ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেড় যুগ আত্মগোপনে থেকেও স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একরামুল হক রবিন গ্রেফতার


দেড় যুগ আত্মগোপনে থেকেও স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একরামুল হক রবিন গ্রেফতার

স্ত্রীকে হত্যার দায়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রায় দেড় যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন একরামুল হক রবিন (৪৬)। তিনি দেশের বিভিন্ন স্থানে পরিচয় ও অবস্থান গোপন করে আত্মগোপনে ছিলেন, কিন্তু শেষ রক্ষা তার হয়নি।

অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা-পুলিশের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করে। রাতের বেলা তাকে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে কঠিন শাস্তি

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পুলিশ তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করে। গ্রেফতার রবিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয়। বিয়ের পর রবিন যৌতুকের দাবিতে স্ত্রী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। একপর্যায়ে মিতুর পরিবার ১ লাখ ১০ হাজার টাকা দিলেও রবিন আরও সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন।

দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা রফিকুল ইসলামকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন: মডেল সিয়াম হত্যায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে

রায়ের পর থেকেই রবিন পলাতক ছিলেন। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে এসআরবি ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা ইস্যুতে গার্দিওলার সতর্কবার্তা: "নীরবতা কাউকেই বাঁচাবে না"

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


গাজা ইস্যুতে গার্দিওলার সতর্কবার্তা: "নীরবতা কাউকেই বাঁচাবে না"

পেপ গার্দিওলা গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ‘ভয়াবহতা এড়িয়ে না যাওয়ার’ আহ্বান জানিয়েছেন। কিংবদন্তি এই স্প্যানিশ কোচ ফিলিস্তিনপন্থী আন্দোলন ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস’ (বিডিএস)-এর কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন।

গার্দিওলা গত সপ্তাহে বার্সেলোনায় অনুষ্ঠিত বিডিএস@২০ ইউরোপীয় সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, “বর্ণবাদ, উপনিবেশবাদ এবং দখলদারিত্বের” অবসানের আন্তর্জাতিক দাবি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

তিনি বলেন, “গাজার পরবর্তী বিশ্ব আমাদের দাবি জানায় যে আমরা যেন ভয়াবহতাকে এড়িয়ে না যাই।” গার্দিওলার বক্তব্যে বার্সেলোনার প্রতিরোধের ইতিহাস, ফিলিস্তিনি বুদ্ধিজীবীদের লেখা এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্তর্জাতিক প্রচারণার প্রসঙ্গ উঠে আসে।

ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার সাবেক এই কোচ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে নিজ নিজ দায়িত্ব নিয়ে ভাবার আহ্বান জানান। তিনি বলেন, “যে কোনো বর্ণবাদ ব্যবস্থা নিজে থেকে শেষ হয় না এবং নীরবতা আমাদের কাউকেই বাঁচাবে না।”

গার্দিওলা বলেন, “যখনই আমাকে জিজ্ঞাসা করা হয় খেলাধুলা কী করতে পারে, আমি মনে করি এটি অনেক কিছু করতে পারে—এবং তার চেয়েও বেশি। একই প্রশ্ন প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। সংস্কৃতি কী করতে পারে? বিজ্ঞান কী করতে পারে? আন্তর্জাতিক রাজনীতি কী করতে পারে?”

বার্সেলোনার ক্যাসিনো ল’আলিয়ান্সা দেল পবলেনোতে উপস্থিত দর্শকদের সামনে দেওয়া বক্তব্যে গার্দিওলা বিডিএস আন্দোলনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা যা করেছেন, যা করছেন এবং যা করবেন—সবকিছুর জন্য ধন্যবাদ।”

এই সম্মেলন ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করার জন্য ইউরোপ ও এর বাইরের কর্মী, শিক্ষাবিদ, শিল্পী, ট্রেড ইউনিয়ন কর্মী এবং প্রচারকদের একত্রিত করেছিল।

উপস্থিতদের মধ্যে ছিলেন আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইনের রেবেকা ও’কিফ, যাঁর কাজের মধ্যে রয়েছে ‘স্টপ দ্য গেম’ প্রচারণা—যেখানে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ানোর জন্য ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডকে (এফএআই) আহ্বান জানানো হয়েছিল।

ও’কিফ বলেন, ক্রীড়াঙ্গনে কথা বলার কারণে যেখানে ক্রীড়াবিদদের পাল্টা চাপের মুখে পড়তে হতে পারে, সেখানে গার্দিওলার নিজের বৈশ্বিক প্ল্যাটফর্ম ব্যবহার করার এই সদিচ্ছা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

তিনি আল জাজিরাকে বলেন, “পেপ গার্দিওলার মতো মানুষ, যাঁদের এত বিশাল প্ল্যাটফর্ম রয়েছে … তা যে পরিমাণে মানুষের কাছে পৌঁছাতে পারে, তা অমূল্য।”

গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রার কথা তুলে ধরে গার্দিওলা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো আরও জরুরি হয়ে উঠেছে। তিনি বলেন, “আজ আমাদের তাৎক্ষণিক ও অভিন্ন দাবি হলো গণহত্যা বন্ধ করা, অবরোধ ভাঙা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অবসান ঘটানো।”

“প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি জীবনই মূল্যবান।”

স্প্যানিশ এই কোচ ফিলিস্তিনি সংগ্রামের সাথে বার্সেলোনার নিজস্ব ইতিহাসের একটি সমান্তরাল টানেন। তিনি স্প্যানিশ গৃহযুদ্ধের সময় শহরটিতে বোমাবর্ষণ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নির্মিত ১,৩০০-এরও বেশি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের নেটওয়ার্কের কথা স্মরণ করেন।

তিনি বলেন, “অন্যান্য অনেক শহরের মতো বার্সেলোনাও একটি যুদ্ধের মাঝে সীসাবর্ণ আকাশের নিচে বোমাবর্ষণের শিকার হয়েছিল।”

তিনি শহরটিকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেন যা ধারাবাহিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং ইউরোপীয় বিডিএস সম্মেলন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান।

ও’কিফের মতে, গার্দিওলার মতো ব্যক্তিত্বদের প্রভাব ক্রীড়াঙ্গনের সর্বত্র মানুষকে সংগঠিত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

তিনি বলেন, “ক্রীড়া সম্প্রদায়ের মানুষদের দ্বারা পরিচালিত ও সমৃদ্ধ হওয়া আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন থাকাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ও সবচেয়ে বড় সম্পদ। একজন ক্রীড়াবিদের কণ্ঠস্বরের শক্তি অবিশ্বাস্য।”

বক্তব্যের শেষাংশে গার্দিওলা খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ এবং বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের লেখার আশ্রয় নেন। তিনি দুজনের মধ্যকার একটি কথোপকথনের কথা স্মরণ করেন, যেখানে সাঈদ ফিলিস্তিনি মুক্তির ভবিষ্যৎকে “অসম্ভব” বলে বর্ণনা করেছিলেন।

দারবিশ যখন জানতে চেয়েছিলেন যে সেই অসম্ভব কি অনেক দূরে, তখন সাঈদ উত্তর দিয়েছিলেন: “এক প্রজন্ম দূরে।”

গার্দিওলা উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারাই এখন সেই প্রজন্ম।”

সবশেষে তিনি নাজি আল-আলির তৈরি বিখ্যাত ফিলিস্তিনি কার্টুন চরিত্র হান্দালার কথা উল্লেখ করেন—যার পিঠ সবসময় দর্শকের দিকে ফেরানো থাকে, যতক্ষণ না ফিলিস্তিনিরা ঘরে ফিরতে পারেন।

গার্দিওলা বলেন, “সংহতির বীজগুলো অঙ্কুরিত হতে থাকুক। হান্দালা যেন শিগগিরই ঘরে ফেরে।”

“উপনিবেশবাদের অবসান হোক, দখলদারিত্বের অবসান হোক, বর্ণবাদের অবসান হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটেন। বৃহস্পতিবার রাতে নাচোলের ‘এসএন ক্যাফেতে’ এই জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরদিন শুক্রবার সকালে, এসআই শেখ জিয়াউর রহমান ওই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেন। পরে সমালোচনার মুখে পড়ে তিনি ছবিগুলো মুছে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ‘এসএন ক্যাফেতে’ এসআই জিয়ার জন্মদিনের আয়োজনের সময় কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং কর্মী বিপু উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন এসআই জিয়া। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফেসবুক থেকে ছবিগুলো মুছে ফেলেন। এর আগে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়।

এ বিষয়ে নাচোলের কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান মন্তব্য করেন, ‘মেহেদি হাসান ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাতে জন্মদিনের কেক খান? পুলিশের তো তাদের গ্রেফতার করার কথা।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাচোল থানার এসআই শেখ জিয়াউর রহমান বলেন, ‘ভুলবশত এটি হয়ে গেছে। সে যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না।’ এ সময় তিনি সংবাদকর্মীকে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে যুবদল নেতা আতাউর রহমান ভূঁইয়া বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে যুবদল নেতা আতাউর রহমান ভূঁইয়া বহিষ্কার

কুমিল্লা উত্তর জেলা যুবদলের অধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন কাজে সহযোগিতার অভিযোগে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্তটি গৃহীত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


রিজভী: হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না

ফ্যাসিষ্ট হাসিনা ১৭ বছর ধরে জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছেন রাতের ভোট ও কারচুপির মাধ্যমে। প্রতিবাদ জানালে তার বিরুদ্ধে চালানো হয়েছে অমানুষিক নির্যাতন, জেল-জুলুম। শেখ হাসিনার শাসনামলে হত্যা, গুম, খুন ও জেল-জুলুম ছিল প্রতিদিনের ঘটনা।

শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, এখানে উপস্থিত কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেননি। এত অন্যায় সত্ত্বেও ক্ষমতার দাপটে নিজের ইচ্ছামতো ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের সরকার। এখন আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছেন তিনি। পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না শেখ হাসিনা।

তিনি আরও বলেন, তার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে পাচার করা সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বড় বড় বাড়ি নির্মাণ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তিনি দেশকে সঠিক পথে পরিচালনা করছেন। এটি ফ্যাসিবাদীরা সহ্য করতে পারছে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের লৌহজং উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক।

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও আব্দুস সালাম মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম ও আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. জাহিদুর রহমান জামাল এবং লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন খান।

এ ছাড়া সমাবেশে মুন্সিগঞ্জ জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%