ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে কঠিন শাস্তি


খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে কঠিন শাস্তি

খুলনার কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মো. শেরজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: মডেল সিয়াম হত্যায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই বিকেল ৪টার দিকে বাদী ও তার প্রতিবেশী চাচি শাশুড়ি বাড়িতে না থাকায় ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এই সময় খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান রিয়াজুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশু দুটিকে ধর্ষণ করেন। ভয়ে শিশু দুটি বাড়ি ফিরে গিয়ে বিষয়টি তাদের মাকে জানায়।

এ ঘটনার ছয় দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শিশুদের মা নৌবাহিনী ও থানা পুলিশকে অবহিত করেন। পরে যৌথ অভিযানে আসামি রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রণয় মণ্ডল রিয়াজুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: চাঁদপুরে ব্যবসায়ীকে অপহরণ, ২০ লাখ টাকা চাঁদা দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক মন্দার মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল: পীযূষ গোয়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


বৈশ্বিক মন্দার মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল: পীযূষ গোয়েল

বিশ্বজুড়ে বিভিন্ন অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনীতির বিকাশের ধারা শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য রয়েছে, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের ওপর যে আস্থা রেখেছে, ভারত সেই আস্থার মর্যাদা রক্ষা করে চলেছে।

ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের অর্থনৈতিক সাফল্য, ধারাবাহিক সংস্কার, ক্রমবর্ধমান বাণিজ্যিক সুযোগ এবং দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ঋণবাজারের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রী জানান, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বিকাশের হার ৭.৮ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও এই বিকাশের ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মোট স্থায়ী মূলধন গঠন প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বছরের প্রথম সাত মাসেই ভারতের রপ্তানির পরিমাণ ৫৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাঁর মতে, ভারত ১ লক্ষ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথেই এগিয়ে চলেছে। চলতি বছরের মে মাসে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় তা অনেকের কাছে প্রায় অকল্পনীয় ও উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হয়েছিল। পাশাপাশি, ঋণ প্রদানের ক্ষেত্রে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধিও একটি ইতিবাচক ইঙ্গিত, বিশেষত ঋণবাজারের পরিপ্রেক্ষিতে।

গোয়েল বলেন, একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে দুটি যুদ্ধ চলা, আকস্মিকভাবে তেলের দাম বাড়া, শুল্কনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ নিয়ে অনিশ্চয়তা, সমুদ্রপথে পণ্য পরিবহণে বিঘ্ন এবং বিমান চলাচলের ওপর প্রভাব ফেলা বিক্ষিপ্ত হামলার মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যে ভারত তার স্থিতিশীলতা প্রমাণ করেছে। এত প্রতিকূলতা সত্ত্বেও ভারতের বিকাশের ওপর বিশ্বের আস্থা অটুট রয়েছে এবং ভারত সেই আস্থার যথাযথ মর্যাদা দিয়েছে।

তিনি বলেন, ভারত ক্রমাগত প্রশাসনিক ও বাণিজ্যিক প্রক্রিয়ার সংস্কার করে চলেছে, নতুন নীতি প্রণয়ন করছে, ব্যবসা করার প্রক্রিয়াকে আরো সহজ করছে এবং শিল্পোদ্যোগী ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রেখেছে। আগামী ২০ থেকে ২৫ বছরের কথা মাথায় রেখে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নকে প্রশাসনিক ও নীতিনির্ধারণী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করা হয়েছে। একই সঙ্গে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশু যেন উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জীবনে এগিয়ে যাওয়ার আরও বেশি সুযোগ পায়, তা নিশ্চিত করা।

মন্ত্রী জানান, ভারত একদিকে যেমন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে, অন্যদিকে জিএসটি ব্যবস্থাকে আরো সরল করে করের হার কমানোর উদ্যোগও নিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ চাহিদা ও ভোগব্যয় বৃদ্ধি পাচ্ছে।

তিনি উল্লেখ করেন, জিএসটি আদায়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে এবং অক্টোবর মাসে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে। অক্টোবরেই এক মাসে ৯০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করে ভারত রপ্তানির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে।

তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি এখনো কার্যকর হয়নি বলে তিনি জানান। এর মধ্যে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চলতি বছরের শেষের দিকে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী বছরের মার্চ বা এপ্রিল মাস নাগাদ তা কার্যকর হতে পারে। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও চূড়ান্ত হওয়ার কাছাকাছি। এই চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া ও রূপরেখা ইতিমধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে বলে তিনি জানান।

ঋণ মূলধনী বাজারের সমগ্র পরিসরের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসার জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সম্মেলনের 'ক্যাটালিস্টস, এপেক্স অ্যান্ড ক্রেডিট' শীর্ষক বিষয়বস্তু বর্তমান সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভারতের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বন্ড ও ঋণবাজারের মূল ভিত্তিই হলো পারস্পরিক আস্থা। কারণ, এই বাজারের কার্যকারিতা ঋণগ্রহীতাদের বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভরশীল।

গোয়েল বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আস্থাভিত্তিক অংশীদারিই অগ্রাধিকারমূলক, দ্বিপক্ষীয় ও মুক্ত বাণিজ্য চুক্তিগুলির মূল ভিত্তি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব, ৪ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি থেকে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে উত্তরণের বিপুল সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভারতের নির্ভরযোগ্য সম্পর্ক—এই তিনটি বিষয় দেশের বিকাশের মূল চালিকাশক্তি।

মন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দশকের জন্য ভারত এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে পছন্দের অংশীদার, বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এবং নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ভারতের ক্রমবর্ধমান উৎপাদন ও রপ্তানি সক্ষমতা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশের সংযুক্তি এবং দ্রুত সম্প্রসারিত পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন।

তার মতে, আগামী ৩০ বছরে ভারতে যত নতুন আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মিত হবে, তার সংখ্যা বর্তমানে দেশে থাকা এই ধরনের সমস্ত ভবনের মোট সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গোয়েল বলেন, তেলের দাম বৃদ্ধি অর্থনীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেললেও ভারতের দীর্ঘমেয়াদি বিকাশের ক্ষেত্রে এর প্রভাব বিচার করতে হবে দেশের পরিবর্তিত অর্থনৈতিক ভিত্তির পরিপ্রেক্ষিতে। তিনি উল্লেখ করেন, ২০ বছর আগের তুলনায় বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, প্রবাসী ভারতীয়দের পাঠানো অর্থ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বেশি।

ভারত বর্তমানে ৭০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করছে এবং চলতি বছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ১ লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করছেন তিনি। ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৪ লাখ কোটি মার্কিন ডলার। সেই নিরিখে ভারত বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (PPP) অনুযায়ী ভারতের জিডিপির পরিমাণ প্রায় ১৮ থেকে ১৯ লাখ কোটি মার্কিন ডলার। এর ফলে পণ্য ও পরিষেবার চাহিদা পূরণ করার পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে উৎপাদন করার ক্ষেত্রেও ভারতের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

মন্ত্রী বলেন, ভারতের বর্তমান অর্থনৈতিক পরিসর ও সক্ষমতার নিরিখে তেলের দামে কয়েক ডলারের ওঠানামা দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তিনি উল্লেখ করেন, বিশ্বের যে দেশগুলির জাতীয় ঋণের পরিমাণ তুলনামূলকভাবে সর্বনিম্ন, ভারত তাদের অন্যতম। দেশের মোট ঋণের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণও অনেক কম। এই বিষয়গুলি ভারতের বিকাশের ধারার স্থায়িত্ব ও আর্থিক সক্ষমতার প্রমাণ। কোভিড-১৯ মহামারির সময়েও ভারত বিশ্বের কাছে তার কোনো আর্থিক দায়বদ্ধতা পালনে কখনো ব্যর্থ হয়নি।

গোয়েল বলেন, ভারতে সুদের হার এখনো তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে রয়েছে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। বিদেশি বিনিয়োগকারীরা যখন বাজার থেকে অর্থ প্রত্যাহার করেছেন, তখনো দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং খুচরা বিনিয়োগকারীরা বাজারকে সমর্থন জুগিয়েছেন। বাজারে ওঠানামার সময়েও তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ভারতের বিকাশের ধারা নিরাপদ, শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতের অর্থনৈতিক রূপান্তর কোনও আকস্মিক ঘটনা বা সৌভাগ্যের ফল নয়; বরং গত ১২ বছরের ধারাবাহিক সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক উদ্যোগের ফল। সরকার সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, উন্নত সড়ক, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এবং ডিজিটাল সংযোগ।

'জল জীবন মিশন'-এর কথাও উল্লেখ করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, গত ১২ বছরে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসাকে তিনি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেন।

গোয়েল বলেন, পরিকাঠামোর উন্নয়ন, ক্রমবর্ধমান ভোগব্যয় ও অর্থনৈতিক বিকাশের পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন নতুন আন্তর্জাতিক বাজারের দরজা খুলে যাওয়ায় ভারতের উৎপাদক, কৃষিপণ্য রপ্তানিকারক, সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক এবং পরিষেবা প্রদানকারীদের সামনে নতুন সুযোগ তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক সংস্কার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে ভারত তার বিকাশের ধারা অব্যাহত রাখবে।

ভারতের রপ্তানিকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার এবং উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্রে পরিণত করতে দেশে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন এবং গুণমান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, দক্ষ ও প্রতিভাবান মানবসম্পদের একটি বৃহত্তর ভাণ্ডার গড়ে তুলতে হবে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারত প্রথম সারিতে জায়গা করে নিতে পারে।

ভারত এখন বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের বাজারে ভারতের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের পরিসর ক্রমশ বাড়ছে। ২০১৪ সাল পর্যন্ত ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি এমন দেশগুলিকে অন্তর্ভুক্ত করেছিল, যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ কোটি মার্কিন ডলার। সেই সময় বিশ্বের মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় ১১৫ লক্ষ কোটি মার্কিন ডলার। গত সাড়ে চার থেকে পাঁচ বছরে ৩৮টি উন্নত দেশের সঙ্গে মোট ৯টি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় ৬০ লক্ষ কোটি মার্কিন ডলার। আগের চুক্তিগুলির সঙ্গে এই চুক্তিগুলি যুক্ত হওয়ায় বর্তমানে বিশ্বের প্রায় ৭০ লক্ষ কোটি মার্কিন ডলার জিডিপির সমতুল্য অর্থনীতির বাজারে ভারত অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়েছে।

মন্ত্রী জানান, ভারত বর্তমানে আরও আট থেকে নয়টি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এর ফলে আরও ১৫ লক্ষ কোটি মার্কিন ডলারের বাজারে প্রবেশাধিকারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সেই ক্ষেত্রে বিশ্বের ১১৫ থেকে ১২০ লক্ষ কোটি মার্কিন ডলারের মোট জিডিপির মধ্যে প্রায় ৮৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির বাজারে ভারতের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকবে। তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ক্রমবর্ধমান অবস্থান এবং ভারতীয় ব্যবসায়ীদের সামনে উন্মুক্ত হয়ে যাওয়া বিপুল সম্ভাবনার প্রতিফলন ঘটছে।

সম্মেলনের মূল বিষয়বস্তু প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন, সরকার ও বেসরকারি ক্ষেত্র যৌথভাবে বিকাশের নতুন নতুন সম্ভাবনাকে বাস্তবায়িত করছে। একই সঙ্গে উভয় ক্ষেত্রেই মূলধনী ব্যয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হচ্ছে। ঋণ প্রদানের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ এবং নতুন করে বিনিয়োগের সুযোগ সৃষ্টিরই ইঙ্গিত বহন করছে।

তিনি বলেন, সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, ডেটা সেন্টার এবং মুম্বইয়ের বাইরে বধবনে নির্মীয়মাণ নতুন বন্দরের মতো বৃহৎ প্রকল্পগুলি সম্মিলিতভাবে দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ঋণের চাহিদা তৈরি করবে। ভারতের বিকাশে ঋণ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দুই থেকে তিন দশকে যে বিপুল, বৈচিত্র্যময় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থ জোগান ব্যবস্থাকেও আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে।

তিনি আরো বলেন, আগামী বছরগুলিতে বেসরকারি মূলধন অর্থের জোগানের একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে। পাশাপাশি, আন্তর্জাতিক বন্ড সূচকে ভারতের অন্তর্ভুক্তিও দেশের ঋণবাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধমন্ত্রীর আহ্বান: ভাসানীর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হোন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


মুক্তিযুদ্ধমন্ত্রীর আহ্বান: ভাসানীর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হোন

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী একইসঙ্গে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবার সচেতন থাকার পরামর্শ দেন।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ‘মওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম: সাংস্কৃতিক পরাধীনতা ও অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ও অর্থনীতি বারবার সংকটে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো গণতান্ত্রিক পথকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে দেশ ও বিদেশে।

আহমেদ আযম খান আরও মন্তব্য করেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ার উদ্যোগের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘক্ষণ কাজ করে মৃত্যু ডাকছেন না তো? সুস্থ থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


দীর্ঘক্ষণ কাজ করে মৃত্যু ডাকছেন না তো? সুস্থ থাকার পরামর্শ

আধুনিক জীবনে বিভিন্ন কারণে আমাদের দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়। এর সাথে দৈনন্দিন কাজের চাপও রয়েছে। এই বসে থাকার অভ্যাস এবং কাজের চাপ শরীর ও মনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে। যা আমরা স্বাভাবিকভাবে হয়তো বুঝে উঠতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি যৌথ জরিপে এই স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উঠে এসেছে।

জরিপের ফলাফল অনুযায়ী, সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে স্ট্রোক এবং হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। ১৯৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দীর্ঘ সময় কাজ করার কারণে হৃদরোগে ৪২ শতাংশ মৃত্যু বৃদ্ধি পেয়েছে এবং স্ট্রোকে মৃত্যু বেড়েছে ১৯ শতাংশ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় বসে থাকার ফলে পায়ে রক্ত জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জমাট রক্ত যদি মস্তিষ্ক বা হৃদযন্ত্রে পৌঁছায়, তাহলে স্ট্রোক বা প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। এছাড়া মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথা, চোখের সমস্যা এবং ডায়াবেটিসের আশঙ্কাও বৃদ্ধি পায়।

মনোবিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত কাজের চাপ কর্মীদের মধ্যে বিরক্তি, ক্লান্তি, উদ্বেগ এবং অবসাদ সৃষ্টি করে। অনেক সময় এই নেতিবাচক প্রভাব পারিবারিক সম্পর্কেও পড়তে পারে।

এ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু করণীয় রয়েছে। বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিট হাঁটার পরামর্শ দেন। তাদের মতে, মনিটরকে চোখের সমান্তরালে রাখা, কাজের মাঝে ছোট বিরতি নেওয়া, সবুজের দিকে তাকানো এবং ছুটিতে ঘুরতে যাওয়ার বিকল্প নেই। পাশাপাশি অফিসে প্রয়োজন অনুযায়ী ‘না’ বলা এবং বাড়িতে কাজের চাপ না নেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কর্মব্যস্ততার মাঝেও নিজের শরীর ও মনের যত্ন নিলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব। এজন্য নিজের যত্ন নিতে হবে নিজেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাঃ আজহার উদ্দিন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহেরের ইন্তেকালে স্পিকারের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ডাঃ আজহার উদ্দিন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহেরের ইন্তেকালে স্পিকারের শোক

ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের ২৭ নভেম্বর রাত ২ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর, মরহুমের জানাজা ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পর চরফ্যাশন জাহানপুর পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

অধ্যক্ষ আব্দুজ জাহের স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, জাতীয় সংসদের স্পীকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এছাড়াও গভর্নিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং ভোলা জেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%