প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বিস্তৃত না করার আহ্বানের প্রেক্ষাপটে, রাশিয়ার পার্লামেন্ট ২০২৭–২৯ মেয়াদের জন্য সোভিয়েত আমলের পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট পাস করেছে। এই বাজেটের বরাদ্দে স্পষ্ট হয়েছে যে মস্কো ইউক্রেনের যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না শিগগিরই।
এই তিন বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৬০ হাজার ৬০০ কোটি (৬০৬ বিলিয়ন) মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা পূর্ববর্তী তিন বছরের প্রতিরক্ষা বাজেটের তুলনায় ১২ হাজার ১০০ কোটি (১২১ বিলিয়ন) ডলার বেশি।
যুদ্ধের ব্যয় ও বেসামরিক খাতে কাটছাঁট
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১ হাজার কোটি (৭১০ বিলিয়ন) ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, এই সামরিক ব্যয় ২০২৭ সালের শেষে প্রায় ৯১ হাজার ৮০০ কোটি (৯১৮ বিলিয়ন) ডলারে, ২০২৮ সালের শেষে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি (১.১ ট্রিলিয়ন) ডলারে এবং ২০২৯ সালের শেষে ১ লাখ ৩০ হাজার কোটি (১.৩ ট্রিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।
পুতিন সরকার ক্রমবর্ধমান যুদ্ধের খরচ মেটাতে খনি কোম্পানির ওপর অতিরিক্ত কর এবং নাগরিকদের বিনিয়োগ থেকে অর্জিত আয়ের ওপর কর আরোপের পরিকল্পনা করেছে। পাশাপাশি বেসামরিক খাতের ব্যয়ে বড় ধরনের কাটছাঁট আনা হচ্ছে। এর মধ্যে আবাসন ও ইউটিলিটি খাতে ৮ শতাংশ, স্বাস্থ্য খাতে ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক সুরক্ষা খাতে ৬ শতাংশ ব্যয় কমানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের খরচ জোগাতে ব্যবসা ও ভোক্তাদের ওপর করের চাপ বাড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক খাতের বিনিয়োগের চেয়ে সামরিক খাতই এখন রাশিয়ার অর্থনীতিতে প্রাধান্য পাচ্ছে। ভারী সামরিক ব্যয় এবং অর্থনীতির ধীরগতির কারণে এ বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়েও বেড়ে গেছে। এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা, অসামরিক প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদের হার, শ্রম সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলা রুশ অর্থনীতিকে চাপে রেখেছে।
ট্রাম্পের অবস্থান ও কূটনৈতিক প্রেক্ষাপট
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বন্ধু' হিসেবে অভিহিত করলেও সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প সুর বদলেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় তিনি এই আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে তার যথেষ্ট আশা রয়েছে। তবে ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের কোন নির্দিষ্ট অঞ্চলের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি এবং ইউক্রেনের নামও আলাদাভাবে উল্লেখ করেননি। সূত্র: এনডিটিভি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন