শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫২ পি.এম
শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) দ্বারা প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) ২০তম নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সারা দেশের ৬ হাজার ৪৮৪টি মাদরাসার ৬৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী। পরীক্ষাটি আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ হবে।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৬০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন। তিনি উল্লেখ করেন, পরীক্ষার জন্য কেন্দ্রগুলোর দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের প্রাথমিক দীনি শিক্ষার অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কেন্দ্রসংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের শিশুদের কুরআন শিক্ষা ও প্রাথমিক দীনি শিক্ষার প্রসারে কাজ করে আসছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত বোর্ডের অধীনে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের কুরআন তিলাওয়াত, মৌলিক দীনি জ্ঞান ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদানের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেনা।
তিনি শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ২য় দিনে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তিনি জানান, এ দেশে সবাই ঐক্যবদ্ধ রয়েছে; নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে এবং তা নিয়ে তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বল্প বাজেটের মধ্যে থাকা সত্ত্বেও, আয় নিয়ে বিস্ময়কর ফলাফল অর্জন করেছে সিনেমাটি! ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’ মাত্র ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়ে বিশ্বজুড়ে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি আয় করেছে। চলতি বছরে বলিউডের অন্যতম বড় চমক হয়ে ওঠা সিনেমাটির সাফল্য নিয়ে আলোচনা চলছে। তবে এই অভূতপূর্ব সাফল্যের পেছনে কী কারণ রয়েছে?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং—এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টা সিনেমাটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিনেমাটির সর্বকনিষ্ঠ প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। পোস্ট-প্রোডাকশনের সময় অর্থসংকট দেখা দিলে তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হন। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেন অনুপ্রিয়া। তবে তার ভূমিকা শুধুমাত্র বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সিনেমাটির প্রচার বাড়ানোর জন্য ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন তিনি। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক ভালো লাগা থেকেই তিনি এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন।
অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর রাগিনি সোনা আলোচনায় আসেন। তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন, ‘হনুমান অংশ’ কেবল একটি সিনেমা নয়, বরং এটি একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির সূচনা। নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত এই গল্পে একাধিক পর্বে তুলে ধরার মতো উপাদান রয়েছে বলেও তিনি মনে করেন।
এদিকে, সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নম্রতা জি সিং। পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে তিনি এসব কার্যক্রম তদারক করেছেন। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতির পরও পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন নম্রতা। গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়তে শুরু করলে প্রকল্পটির পরবর্তী পর্যায়ের দায়িত্বও তার ওপর বর্তায়।
তিন নারীর অবদান ছিল তিনটি ভিন্ন ক্ষেত্রে। অনুপ্রিয়া অর্থায়নের পাশাপাশি প্রচারে পরিচিতি বাড়িয়েছেন, রাগিনি সিনেমাটিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছেন, আর নম্রতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প বাজেটের একটি ভক্তিমূলক সিনেমা হয়ে উঠেছে বছরের অন্যতম আলোচিত সাফল্য।
‘হনুমান অংশ’-এর এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্য আবারও প্রমাণ করে দিয়েছে, সিনেমার ভাগ্য নির্ধারণে শুধু বড় বাজেট কিংবা মুক্তির প্রথম দিনের আয়ই শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা, প্রচার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগও একটি সিনেমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়া এবং জার্মান বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও জার্মান যুবদলের সাবেক সভাপতি, কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া।
সাক্ষাৎকালে জার্মান বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা এবং জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, কনস্যুলার সেবা, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশ দূতাবাসকে আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা। প্রবাসীরা যাতে দূতাবাস থেকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়েও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্ত্রীকে হত্যার দায়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রায় দেড় যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন একরামুল হক রবিন (৪৬)। তিনি দেশের বিভিন্ন স্থানে পরিচয় ও অবস্থান গোপন করে আত্মগোপনে ছিলেন, কিন্তু শেষ রক্ষা তার হয়নি।
অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা-পুলিশের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করে। রাতের বেলা তাকে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পুলিশ তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করে। গ্রেফতার রবিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয়। বিয়ের পর রবিন যৌতুকের দাবিতে স্ত্রী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। একপর্যায়ে মিতুর পরিবার ১ লাখ ১০ হাজার টাকা দিলেও রবিন আরও সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন।
দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা রফিকুল ইসলামকে খালাস দেওয়া হয়।
রায়ের পর থেকেই রবিন পলাতক ছিলেন। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে এসআরবি ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ