১২:৪০ পি.এম
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। সৌদি সামরিক জোট দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থানে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।
হুতি যোদ্ধারা প্রতিদিন সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এর জবাবে। এই হামলাগুলোতে দেশটির জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং রিয়াদের আর্থিক অঞ্চল লক্ষ্যবস্তু হয়েছে।
আরও পড়ুন: প্রথমবার লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন
আজ শনিবার (২৮ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, “হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চল লক্ষ্য করে এগিয়ে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটা প্রতিহত ও ধ্বংস করেছে।”
এর আগে, হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার খবর প্রকাশ করে হুতিদের সংবাদ সংস্থা সাবা। টেলিগ্রামে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, সানার আল-তাহরির জেলার বীর আবু শামলা আবাসিক এলাকায় সৌদি বাহিনীর হামলায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরার দাবি, ওই হামলায় ১৩ জন আহত হয়েছেন।
২৪ ঘণ্টায় ৭২৬টি হামলায় ১২১ হুতি কমান্ডার ও যোদ্ধা হত্যার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তারা জানায়, এসব সামরিক অভিযানে হুতিদের ১২১ জন কমান্ডার ও যোদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, “ডন অব ইয়েমেন” অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান, সমাবেশ, সামরিক রসদ সরবরাহকারী দল ও প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরব ও হুতিদের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা
বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানের মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট লঞ্চার থেকে হামলা। এতে হুতিদের ৮১টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস অথবা অকার্যকর হয়েছে বলেও দাবি করা হয়।
তাইজ প্রদেশে চতুর্থ সামরিক অঞ্চলের আওতায় সরকারি বাহিনী বিমান সহায়তা ও পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় হুতিদের হামলা প্রতিহত করে এবং পাল্টা অভিযান চালায়। সাবির ও আল-দাবাব ফ্রন্টের পাশাপাশি তাইজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলে হুতিদের অবস্থান, সমাবেশ ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মুখপাত্রের দাবি, মারিবের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় রণাঙ্গন, আল-জাওফ এবং তুর আল-বাহা ও আল-মাকাতিরাহ ফ্রন্টে হুতিরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মা’বিক ও আল-সাওয়ালহা এলাকায় তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আল-মাকাতিরাহ ও হাইফানে হুতি যোদ্ধাদের অবস্থানেও অভিযান চালিয়েছে সরকারি বাহিনী।
আরও পড়ুন: প্রত্যাবর্তন না চাপ সৃষ্টির কৌশল: রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন