ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নাইজেরিয়ার প্রেসিডেন্টের পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের বিরল সম্মাননা


নাইজেরিয়ার প্রেসিডেন্টের পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের বিরল সম্মাননা

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু সৌদি আরবে উমরাহ পালনকালে মক্কার মসজিদ আল-হারামের পবিত্র কাবা ঘরের ভেতরে প্রবেশের সুযোগ লাভ করেছেন। তিনি এটি একটি 'বিরল ও ঐতিহাসিক আধ্যাত্মিক সম্মান' হিসেবে উল্লেখ করেছেন।

২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পর, বোলা তিনুবু দ্বিতীয় নাইজেরীয় প্রেসিডেন্ট হিসেবে কাবা শরিফের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট তিনুবু পবিত্র কাবা ঘরে প্রবেশ করছেন এবং পরে হাজরে আসওয়াদে (কালো পাথর) চুম্বন করছেন। ভিডিওতে তাঁর সফরসঙ্গী ও প্রতিনিধি দলের সদস্যদেরও কাবার ভেতরে তাঁর সঙ্গে অবস্থান করতে দেখা যায়।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

এই বিরল সম্মান ও সুযোগ প্রদানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনুবু এই মুহূর্তটিকে 'গভীরভাবে লালিত এক আধ্যাত্মিক মুহূর্ত' বলে অভিহিত করেন। তিনি বলেন, "আমাদের প্রতি আস্থা রাখা এবং এমন সম্মান দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কাবা ঘরের আশপাশের গালিচা ও নকশায় সবুজ আর সাদা রঙের উপস্থিতি দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ এটি হুবহু আমাদের নাইজেরিয়ার জাতীয় পতাকার রঙের কথা মনে করিয়ে দেয়।"

সৌদি নেতৃত্বের আতিথেয়তার প্রশংসা করে তিনি আরও বলেন, "এটি এমন একটি সম্মান যা আমি সত্যিই উপভোগ করেছি। তাঁরা আমাকে পবিত্র কাবার ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা সত্যিই ঐতিহাসিক।" আল্লাহর ঘরের ভেতরে নিজের প্রার্থনার বিষয়ে তিনুবু জানান, নাইজেরিয়ার জনগণের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি মহান আল্লাহর কাছে বিশেষ প্রজ্ঞা ও সহনশীলতা চেয়েছেন।

তিনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বের কথা স্মরণ করে বলেন, "নির্বাচনের আগে উমরাহ করতে এসে আল্লাহর রহমত প্রার্থনা করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে, বিজয়ী হলে কৃতজ্ঞতা জানাতে আবার ফিরে আসব।"

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

এ সময় তিনি পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে—আল্লাহ যাকে ইচ্ছা সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। আয়াতটির পংক্তি উদ্ধৃত করে তিনি বলেন, সকল ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ এবং এই দায়িত্ব অত্যন্ত সতর্কতার সাথে পালন করা উচিত।

নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়াকে আল্লাহর ঐশ্বরিক অনুগ্রহ হিসেবে অভিহিত করে তিনি দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনুবু জানান, এই আধ্যাত্মিক অভিজ্ঞতা নাইজেরিয়াকে সমৃদ্ধ ও উন্নত করার ক্ষেত্রে তাঁর দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, "দেশের মানুষের প্রত্যাশা এবং মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী নাইজেরিয়াকে নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমার প্রতিশ্রুতি এখন আরও দৃঢ়।"

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় উমরাহ

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

২০২৩ সালের ২৯ মে দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তিনুবুর দ্বিতীয় উমরাহ সফর। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রিয়াদে অনুষ্ঠিত ‘সৌদি-আফ্রিকা শীর্ষ সম্মেলন’ শেষে তিনি প্রথমবার উমরাহ পালন করেছিলেন।

বর্তমান সফরের উদ্দেশ্যে তিনি গত ২৯ অক্টোবর আবুজারা ত্যাগ করে সৌদি আরব পৌঁছান। ৩০ অক্টোবর মসজিদ আল-হারামে উমরাহ পালন শেষে ২ নভেম্বর সোমবার তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় বছরের প্রচেষ্টার স্বীকৃতি, সরকারি নিবন্ধন পেল কালকিনি যুব ব্লাড ডোনেশন সোসাইটি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ছয় বছরের প্রচেষ্টার স্বীকৃতি, সরকারি নিবন্ধন পেল কালকিনি যুব ব্লাড ডোনেশন সোসাইটি

দীর্ঘ ছয় বছরের নিরলস পরিশ্রম, ত্যাগ ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি নিবন্ধন পেয়েছে মাদারীপুরের কালকিনি যুব ব্লাড ডোনেশন সোসাইটি (KYBDS)। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সংগঠনটি সরকারি নিবন্ধন লাভ করে। এর নিবন্ধন নম্বর ২৭/কালকিনি।

দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সংগঠনটির সদস্যদের কাছে এ অর্জন বিশেষ তাৎপর্য বহন করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিবন্ধন শুধু একটি সরকারি স্বীকৃতি নয়; বরং দীর্ঘদিনের স্বপ্ন, ভালোবাসা, ত্যাগ ও মানবসেবার এক অনন্য স্বীকৃতি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ অর্জনের পেছনে যাঁদের শ্রম, সময়, মেধা ও আন্তরিক প্রচেষ্টা রয়েছে, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে সংগঠনের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি।

তাঁরা আরও জানান, সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে সংগঠনের দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বেড়েছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে তাঁদের।

সংগঠনটির সংশ্লিষ্টরা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়, সেই লক্ষ্য নিয়েই তাঁদের পথচলা। সরকারি নিবন্ধন এই পথচলাকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে তাঁরা আশাবাদী।

উল্লেখ্য, কালকিনি যুব ব্লাড ডোনেশন সোসাইটির (KYBDS) সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি (KBDS)।

মানবতার সেবায়, রক্তের বন্ধনে—আমরা আছি, আমরা থাকব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নারায়ণগঞ্জ শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হত্যা করা হয়েছিল হোসিয়ারি শ্রমিক রাসেলকে (১৭)। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে সাবেক আওয়ামী লীগ এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

নিহত রাসেলের বাবা পিন্টু রহমান এবং প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সাক্ষ্য প্রদান করেছেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালনা করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছে। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, রাসেলকে শামীম ওসমান তার দলবল নিয়ে গুলি করে হত্যা করেছেন। মামলার রায়ে নিহত রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন।

সাক্ষী গ্রহণের সময় আদালতে মামলার ৭ জন আসামি উপস্থিত ছিলেন। তবে শামীম ওসমানসহ ২৭ জন পলাতক রয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।

আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন, মামলার এজাহারনামীয় আসামিদের রাসেল হত্যায় কোনো সম্পৃক্ততা নেই বলে প্রতীয়মান হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, জেরায় বাদী বলেছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধুমাত্র স্বাক্ষর দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় রাসেলের বাবা পিন্টু রহমান ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। রাসেল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটে হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সরফরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সরফরাজ

ফিটনেসের উন্নতি এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করার পরও ভারতীয় টেস্ট দলে ফেরার সুযোগ না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সরফরাজ খান। এই মিডল অর্ডার ব্যাটার ২০২৪ সালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন।

মুম্বাইয়ের হয়ে রেলওয়েজের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সরফরাজ বলেন, ‘অনেক কিছুই ঘটে গেছে। আমি এখন আর বেশি কিছু ভাবছি না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে একই প্রশ্ন করি, “আমি কেন এত পরিশ্রম করব?”’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন ভোর পাঁচটায় একই রুটিন শুরু হয়। আমি ভারতের হয়ে খেলেছি। স্বাভাবিক রুটিন মেনেও আমি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারি, কারণ আমি ৩০, ৫০ কিংবা ১০০ রানের ইনিংস খেলেই চলেছি।’

কঠিন সময়ে তার অনুপ্রেরণা হিসেবে বাবার কথা উল্লেখ করেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সরফরাজের বাবা নওশাদ খান বরাবরই তার পাশে থেকেছেন।

‘তবে মাঝেমধ্যে সেই প্রশ্নটা মাথায় আসে। আবার যখন দেখি, আমার বাবা কঠোর পরিশ্রম করছেন, তখন ভাবি, ঠিক আছে, তার জন্যই মাঠে গিয়ে রান করব। আমার রুটিন একই আছে,’–সরফরাজ বলেন।

তিনি আরও বলেন, ‘সবাই জানে, সরফরাজ খানের সঙ্গে দেখা করতে চাইলে তার বাড়ির ঠিকানায় যেতে হবে না। ভোর ছয়টায় আজাদ ময়দান কিংবা ক্রস ময়দানে গেলেই তার দেখা পাওয়া যাবে।’

ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আপাতত ক্রিকেটেই মনোযোগ দিতে চান সরফরাজ।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরের জন্য ডাক পাব, সেটাও আমি জানতাম না। আমি তখন এনসিএতে ছিলাম। আমাকে ডাকা হয়েছিল, কিন্তু খেলার সুযোগ পাইনি। এরপর ফিরে এসে মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলছি। এখন আর কিছুই বুঝতে পারি না, শুধু খেলে যাচ্ছি।’

‘জাতীয় দলের নির্বাচকেরা ডাকলে আমি গিয়ে ভারতের হয়ে খেলব। আর ডাক না পেলে এখানেই খেলব,’–তিনি যোগ করেন।

তবে সরফরাজের একটি মন্তব্য বেশ চমকপ্রদ। তার দাবি, ভারতীয় দল তাকে মূলত দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলার জন্যই বিবেচনা করছে। যদিও দলের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে নিজের ভূমিকা সম্পর্কে তিনি এখনো স্পষ্ট কোনো বার্তা পাননি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ এখন পর্যন্ত ক্যারিয়ারের ছয়টি টেস্টই খেলেছেন ভারতের মাটিতে।

সম্প্রতি চোট পাওয়া সাই সুদর্শনের পরিবর্তে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন মুম্বাইয়ের এই ব্যাটার। কিন্তু কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি। এর আগে অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন তিনি, তবে সেখানেও একাদশে জায়গা হয়নি।

সরফরাজ বলেন, ‘কোনো নির্বাচক আমাকে সরাসরি এ কথা বলেননি। তবে ভারতীয় দলের সঙ্গে থাকার সময় আমি শুধু এটাই শুনেছি যে, ভারতের কন্ডিশনেই আমাকে বেশি বিবেচনা করা হচ্ছে।’

সোমবার (২ নভেম্বর) ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রেলওয়েজের বিপক্ষে ১০০ বলে ৫৫ রান করেন সরফরাজ। বিদেশের সফরগুলোর জন্য দল ঘোষণার সময় তার নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

নিজের যুক্তির পক্ষে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে প্রস্তুতিমূলক ম্যাচে করা দুটি সেঞ্চুরির উদাহরণও তুলে ধরেন সরফরাজ।

‘তারপরও আমার একটা প্রশ্ন আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতীয় দলের বিপক্ষে ৬০ বলে (আসলে ৬৩ বলে) সেঞ্চুরি করেছিলাম। ইংল্যান্ডে গিয়েও ৬০ বলে (আসলে ৭৬ বলে ১০১ রান) সেঞ্চুরি করেছি,’–বলেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রিটোরিয়ায় ভারতীয় ‘এ’ দলের হয়ে মূল ভারতীয় দলের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। এর এক বছর পর পাঁচ টেস্টের সিরিজের আগে বেকেনহ্যামে ভারতীয় ‘এ’ দলের হয়ে ৭৬ বলে ১০১ রান করেন তিনি।

কিন্তু এই দুটি সফরের কোনোটিতেই মূল ভারতীয় দলে সুযোগ পাননি সরফরাজ।

‘তাই এমন নয় যে আমি ভারতের বাইরে রান করতে পারিনি। আমি রান করেছি। ঠিক আছে, এটা তাদের সিদ্ধান্ত, তাদের দৃষ্টিভঙ্গি। আমার কাজ ক্রিকেট খেলা,’–বলেন তিনি।

তবে সরফরাজের শেষ চারটি টেস্ট ইনিংসের দিকে তাকালে দেখা যায়, ২০২৪ সালে পুনে ও মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তার রান ছিল যথাক্রমে ১১, ৯, ০ ও ১। শেষ পর্যন্ত এই ব্যর্থতার পরই দল থেকে বাদ পড়েন এই আক্রমণাত্মক ব্যাটার।

বিদেশে খেলার পর দেশে ফিরে হঠাৎ স্পিন-সহায়ক উইকেটে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জকেও ওই সিরিজে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সরফরাজ বলেন, ‘বিদেশ থেকে ফিরে যখন ভারতে একেবারে স্পিন-সহায়ক উইকেটে খেলতে হয়... হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটে অনেক লড়াই করে ভারতীয় দলে জায়গা পাওয়া যায়। কিন্তু হঠাৎ করে এত কঠিন উইকেটে ভালো খেলতে পারা সহজ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৩ ইটভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


ফরিদপুরে ৩ ইটভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, যেগুলোর জন্য ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। এই অভিযানের ফলে ৩টি ইটভাটা ধ্বংস করা হয় এবং ৫টি ভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

এই অভিযানটি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম এই অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের সময় ভাঙাদহ এলাকার এম জেড এইচ ব্রিকস, সুইচগেট এলাকার এম জেড ব্রিকস এবং নেচড়াপাড়া এলাকার এম জেড আই ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া, এম আর এ ব্রিকসকে ৮ লাখ, এম এ এস ব্রিকসকে ৭ লাখ টাকা, এন এইচ ব্রিকসকে ৫ লাখ, ডাবল এইচ ব্রিকসকে ৫ লাখ এবং এম জেড আই ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলো চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%