ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চকরিয়ায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে গেছে


চকরিয়ায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে গেছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মাঝারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একটি মার্কেটের ১৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রেজা মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে, যার ফলে নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রেজা মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম চার্জে বসানো ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আগুনে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদির দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার এবং আনছারের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি সেলুন, দুটি ইলেকট্রনিক্স ও ডেকোরেটার্সের দোকান এবং একটি লন্ড্রি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান।

আরও পড়ুন: কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর শ্রমিকেরা আনন্দ মিছিল করে কাজে ফিরলেন

ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক জিয়াবুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ফার্মেসিতে থাকা নগদ ৫-৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান উৎস এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কল্পনাও করিনি।’

অন্য ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, ‘ভোররাতে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: অসচ্ছল নারীদের জন্য মাসে ৩০ কেজি চাল, আবেদন ১ ডিসেম্বর থেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং অনিয়ম ও অর্থপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ব্যাংকিং অনিয়ম ও অর্থপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ব্যাংকিং খাতের অনিয়ম, অর্থপাচার ও আর্থিক জালিয়াতি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনে উল্লেখযোগ্য দুর্বলতা সৃষ্টি হয়েছে। অসাধু ব্যবসায়িক গোষ্ঠীর সহযোগিতায় বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও অনিয়মের চক্রে আটকে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আরও বলেন, আর্থিক খাতে সুশাসন, নিরীক্ষাব্যবস্থার স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি জানান, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। এতে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৩ টাকাই খেলাপি হয়ে পড়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এতে ব্যাংক খাতের ঋণ আদায় ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট বলেন, অর্থপাচার ও ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ জন্য দেশি-বিদেশি সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়াতে হবে।

সরকারি খাতে জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারি ব্যয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তার যথাযথ হিসাব রাখতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং আর্থিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থনীতির সুরক্ষা শুধু নিরীক্ষকদের দায়িত্ব নয় উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সব পেশাজীবীর জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম ও অর্থের অপব্যবহার ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আর্থিক প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অযাচিত চাপ ও প্রভাব উপেক্ষা করে হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো যাতে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে। কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ) শুক্রবার জানিয়েছে, এটি কানাডীয় নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ খাবার হিসেবে পাঠানো হচ্ছে।

তবে, মহাকাশযাত্রার জন্য উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসিভাষী প্রদেশ কুইবেকের এই জনপ্রিয় খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি হয়। কিন্তু মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্যসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে কানাডিয়ান স্পেস এজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।

ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জশ যখন তার প্রিয় পুটিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’

খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইিং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের পরিকল্পনা থাকা একটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ছাত্রলীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


সাতকানিয়ায় ছাত্রলীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন আরিফ উদ্দিন চৌধুরী। সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে সাতকানিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, "নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যাবর্তন না চাপ সৃষ্টির কৌশল: রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


প্রত্যাবর্তন না চাপ সৃষ্টির কৌশল: রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আলোচনা

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার সামনে আসছেÑক্ষমতাচ্যুত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরে আসবেন, নাকি এই ‘ফেরার’ আলোচনা আসলে ভিন্ন উদ্দেশ্য হাসিলের কৌশল? ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর তিনি ভারতে অবস্থান করছেন। ৫ আগস্ট দিল্লি থেকে ভিডিও লিংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। এ মাসে এএফপি ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবারও বলেন, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও ফিরবেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। তিনি উল্লেখ করেন, দেশে ফেরার ব্যাপারে ভারতের সহায়তা তিনি চাইবেন না, ফিরবেন স্বেচ্ছায়।

কিন্তু বাস্তবতার প্রশ্নটি রয়ে যায়। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুমান অনুযায়ী, ওই সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ঢাকা বারবার ভারতের কাছে তার প্রত্যর্পণ চেয়েছে, তবে দিল্লি বলেছে যে অনুরোধটি আইনি পর্যালোচনায় রয়েছে। দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চললেও, একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জোর করে ফেরত পাঠানো বা তিনি নিজে এসে নিরাপদে নামতে পারা, কোনোটিই সহজ নয়। দেশে ফিরে এলে গ্রেপ্তার অবধারিত, কারণ সরকার প্রকাশ্যে বলেছে যে তিনি ফিরলে দণ্ড কার্যকর হবে। হাসিনা নিজে স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে ৬০০টির বেশি মামলা রয়েছে। এই পরিস্থিতিতে সত্যিকার প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেকের কাছে ক্ষীণ মনে হচ্ছে।

ইতিহাসও এই ধারণাকে সমর্থন করে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের অধিকাংশই আর ক্ষমতায় ফেরেননি, বহু ক্ষেত্রে তারা দেশে ফিরে আসেননি। যেমন, ইরানের শাহ নির্বাসনেই মারা যান। তিউনিসিয়ার জাইন আল-আবিদিন বেন আলি সৌদি আরবে মারা যান। ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেন, আর সিরিয়ার বাশার আল-আসাদও দেশে ফিরতে পারেননি। তবে এর বিপরীত উদাহরণও আছে। শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপক্ষে ২০২২ সালে পালিয়ে কয়েক সপ্তাহ পর দেশে ফিরে আসেন, তবে ক্ষমতায় নয়। ফিলিপাইনে মার্কোস পরিবার প্রায় তিন দশক পর রাজনীতিতে ফিরে এসেছে। হাইতির দুভালিয়ে ২০১১ সালে ফেরেন, কিন্তু তাকে মামলার মুখে পড়তে হয়। বাংলাদেশে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হাসিনার দেশে ফেরায় বাধা দিয়েছিল, পরে সমঝোতায় তিনি ফিরেছিলেন। তবে সেই সময়ের পরিস্থিতি আজকের চেয়ে ভিন্ন ছিল। তখন তিনি কোনো আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন না, এবং গণঅভ্যুত্থানে নিহত শত শত মানুষের রক্তের দায়ও তার ওপর ছিল না।

তাহলে ফেরার ঘোষণার উদ্দেশ্য কী? অনেক পর্যবেক্ষকের মতে, বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে এর রাজনৈতিক প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ দলের মনোবল ধরে রাখা, দেশজুড়ে নেতাকর্মীদের সক্রিয় করা, সরকারের ওপর চাপ তৈরি করা এবং আন্তর্জাতিক মহলে একটি ‘বঞ্চিত নেত্রীর’ ছবি তুলে ধরা, এসব উদ্দেশ্যে এ ঘোষণা কাজ করছে বলে তাদের ধারণা। তবে প্রশ্ন হলো, এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে যে সহিংসতা বেড়েছে, তা কি কাকতালীয়?

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উদ্বেগজনক। গণমাধ্যমের খবর অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে রাজধানী ঢাকাসহ ফরিদপুর, সাভার, গাজীপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও আরো কয়েকটি জেলায় এক সপ্তাহজুড়ে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ চলেছে। বাসে পেট্রোলবোমা হামলা, প্রাণহানি, শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন, সবই অভিভাবক, যাত্রী ও পরিবহন মালিকদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। ঢাকা মহানগর পুলিশ অন্তত ১৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের অনেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশের দাবি। পুলিশের মহাপরিদর্শক সব জেলা ও মেট্রোপলিটন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে পলাতক নেতাদের ওপর নজরদারি, বোমার সরবরাহ শনাক্ত এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

গোপালগঞ্জ এই ছকের সবচেয়ে স্পষ্ট দৃষ্টান্ত। ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা কর্মসূচির সময় টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষ, সড়ক অবরোধ এবং জেলা শহরে একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ আটজনকে গ্রেপ্তার ও ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কয়েকটি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পরে নিষিদ্ধ সংগঠনের মিছিলে লাঠি ও দেশি অস্ত্র দেখা যাওয়ার খবর আসে। সরকার জেলার ডিসি ও এসপিকে বদলি করেছে এবং বিজিবির ছয় প্লাটুন মোতায়েন করেছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও রায়ের আগে একই ধরনের আতঙ্কের চেহারা দেখা গিয়েছিল। তখন ১২ নভেম্বর একদিনেই ৩২টি ক্রড বোমা বিস্ফোরণ এবং ডজনখানেক বাসে অগ্নিসংযোগ রেকর্ড হয়েছিল। এ বছর আগস্টে শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনাও ঘটেছে, যা নিয়ে আওয়ামী লীগ উল্টো সরকারি পক্ষকে দায়ী করেছে।

এসব ঘটনার পেছনে কে বা কারা আছে, তা চূড়ান্তভাবে প্রমাণ করা আদালত ও তদন্তের কাজ। সরকার ও পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনকে পরিকল্পিত নাশকতার জন্য দায়ী করছে। হাসিনা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার দল জড়িত নয়। তবে সরকারের পক্ষ থেকে যেসব তথ্য সামনে আসছে, বিশেষ করে গ্রেপ্তার, জব্দ হওয়া বোমা ও ঘটনার সময়সূচির মিল, তা উপেক্ষা করার মতো নয়। যে ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের ডাকা কর্মসূচিতে প্রকাশ্যে সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলা কীভাবে হয়, সেটিও সরকারের জবাবদিহির বিষয়।

এ কারণেই অনেকের দাবি, ফেরার প্রশ্নটি আসলে ফেরার জন্য নয়, দেশের ভেতরে অস্থিরতা তৈরির একটি মঞ্চ। যারা এই মত পোষণ করেন, তাদের যুক্তি হলো, সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, স্কুল-কলেজ, গণপরিবহন ও সরকারি স্থাপনায় হামলা চালিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নাগরিকদের জিম্মি করার কৌশল। তাদের মতে, বিচারপ্রক্রিয়া থেকে পালিয়ে থাকা কোনো নেত্রীর জন্য সহিংসতার ছায়ায় ফেরার পরিবেশ গড়তে চাওয়াও আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ।

সরকারের করণীয় কী? প্রথমত, সহিংসতার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি শুধু বক্তৃতায় নয়, কাজেও দেখাতে হবে। বোমা বানানো, সরবরাহ ও অর্থায়নের পুরো শৃঙ্খল ভেঙে দিতে হবে। দ্বিতীয়ত, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভেতরে যারা অবহেলা করছেন বা কোনো পক্ষকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। তৃতীয়ত, অভিযান যেন প্রতিহিংসামূলক বা বিচারবহির্ভূত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি। কোনো দল বা গোষ্ঠী, ক্ষমতাসীন হোক বা নিষিদ্ধ, কেউই আইনের ঊর্ধ্বে নয়। গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলার মতো ঘটনায় যেমন দ্রুত বিচার দরকার, তেমনি পাল্টা প্রতিশোধের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। চতুর্থত, ভারতের সঙ্গে প্রত্যর্পণ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যেতে হবে, তবে তা দেশের ভেতরের শান্তি রক্ষার প্রশ্নকে ছাপিয়ে যেন না যায়।

পাশাপাশি এই বিতর্কের অন্য দিকটিও ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ ও হাসিনার বক্তব্য হলো, তার বিচার ন্যায্য ছিল না এবং মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলটির দাবি, তাদের কর্মীরা সরকারি দমন-পীড়নের শিকার হচ্ছেন এবং সহিংসতার দায় তাদের ওপর চাপানো হচ্ছে। মৃত্যুদণ্ডের রায় অনুপস্থিতিতে হওয়ায় কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার অনেক মানুষের কাছে এটি শহীদ পরিবারগুলোর জন্য দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রতীক। কাজেই সরকারের উচিত আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা, যাতে কঠোরতা কখনো ন্যায্যতার সংকটে না পড়ে।

শেষ পর্যন্ত, হাসিনা ফিরবেন কি না, সেটি আইনি ও কূটনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করবে। তবে তার আগেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, শিক্ষার্থীদের স্কুল-কলেজ, যাত্রীদের বাস আর ব্যবসায়ীদের দোকান যেন কোনো রাজনৈতিক খেলার বলি না হয়, সেটি নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। যেকোনো পক্ষ থেকেই আসুক, সহিংসতার প্রতি অসহিষ্ণু থাকা এবং আইনের সমান প্রয়োগ, এই দুটি নীতিই শুধু একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে।

লেখক: অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা

[email protected]

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%