প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব ক্রমশ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার একজন উচ্চপদস্থ কূটনীতিক। একই সঙ্গে তিনি ন্যাটো সদস্য দেশগুলোর বিরুদ্ধে মস্কোর বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রস্তুতি গ্রহণের এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
ইউক্রেন যুদ্ধ প্রায় পাঁচ বছর ধরে চলমান অবস্থায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এসেছে। বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোর সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় (ওএসসিই) নিযুক্ত স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি এই সতর্কবার্তা প্রদান করেন। ভিয়েনায় বক্তব্য দেয়ার সময় পলিয়ানস্কি রাশিয়ার সীমান্তের নিকটবর্তী ন্যাটোর সামরিক মহড়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ‘ফ্রিডম শিল্ড ২০২৬’ মহড়ার কথাও উল্লেখ করেন।
রুশ কূটনীতিকের অভিযোগ, এসব মহড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কালিনিনগ্রাদ দখলের প্রস্তুতির অংশ। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার এই বিচ্ছিন্ন ভূখণ্ডটি চারদিক থেকে ন্যাটোর সদস্য দেশগুলো দ্বারা পরিবেষ্টিত।
পলিয়ানস্কির দাবি, পশ্চিমা দেশগুলোর সামরিক পরিকল্পনার মধ্যে ইউক্রেনে সেনা মোতায়েন, কালিনিনগ্রাদ অবরোধ এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে হুমকির মুখে ফেলার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘অন্য কথায়, রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক যুদ্ধের পথেই মহড়া দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাল্টিক সাগরে রাশিয়ার বেসামরিক জাহাজে সন্ত্রাসী হামলায় ন্যাটোর কয়েকটি দেশের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আমরা সেই পরিস্থিতির আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’
তবে জার্মানির নেতৃত্বে পরিচালিত সামরিক মহড়া সম্পর্কে লিথুয়ানিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলমান এই মহড়ার উদ্দেশ্য হলো ন্যাটো মিত্রদের যুদ্ধপ্রস্তুতি, সামরিক পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা। অন্যদিকে, ন্যাটো বরাবরই নিজেদের একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করে আসছে।
আগাম পারমাণবিক হামলার হুঁশিয়ারি মেদভেদেভের
এর আগে ইউরোপকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি প্রদান করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে রাশিয়া আগাম পারমাণবিক হামলা চালাতে পারে।
তার দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে এমন কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।
গত সোমবার (২৩ নভেম্বর) মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-তে প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ লেখেন, ‘বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়ার পক্ষ থেকে আগাম পারমাণবিক হামলার পথ তৈরি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন