প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির তথ্য আদান-প্রদানকে আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো লোকাল এলসি-সংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় ও তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে যে, এতে রপ্তানিমুখী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি সরাসরি উপকৃত হবে।
বার্তা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে খোলা লোকাল কিংবা ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কার্যকর হবে।
প্ল্যাটফর্মটিতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-ভিত্তিক যাচাইকরণ, টোকেন-ভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (এনএটি) ও ফায়ারওয়ালের সমন্বয়ে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হয়েছে। টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। একইসাথে, প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।
বার্তা প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধুমাত্র পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তথ্য পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগে থাকবে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে। ব্যাংকগুলোর ওপর লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য নির্ভর করতে হবে না। এতে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
সব মিলিয়ে, এ ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।
প্রাথমিক পর্যায়ে, লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তা-এর পাশাপাশি সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তীতে বার্তা-এর কার্যক্রম পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন