয়ালটিতে বিশেষ শুভেচ্ছাবার্তাও প্রদর্শন করা হয়।
‘ডিসট্রিক্ট’ চারটি থিমভিত্তিক জোনে ভাগ করা হয়েছে—‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘হেলথ’ ও ‘ফিনটেক’। দর্শনার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী এসব জোন ঘুরে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানার এবং তা নিজেরা পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।
শিক্ষা ও ক্যারিয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা
‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’ জোনে রয়েছে এসবের নিজস্ব লেকচার হল। এখানে দর্শনার্থীরা ‘স্কুল ২১’-এর বিভিন্ন পরীক্ষা দিতে পারছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্ট ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে।
ফক্সফোর্ড, অ্যালগরিদমিকা ও নেটোলজির মাধ্যমে ডিজিটাল দক্ষতা বাড়ানোর সুযোগও রয়েছে। উৎসবে অংশগ্রহণকারী তরুণেরা এসবের নিয়োগকারীদের কাছ থেকে ক্যারিয়ারসংক্রান্ত পরামর্শ নিতে পারছেন।
এই জোনের অন্যতম আকর্ষণ ‘ভাইব কোডিং’। এখানে এআইয়ের সহায়তায় ডিজিটাল পণ্য তৈরি এবং ক্যারিয়ার পোর্টফোলিও গড়ে তোলার পদ্ধতি তুলে ধরা হচ্ছে।
বিনোদন ও স্বাস্থ্যসেবায় এআই
‘এন্টারটেইনমেন্ট’ জোনে এআই ব্যবহার করে অডিও ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। তরুণেরা এসব প্রযুক্তি নিজেরাই ব্যবহার করে দেখতে পারছেন।
‘হেলথ’ জোনে রয়েছে ‘গিগাডক’ স্মার্ট মিরর। শরীরচর্চার ফলাফল মূল্যায়নে এআইভিত্তিক বিভিন্ন টুলও সেখানে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে।
অন্যদিকে ‘ফিনটেক’ জোনে এসবের আধুনিক আর্থিক সেবাগুলো তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা ‘পে বাই স্মাইল’ সুবিধা ব্যবহার করে দেখতে পারছেন এবং বিশেষ নকশার সীমিত সংস্করণের কার্ড অর্ডার করতে পারছেন। এ ছাড়া এমন একটি এটিএমও রয়েছে, যেটিতে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি ‘গিগাচ্যাট’ এআই সহকারী ব্যবহারের সুবিধা রয়েছে।
উৎসবের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এসবের স্ট্যান্ডটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সেখানে প্রযুক্তি দেখার পাশাপাশি শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে জানার, ডিজিটাল টুল ব্যবহারের এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকছে।
পরিদর্শনকালে দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, ‘বিশ্বের সামনে রাশিয়ার সক্ষমতা তুলে ধরার সবচেয়ে কার্যকর পদ্ধতি নিয়ে কয়েক মাস ধরে অংশীদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৬ সালকে রাশিয়ার জাতিসমূহের ঐক্যবর্ষ ঘোষণা করেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অভিন্ন কল্যাণ ও লক্ষ্য সামনে রেখে একত্রিত হচ্ছে। উৎসবে অংশ নেওয়া তরুণদের মধ্যেও এসব মূল্যবোধ রয়েছে। এর মাধ্যমে বিজ্ঞান, সংস্কৃতি, সৃজনশীলতা ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।’
১৯১ দেশের ১০ হাজার তরুণ
রাশিয়ার জাতীয় প্রকল্প ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’-এর অংশ হিসেবে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। ‘ফলো ইয়োর ড্রিম’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ উৎসবে ১৯১ দেশের ১০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রাশিয়ার ৫ হাজার এবং অন্যান্য দেশের ৫ হাজার তরুণ রয়েছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল শিল্প ও সংস্কৃতি, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, গণমাধ্যম, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি এবং নাগরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তরুণেরা রয়েছেন।
২০২৪ সালের বিশ্ব যুব উৎসবের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ১৪ থেকে ১৭ বছর বয়সী এক হাজার কিশোর-কিশোরী অংশ নিচ্ছে। তাদের মধ্যে রাশিয়ার ৫০০ এবং বিদেশের ৫০০ কিশোর-কিশোরী রয়েছে। ‘দ্য মুভমেন্ট অব দ্য ফার্স্ট’ শিশু কর্মসূচিটি আয়োজন করছে।
২০২৪ সালের ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসবে ১৯০ দেশের ২০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছিলেন। ওই উৎসবের পর রুশ প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যুব সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিবছর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুব উৎসব আয়োজন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভেতরে ‘ধীরে ধীরে হত্যা করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন তার দুই পুত্র। তারা দেশের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে তাদের বাবার প্রতি ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ চালানোর অভিযোগ তুলেছেন।
বুধবার, অর্থাৎ রাত পোহালে, পাকিস্তানের সুপ্রিম কোর্টে একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ দেওয়ার আদালতের নির্দেশ অমান্য করেছে সরকার।
এছাড়া, গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইমরানের পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের পুত্র সুলাইমান ও কাসিম এসব উদ্বেগ প্রকাশ করেন।
তারা বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুলাইমান বলেন, "ছোট একটি কক্ষে মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা, নতুন বই না দেওয়া এবং পরিবার বা নিরপেক্ষ চিকিৎসকের সঙ্গে দেখা করতে না দেওয়ার বিষয়গুলো মানসিক ও শারীরিক নির্যাতনের শামিল।"
তাদের দাবি, দীর্ঘ সময় চিকিৎসার অভাবে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিলেও, তাকে অল্প সময়ের জন্য সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
কাসিম বলেন, নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে বাবার প্রকৃত শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের আশঙ্কা, চাপ কমে গেলে তার ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
তবে পাকিস্তান সরকার এসব অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। সরকারের দাবি, ইমরান পর্যাপ্ত সুযোগ-সুবিধা, চিকিৎসা, ব্যায়ামের সরঞ্জাম, পরিবারের সাক্ষাৎ এবং পুষ্টিকর খাবার পাচ্ছেন।
ইমরানের পুত্ররা জানান, তারা রাজনীতিতে জড়াতে চান না এবং বাবার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্ব গ্রহণের ইচ্ছাও নেই। তাদের মতে, ইমরানও মুক্তির বিনিময়ে নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ২৮ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন। এ সময় তার বাড়ি থেকে ২৮ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১০ বস্তা ডিএপি এবং ১৮ বস্তা এমওপি সার রয়েছে।
অভিযানের সময় সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তার জমির পরিমাণ কত—এসব বিষয়ে ইউপি সদস্য সঠিক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে সার মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন মন্তব্য করেন, উদ্ধার করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বন্দি নুর আলম মনির (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার রাতে, অসুস্থ অবস্থায় নুর আলম মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ ওয়ার্ল্ডে ভর্তি করেন কারারক্ষীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাজার নামাজ পরে পঞ্চগড় সুগার মিল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সাড়ে ৮টার দিকে তার মৃত্যু ঘটে। জানা যায়, তিনি আগে থেকেই জন্ডিসজনিত সমস্যায় ভুগছিলেন এবং থ্যালাসেমিয়াজনিত জটিলতায় আক্রান্ত ছিলেন।
রশিদ হাসান রাজু পঞ্চগড় সদরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তিনি বুটেক্সের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ীভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ