শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৭ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেছেন। শিক্ষক সমিতি জানায়, তারা জনদূর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিকে সমর্থন করে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষার্থীরা সরকারের সঙ্গে সংকট সমাধানে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান।
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’ স্লোগান দেন। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, "আমরা দীর্ঘ ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই উপাচার্যকে মানি না। তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না। আপনারা দ্রুত এই সংকটের সমাধান করুন।"
তিনি আরও বলেন, "কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। এই সংকটের সমাধান একটাই—অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসেবে চাই না। তার পরিবর্তে অন্য একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। অন্যথায় এই সংকটের সমাধান সম্ভব নয়।"
এদিকে, চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।
শুক্রবার সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ দাবির পরিপ্রেক্ষিতে আগামী রোববার সকাল ১১টায় মৌন মিছিল করবেন তারা। এছাড়া জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি চুয়েট শিক্ষক সমিতি সমর্থন করে না বলেও জানান তারা।
এর আগে সংকটের সমাধান না হওয়ায় বুধবার রাতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম।
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের সমাধান হয়নি। ফলে একাডেমিক কার্যক্রম শুরুর এক মাস পর আবারও বন্ধ ক্লাস-পরীক্ষা। সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েমের পুনর্বহালের দাবি থেকে সরে এসে বর্তমানে চুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদরাসার তিন বর্গ কিলোমিটার এলাকায় দুইটি মাঠজুড়ে আয়োজিত এই মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর ছাহেব চরমোনাই উল্লেখ করেন, "এ মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং আল্লাহমুখী করাই মূল উদ্দেশ্য।" তিনি আরও বলেন, "সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।"
পীর ছাহেব চরমোনাই নতুন আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, "যারা এ মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করুন।" তিনি আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করার গুরুত্ব তুলে ধরেন এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখার তাগিদ দেন। মাহফিল থেকে বিদায় নেয়ার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে বিদায় নেয়ার কথাও বলেন পীর ছাহেব।
উদ্বোধনী বয়ানের পর পীর ছাহেব মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধি বিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাখা হয়েছে। ১০০ শয্যার ‘মাহফিল হাসপাতাল’ অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি প্রয়োজনে বরিশালসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা রয়েছে।
দুটি মাঠে মাহফিলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো-প্রাপ্তি ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাপনাও রাখা হয়েছে।
এ তিন দিনব্যাপী মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণও বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম-শায়েখে চরমোনাই দুটি বয়ান পেশ করবেন।
মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার ভোরে আমীরুল মুজাহিদীন পীর ছাহেব চরমোনাই’র বিদায়ী বয়ানের পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
চরমোনাই মাহফিল ও দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সৈয়দ এছহাক (রহ.) ছাহেব ১৯২৪ সালে চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠা করেন। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) ছাহেব। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ক্রমশ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার একজন উচ্চপদস্থ কূটনীতিক। একই সঙ্গে তিনি ন্যাটো সদস্য দেশগুলোর বিরুদ্ধে মস্কোর বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রস্তুতি গ্রহণের এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
ইউক্রেন যুদ্ধ প্রায় পাঁচ বছর ধরে চলমান অবস্থায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এসেছে। বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোর সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় (ওএসসিই) নিযুক্ত স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি এই সতর্কবার্তা প্রদান করেন। ভিয়েনায় বক্তব্য দেয়ার সময় পলিয়ানস্কি রাশিয়ার সীমান্তের নিকটবর্তী ন্যাটোর সামরিক মহড়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ‘ফ্রিডম শিল্ড ২০২৬’ মহড়ার কথাও উল্লেখ করেন।
রুশ কূটনীতিকের অভিযোগ, এসব মহড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কালিনিনগ্রাদ দখলের প্রস্তুতির অংশ। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার এই বিচ্ছিন্ন ভূখণ্ডটি চারদিক থেকে ন্যাটোর সদস্য দেশগুলো দ্বারা পরিবেষ্টিত।
পলিয়ানস্কির দাবি, পশ্চিমা দেশগুলোর সামরিক পরিকল্পনার মধ্যে ইউক্রেনে সেনা মোতায়েন, কালিনিনগ্রাদ অবরোধ এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে হুমকির মুখে ফেলার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘অন্য কথায়, রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক যুদ্ধের পথেই মহড়া দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাল্টিক সাগরে রাশিয়ার বেসামরিক জাহাজে সন্ত্রাসী হামলায় ন্যাটোর কয়েকটি দেশের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আমরা সেই পরিস্থিতির আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’
তবে জার্মানির নেতৃত্বে পরিচালিত সামরিক মহড়া সম্পর্কে লিথুয়ানিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলমান এই মহড়ার উদ্দেশ্য হলো ন্যাটো মিত্রদের যুদ্ধপ্রস্তুতি, সামরিক পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা। অন্যদিকে, ন্যাটো বরাবরই নিজেদের একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করে আসছে।
আগাম পারমাণবিক হামলার হুঁশিয়ারি মেদভেদেভের
এর আগে ইউরোপকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি প্রদান করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে রাশিয়া আগাম পারমাণবিক হামলা চালাতে পারে।
তার দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে এমন কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।
গত সোমবার (২৩ নভেম্বর) মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-তে প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ লেখেন, ‘বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়ার পক্ষ থেকে আগাম পারমাণবিক হামলার পথ তৈরি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী প্রেরণের বিষয়টি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
শুক্রবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।
মাহ্দী আমিন জানান, "সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে।" তিনি আরও বলেন, স্বচ্ছ ডিজিটাল লটারি এবং সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা বর্তমানে দেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়েছে। সেই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।" তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাহ্দী আমিন বলেন, "একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের প্রত্যাশা জড়িয়ে থাকে।" তিনি আরও বলেন, "প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে দেশ সমৃদ্ধ হয়, লাখো পরিবারের জীবন বদলে যায় এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়।"
তিনি আরও উল্লেখ করেন, "বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে—সরকার সেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।"
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময়, প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। মালয়েশিয়া সরকারকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বিস্তৃত না করার আহ্বানের প্রেক্ষাপটে, রাশিয়ার পার্লামেন্ট ২০২৭–২৯ মেয়াদের জন্য সোভিয়েত আমলের পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট পাস করেছে। এই বাজেটের বরাদ্দে স্পষ্ট হয়েছে যে মস্কো ইউক্রেনের যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না শিগগিরই।
এই তিন বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৬০ হাজার ৬০০ কোটি (৬০৬ বিলিয়ন) মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা পূর্ববর্তী তিন বছরের প্রতিরক্ষা বাজেটের তুলনায় ১২ হাজার ১০০ কোটি (১২১ বিলিয়ন) ডলার বেশি।
যুদ্ধের ব্যয় ও বেসামরিক খাতে কাটছাঁট
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১ হাজার কোটি (৭১০ বিলিয়ন) ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, এই সামরিক ব্যয় ২০২৭ সালের শেষে প্রায় ৯১ হাজার ৮০০ কোটি (৯১৮ বিলিয়ন) ডলারে, ২০২৮ সালের শেষে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি (১.১ ট্রিলিয়ন) ডলারে এবং ২০২৯ সালের শেষে ১ লাখ ৩০ হাজার কোটি (১.৩ ট্রিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।
পুতিন সরকার ক্রমবর্ধমান যুদ্ধের খরচ মেটাতে খনি কোম্পানির ওপর অতিরিক্ত কর এবং নাগরিকদের বিনিয়োগ থেকে অর্জিত আয়ের ওপর কর আরোপের পরিকল্পনা করেছে। পাশাপাশি বেসামরিক খাতের ব্যয়ে বড় ধরনের কাটছাঁট আনা হচ্ছে। এর মধ্যে আবাসন ও ইউটিলিটি খাতে ৮ শতাংশ, স্বাস্থ্য খাতে ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক সুরক্ষা খাতে ৬ শতাংশ ব্যয় কমানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের খরচ জোগাতে ব্যবসা ও ভোক্তাদের ওপর করের চাপ বাড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক খাতের বিনিয়োগের চেয়ে সামরিক খাতই এখন রাশিয়ার অর্থনীতিতে প্রাধান্য পাচ্ছে। ভারী সামরিক ব্যয় এবং অর্থনীতির ধীরগতির কারণে এ বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়েও বেড়ে গেছে। এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা, অসামরিক প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদের হার, শ্রম সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলা রুশ অর্থনীতিকে চাপে রেখেছে।
ট্রাম্পের অবস্থান ও কূটনৈতিক প্রেক্ষাপট
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বন্ধু' হিসেবে অভিহিত করলেও সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প সুর বদলেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় তিনি এই আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে তার যথেষ্ট আশা রয়েছে। তবে ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের কোন নির্দিষ্ট অঞ্চলের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি এবং ইউক্রেনের নামও আলাদাভাবে উল্লেখ করেননি। সূত্র: এনডিটিভি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ