বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ এম
কুইন্স পার্ক ওভাল তিন কিংবদন্তি ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইনকে বিশেষ সম্মান প্রদান করেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। পোর্ট অব স্পেনের ঐতিহাসিক এই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাদের নামে।
‘ত্রিনি পোসি স্ট্যান্ড’ নামে পরিচিত স্ট্যান্ডটির নতুন নামকরণ করা হয়েছে ‘ব্রাভো, পোলার্ড, নারাইন স্ট্যান্ড’। ত্রিনিদাদ ও টোবাগোর ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন নাম উন্মোচন করা হয়।
এই তিন ক্রিকেটারের টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে ডোয়াইন ব্রাভো নিজেকে বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ৫৮২টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৯৭০ রান, এবং তিনি নিয়েছেন ৬৩১ উইকেট।
অন্যদিকে, কাইরন পোলার্ড এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে সক্রিয় রয়েছেন। ৭৫১ ম্যাচে তার রান ১৪ হাজার ৯৩৩ এবং উইকেট ৩৪১টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল এই অলরাউন্ডার বিশ্বের বিভিন্ন লিগে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে খেলে আসছেন।
সুনিল নারাইনও গড়েছেন অনন্য কীর্তি। সম্প্রতি, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ৬১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই রহস্যময় স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ উইকেটশিকারিও।
চলমান সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছেন তিনজনই। পোলার্ড ও নারাইন দলটির হয়ে মাঠে খেলেছেন, আর ব্রাভো রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে।
কুইন্স পার্ক ওভালে ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটের আরও কয়েকজন কিংবদন্তির নামেও বিভিন্ন অংশের নামকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রায়ান লারা প্যাভিলিয়ন, ডেরিক মারে প্লেয়ার্স গ্যালারি, জেফরি স্টলমেয়ার স্ট্যান্ড ও লিয়ারি কনস্ট্যানটাইন স্ট্যান্ড।
ব্রাভোর সম্মানে সম্প্রতি আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল ও ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি তার ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে।
কুইন্স পার্ক ওভালে এবার একই স্ট্যান্ডে তিন তারকার নাম যুক্ত হওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ইতিহাসে তাদের অবদান আরও স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের নগরকান্দায় সংঘটিত একটি দুর্ঘটনায় জে আর পরিবহনের যাত্রীবাহী বাস এবং সারবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চালক ও হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস ভাঙ্গা থেকে ফরিদপুরগামী এসিআই সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়, যার ফলে বাসটির অর্ধেক অংশ পানিতে তলিয়ে যায়।
এই ঘটনায় বাসের যাত্রী, চালক ও হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে, সংঘর্ষের পর সারবোঝাই ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে যায়, যার ফলে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এবং চলাচল স্বাভাবিক করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তীতে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্তদের দিয়েই চলছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এতে দৈনন্দিন পাঠদান কার্যক্রম সচল থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্তত ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন—আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের এম.এম. মুজিবুর রহমান মুজিব, কামারগ্রাম কাঞ্চন একাডেমির মো. কাওছার প্রামাণিক, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের মো. তারিকুল ইসলাম, জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ আতিয়ার রহমান, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. দবিরউদ্দিন, বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের হাদী সাহেব আলী, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মো. ওহিদুজ্জামান খান, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের মো. খায়রুল আলম এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের শেখ ফাতেমা অনন্যা।
সংশ্লিষ্টদের মতে, ভারপ্রাপ্ত প্রধানরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে নিয়মিত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
এ ছাড়া একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ভারপ্রাপ্ত নেতৃত্ব চলতে থাকলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থায়ী উন্নয়ন কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভারপ্রাপ্তরা দায়িত্ব পালন করছেন বলেই শিক্ষা কার্যক্রম সচল রয়েছে। তবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। শূন্য পদগুলোতে দ্রুত নিয়মিত প্রধান নিয়োগ করা হলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে দ্রুত নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে প্রশাসনিক স্থবিরতা দূর করে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপি মহোদয়ের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
সন্দ্বীপের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সন্দ্বীপের সাধারণ মানুষের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিদর্শন কক্ষটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার এবং চোরাচালান নিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মীর মোহাম্মদ ইসমাইল, যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান ও সদস্য সচিব কামরুল হাসান।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক ফরহাদ, ছাত্রশক্তির নেতা শরীফ হাসান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ