ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লোকাল এলসির তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু, সাশ্রয় হবে ৬-৭ মিলিয়ন ডলার


লোকাল এলসির তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু, সাশ্রয় হবে ৬-৭ মিলিয়ন ডলার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির তথ্য আদান-প্রদানকে আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো লোকাল এলসি-সংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় ও তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে যে, এতে রপ্তানিমুখী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি সরাসরি উপকৃত হবে।

বার্তা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে খোলা লোকাল কিংবা ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কার্যকর হবে।

প্ল্যাটফর্মটিতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-ভিত্তিক যাচাইকরণ, টোকেন-ভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (এনএটি) ও ফায়ারওয়ালের সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হয়েছে। টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। একইসাথে, প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: অর্থমন্ত্রী: মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার

বার্তা প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধুমাত্র পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তথ্য পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগে থাকবে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে। ব্যাংকগুলোর ওপর লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য নির্ভর করতে হবে না। এতে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।

সব মিলিয়ে, এ ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।

প্রাথমিক পর্যায়ে, লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তা-এর পাশাপাশি সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তীতে বার্তা-এর কার্যক্রম পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

আরও পড়ুন: সরকারের ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


চকরিয়ায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে গেছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মাঝারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একটি মার্কেটের ১৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রেজা মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে, যার ফলে নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রেজা মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম চার্জে বসানো ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আগুনে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদির দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার এবং আনছারের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি সেলুন, দুটি ইলেকট্রনিক্স ও ডেকোরেটার্সের দোকান এবং একটি লন্ড্রি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান।

ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক জিয়াবুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ফার্মেসিতে থাকা নগদ ৫-৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান উৎস এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কল্পনাও করিনি।’

অন্য ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, ‘ভোররাতে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং অনিয়ম ও অর্থপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ব্যাংকিং অনিয়ম ও অর্থপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ব্যাংকিং খাতের অনিয়ম, অর্থপাচার ও আর্থিক জালিয়াতি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনে উল্লেখযোগ্য দুর্বলতা সৃষ্টি হয়েছে। অসাধু ব্যবসায়িক গোষ্ঠীর সহযোগিতায় বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও অনিয়মের চক্রে আটকে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আরও বলেন, আর্থিক খাতে সুশাসন, নিরীক্ষাব্যবস্থার স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি জানান, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। এতে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৩ টাকাই খেলাপি হয়ে পড়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এতে ব্যাংক খাতের ঋণ আদায় ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট বলেন, অর্থপাচার ও ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ জন্য দেশি-বিদেশি সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়াতে হবে।

সরকারি খাতে জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারি ব্যয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তার যথাযথ হিসাব রাখতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং আর্থিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থনীতির সুরক্ষা শুধু নিরীক্ষকদের দায়িত্ব নয় উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সব পেশাজীবীর জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম ও অর্থের অপব্যবহার ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আর্থিক প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অযাচিত চাপ ও প্রভাব উপেক্ষা করে হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো যাতে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে। কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ) শুক্রবার জানিয়েছে, এটি কানাডীয় নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ খাবার হিসেবে পাঠানো হচ্ছে।

তবে, মহাকাশযাত্রার জন্য উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসিভাষী প্রদেশ কুইবেকের এই জনপ্রিয় খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি হয়। কিন্তু মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্যসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে কানাডিয়ান স্পেস এজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।

ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জশ যখন তার প্রিয় পুটিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’

খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইিং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের পরিকল্পনা থাকা একটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ছাত্রলীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


সাতকানিয়ায় ছাত্রলীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন আরিফ উদ্দিন চৌধুরী। সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে সাতকানিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, "নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%