ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ঐতিহাসিক উদ্যোগ প্রধানমন্ত্রীর: মাহ্দী আমিন


মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ঐতিহাসিক উদ্যোগ প্রধানমন্ত্রীর: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী প্রেরণের বিষয়টি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।

মাহ্দী আমিন জানান, "সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে।" তিনি আরও বলেন, স্বচ্ছ ডিজিটাল লটারি এবং সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে লকডাউন ঘিরে উত্তাল, আ.লীগের মশাল মিছিল নিষিদ্ধ

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা বর্তমানে দেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়েছে। সেই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।" তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাহ্দী আমিন বলেন, "একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের প্রত্যাশা জড়িয়ে থাকে।" তিনি আরও বলেন, "প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে দেশ সমৃদ্ধ হয়, লাখো পরিবারের জীবন বদলে যায় এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়।"

তিনি আরও উল্লেখ করেন, "বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে—সরকার সেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।"

আরও পড়ুন: রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা সাবেক ছাত্রলীগ নেতা

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময়, প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। মালয়েশিয়া সরকারকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের শান্তির আহ্বানের মধ্যেই সোভিয়েত আমলের পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট পাস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


ট্রাম্পের শান্তির আহ্বানের মধ্যেই সোভিয়েত আমলের পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট পাস করল রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বিস্তৃত না করার আহ্বানের প্রেক্ষাপটে, রাশিয়ার পার্লামেন্ট ২০২৭–২৯ মেয়াদের জন্য সোভিয়েত আমলের পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট পাস করেছে। এই বাজেটের বরাদ্দে স্পষ্ট হয়েছে যে মস্কো ইউক্রেনের যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না শিগগিরই।

এই তিন বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৬০ হাজার ৬০০ কোটি (৬০৬ বিলিয়ন) মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা পূর্ববর্তী তিন বছরের প্রতিরক্ষা বাজেটের তুলনায় ১২ হাজার ১০০ কোটি (১২১ বিলিয়ন) ডলার বেশি।

যুদ্ধের ব্যয় ও বেসামরিক খাতে কাটছাঁট

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১ হাজার কোটি (৭১০ বিলিয়ন) ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, এই সামরিক ব্যয় ২০২৭ সালের শেষে প্রায় ৯১ হাজার ৮০০ কোটি (৯১৮ বিলিয়ন) ডলারে, ২০২৮ সালের শেষে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি (১.১ ট্রিলিয়ন) ডলারে এবং ২০২৯ সালের শেষে ১ লাখ ৩০ হাজার কোটি (১.৩ ট্রিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।

পুতিন সরকার ক্রমবর্ধমান যুদ্ধের খরচ মেটাতে খনি কোম্পানির ওপর অতিরিক্ত কর এবং নাগরিকদের বিনিয়োগ থেকে অর্জিত আয়ের ওপর কর আরোপের পরিকল্পনা করেছে। পাশাপাশি বেসামরিক খাতের ব্যয়ে বড় ধরনের কাটছাঁট আনা হচ্ছে। এর মধ্যে আবাসন ও ইউটিলিটি খাতে ৮ শতাংশ, স্বাস্থ্য খাতে ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক সুরক্ষা খাতে ৬ শতাংশ ব্যয় কমানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের খরচ জোগাতে ব্যবসা ও ভোক্তাদের ওপর করের চাপ বাড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক খাতের বিনিয়োগের চেয়ে সামরিক খাতই এখন রাশিয়ার অর্থনীতিতে প্রাধান্য পাচ্ছে। ভারী সামরিক ব্যয় এবং অর্থনীতির ধীরগতির কারণে এ বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়েও বেড়ে গেছে। এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা, অসামরিক প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদের হার, শ্রম সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলা রুশ অর্থনীতিকে চাপে রেখেছে।

ট্রাম্পের অবস্থান ও কূটনৈতিক প্রেক্ষাপট

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বন্ধু' হিসেবে অভিহিত করলেও সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প সুর বদলেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় তিনি এই আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে তার যথেষ্ট আশা রয়েছে। তবে ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের কোন নির্দিষ্ট অঞ্চলের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি এবং ইউক্রেনের নামও আলাদাভাবে উল্লেখ করেননি। সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে লকডাউন ঘিরে উত্তাল, আ.লীগের মশাল মিছিল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


গোপালগঞ্জে লকডাউন ঘিরে উত্তাল, আ.লীগের মশাল মিছিল নিষিদ্ধ

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর, জেলার পাঁচ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনে মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর একাধিক স্থানে আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচল করছিল। টহল গাড়ির উপস্থিতিতে মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, "আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াও এর ব্যতিক্রম নয়। আগামীকালও মশাল মিছিল চলবে। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।"

একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


কালিগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালিত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) আসরের নামাজবাদে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহীনুর রহমান, রিপন, সোহাগ ও শাহাজান আলী মোড়ল প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজ, ছাত্রদলের জাকির, নাসিম, সুমন, ওমরসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলা আব্দুল মজিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%